ব্রেকিং নিউজ
  • ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
advert

নিউইয়র্কে সিএসিএফের ৪০তম বর্ষপূর্তিতে প্রায় ৫ লাখ ডলার সংগ্রহ

বাংলা পত্রিকা ডেস্ক:
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০৫:১১
...
নিউইয়র্কে সিএসিএফের ৪০তম বর্ষপূর্তিতে উপস্থিত অতিথি ও কর্মকর্তাবৃন্দ

নিউইয়র্কে প্রতিষ্ঠার ৪০তম বর্ষপূর্তির গালা আয়োজন থেকে প্রায় ৫ লাখ ডলার সংগ্রহ করেছে কোয়ালিশন ফর এশিয়ান আমেরিকান চিলড্রেন অ্যান্ড ফ্যামিলিজ (সিএসিএফ)। সংগঠনটির হিসাবে, চার দশকের ইতিহাসে এক দিনে এটিই তাদের সর্বোচ্চ তহবিল সংগ্রহ। নিউইয়র্ক স্টেটজুড়ে এশীয় আমেরিকান ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের জনগোষ্ঠীর শিশু ও পরিবারের জন্য ন্যায্যতা এবং সুযোগ নিশ্চিত করার কাজে এই অর্থ ব্যয় করা হবে।
শুক্রবার ম্যানহাটনের ট্রাইবেকা ৩৬০-এ সংগঠনটির বার্ষিক ‘ক্যাটালিস্ট ফর চেঞ্জ অ্যাওয়ার্ডস গালা’ অনুষ্ঠিত হয়। এতে তিন শতাধিক অধিকারকর্মী, নাগরিক নেতা ও সমর্থক অংশ নেন। সিএসিএফের ১৮ নভেম্বর প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ধ্যার আয়োজন থেকে মোট ৪ লাখ ৯৩ হাজার ৪১০ ডলার সংগ্রহ করা হয়েছে।
এবার ক্যাটালিস্ট ফর চেঞ্জ সম্মাননা পেয়েছেন টেলিভিশন ও ব্রডওয়ের পরিচালক অ্যালান মুরাওকা এবং ড্যাগনি ডোভারের সহপ্রতিষ্ঠাতা দীপা গান্ধী। পাশাপাশি সংগঠনটিতে ১০ বছরের বেশি সময় সেবা দেওয়া আটজন বর্তমান ও সাবেক বোর্ড সদস্যকে ‘সিএসিএফ লেজেন্ডস’ হিসেবে সম্মানিত করা হয়।
অনুষ্ঠানে সিএসিএফের চার দশকের কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ সহনির্বাহী পরিচালক অনিতা গুন্ডান্না ও ভ্যানেসা লিউংয়ের হাতে সম্মাননাপত্র তুলে দেন নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য গ্রেস লি। উপস্থিত ছিলেন স্টেট সিনেটর জন লিউ, অ্যাসেম্বলি সদস্য স্টিভেন রাগা, নবনির্বাচিত অ্যাসেম্বলি সদস্য জয়েস শিয়াওচিয়ং শিয়ে এবং সিটি কাউন্সিল সদস্য লিন্ডা লি ও সুসান ঝুয়াং। গভর্নর ক্যাথি হোকুল, স্টেট অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস এবং সিটির পাবলিক অ্যাডভোকেট জুমানে উইলিয়ামসের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।
অনিতা গুন্ডান্না ও ভ্যানেসা লিউং বলেন, একসঙ্গে দাঁড়ালে কমিউনিটি আরও শক্তিশালী হয়, এই বিশ্বাস থেকেই সিএসিএফের যাত্রা শুরু। চার দশকে শত শত সংগঠন, তরুণ, অভিভাবক ও সহযোগীকে ঐক্যবদ্ধ করে নিউইয়র্কের কমিউনিটিভিত্তিক সংগঠনগুলোর জন্য গুরুত্বপূর্ণ অর্থায়ন ও সহায়তা অর্জনে কাজ করেছে জোটটি।
সম্মাননা গ্রহণের বক্তব্যে দীপা গান্ধী বলেন, এশীয় আমেরিকানদের অবস্থানে পরিবর্তন এলেও কমিউনিটির অনেকে এখনো প্রান্তিক অবস্থায় রয়েছেন এবং তাঁদের কথা যথাযথভাবে শোনা হচ্ছে না। প্রতিটি শিশু ও পরিবারের জন্য ন্যায্যতা এবং সমতা নিশ্চিত করতে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
অ্যালান মুরাওকা তাঁর বক্তব্যে সহমর্মিতা, সাহস, অধ্যবসায় ও শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাঁর পরিবারকে জাপানি আমেরিকানদের আটক শিবিরে রাখার অভিজ্ঞতা উল্লেখ করে তিনি সততা ও ন্যায্যতার পক্ষে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পিক্স১১ মর্নিং নিউজের উপস্থাপক হ্যাজেল সানচেজ। গণমাধ্যম সহযোগী ছিল পিক্স১১। নিলাম পরিচালনা করেন পল ফ্লোরেজ-টেইলর।

সূত্র: কোয়ালিশন ফর এশিয়ান আমেরিকান চিলড্রেন অ্যান্ড ফ্যামিলিজের (সিএসিএফ) সংবাদ বিজ্ঞপ্তি, ১৮ নভেম্বর ২০২৬।

সর্বশেষ

advert

সর্বশেষ