ব্রেকিং নিউজ
  • ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
advert

বিশ্বজুড়ে ১৭৮টি ওয়েবসাইটে সাইবার হামলা: ক্রেডিট কার্ড, ক্রিপ্টোকারেন্সি ও আইফোন ব্যবহারকারীদের সতর্কতা

বাংলা পত্রিকা রিপোর্ট:
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১১
...
ছবি: প্রতীকী ও সংগৃহীত
বিশ্বজুড়ে ১৭৮টি বড় প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সাইবার হামলার মাধ্যমে ক্ষতিকর সফটওয়্যার ছড়িয়ে দেওয়ার ঘটনা শনাক্ত করেছেন সাইবার নিরাপত্তা গবেষকরা। আক্রান্ত প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে সিএনএন, বিবিসি, ফক্স নিউজ, জুম, সেলসফোর্স, আইকিয়া, এইচএসবিসি, ইকুইফ্যাক্স, আমেরিকান ঈগল, এয়ার ফ্রান্স-কেএলএমসহ বিশ্বের পরিচিত বহু প্রতিষ্ঠান। সোমবার (১৬ নভেম্বর) এসব প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রবেশ করা ব্যবহারকারীদের ক্রেডিট কার্ডের তথ্য, ক্রিপ্টোকারেন্সি এবং ব্যক্তিগত তথ্য চুরির ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের লক্ষ্য করেও ক্ষতিকর কোড ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। তবে আক্রান্ত ওয়েবসাইটগুলো ব্যবহার করা প্রত্যেকের তথ্য চুরি হয়েছে কিংবা ডিভাইস হ্যাক হয়েছে, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। মঙ্গলবার (১৭ নভেম্বর) সংশ্লিষ্ট প্রযুক্তি প্রতিষ্ঠান নিরাপত্তা ত্রুটি সংশোধন এবং ক্ষতিকর কোড সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে।
মঙ্গলবার নিউজউইক, রয়টার্স ও সাইবার নিরাপত্তাবিষয়ক সংবাদমাধ্যম ব্লিপিং কম্পিউটারের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়েবসাইটের কার্যকারিতা পরীক্ষা ও উন্নয়নে ব্যবহৃত প্রযুক্তি প্রতিষ্ঠান অপটিমাইজলির (Optimizely) একটি প্ল্যাটফর্মের নিরাপত্তা দুর্বলতাকে কাজে লাগিয়ে এই হামলা চালানো হয়। এর ফলে বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ব্যবহৃত বিশ্বস্ত সফটওয়্যারের মাধ্যমে ক্ষতিকর জাভাস্ক্রিপ্ট কোড ব্যবহারকারীদের ব্রাউজারে পৌঁছে যায়।
সাইবার নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান রিপোর্ট ইউআরআইর প্রতিষ্ঠাতা স্কট হেলমে সোমবার এক গবেষণা প্রতিবেদনে জানান, তাঁদের দল অপটিমাইজলির ১ হাজার ৬১১টি জাভাস্ক্রিপ্ট ফাইল পরীক্ষা করে ১৮৮টিতে ক্ষতিকর কোড শনাক্ত করেছে। এসব ফাইল ১৭৮টি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ব্যবহৃত হচ্ছিল।
গবেষকদের মতে, হামলাকারীরা সরাসরি প্রতিটি প্রতিষ্ঠানের নিজস্ব সার্ভার হ্যাক না করেও তৃতীয় পক্ষের একটি প্রযুক্তি প্ল্যাটফর্মের মাধ্যমে বিপুলসংখ্যক ওয়েবসাইটে ক্ষতিকর কোড ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে। সাইবার নিরাপত্তার ভাষায় এ ধরনের ঘটনাকে সফটওয়্যার সাপ্লাই চেইন অ্যাটাক বলা হয়।
অপটিমাইজলি বিভিন্ন প্রতিষ্ঠানকে তাদের ওয়েবসাইটের ডিজাইন, কনটেন্ট এবং ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করার প্রযুক্তি সরবরাহ করে। এই সেবার অংশ হিসেবে ওয়েবসাইটগুলো অপটিমাইজলির সার্ভার থেকে নির্দিষ্ট জাভাস্ক্রিপ্ট ফাইল ব্যবহার করে। হামলাকারীরা সেই ব্যবস্থার একটি দুর্বলতাকে কাজে লাগিয়ে কয়েকটি গ্রাহক প্রতিষ্ঠানের প্রজেক্টে নিজেদের ক্ষতিকর কোড যুক্ত করে।
রিপোর্ট ইউআরআই জানিয়েছে, ক্ষতিকর কোডটি অপটিমাইজলির অনুমোদিত সার্ভার থেকেই সরবরাহ করা হচ্ছিল। ফলে অনেক ওয়েবসাইট সেটিকে স্বাভাবিক ও বিশ্বস্ত সফটওয়্যার হিসেবে গ্রহণ করে।
গবেষকদের বিশ্লেষণে দেখা গেছে, ক্ষতিকর সফটওয়্যারটি বিভিন্নভাবে ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ ও অর্থ চুরির চেষ্টা করছিল। ক্রিপ্টোকারেন্সি লেনদেনের সময় ব্যবহারকারী যে ওয়ালেট অ্যাড্রেসে অর্থ পাঠাতে চাইছিলেন, সেটি পরিবর্তন করে হামলাকারীর ওয়ালেট অ্যাড্রেস বসিয়ে দেওয়ার ব্যবস্থা ছিল কোডটিতে। ফলে ব্যবহারকারীর অজান্তে অর্থ অন্য অ্যাকাউন্টে চলে যাওয়ার ঝুঁকি ছিল।
এ ছাড়া ওয়েবসাইটে প্রবেশ করানো ক্রেডিট কার্ড নম্বর, মেয়াদ শেষ হওয়ার তারিখ এবং সিকিউরিটি কোড সংগ্রহের চেষ্টা করছিল ক্ষতিকর সফটওয়্যারটি। ব্রাউজারের কুকি এবং স্ক্রিনশট সংগ্রহ করার সক্ষমতাও পাওয়া গেছে।
বিশেষ উদ্বেগ তৈরি হয়েছে আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের নিরাপত্তা নিয়ে। গবেষকদের মতে, ক্ষতিকর কোডের মধ্যে ‘করুনা’ এবং ‘ডার্কসোর্ড’ নামে দুটি এক্সপ্লয়েট কিট ব্যবহারের ব্যবস্থা ছিল। এগুলোর উদ্দেশ্য ছিল অ্যাপলের আইওএস অপারেটিং সিস্টেমের নির্দিষ্ট নিরাপত্তা দুর্বলতা কাজে লাগিয়ে ডিভাইসে অননুমোদিত প্রবেশের চেষ্টা করা।
তবে রয়টার্সকে অ্যাপল জানিয়েছে, হামলায় লক্ষ্য করা সংশ্লিষ্ট নিরাপত্তা দুর্বলতাগুলো গত বছরই সংশোধন করা হয়েছে। ফলে যেসব ব্যবহারকারীর আইফোন ও আইপ্যাডে সর্বশেষ সফটওয়্যার আপডেট রয়েছে, তাঁরা এসব নির্দিষ্ট দুর্বলতার মাধ্যমে আক্রমণ থেকে সুরক্ষিত থাকার কথা।
রিপোর্ট ইউআরআইর গবেষণায় হামলাকারীদের ব্যবহৃত ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটে অর্থ পৌঁছানোর প্রমাণ পাওয়া গেছে। তবে মোট কত অর্থ এই নির্দিষ্ট হামলায় চুরি হয়েছে, তা নিশ্চিত করা যায়নি। কারণ শনাক্ত করা কয়েকটি ওয়ালেট হামলার আগে থেকেই সক্রিয় ছিল।
মঙ্গলবার অপটিমাইজলি এক বিবৃতিতে স্বীকার করেছে, অননুমোদিত একটি পক্ষ তাদের এক্সপেরিমেন্টেশন প্ল্যাটফর্মের নিরাপত্তা দুর্বলতা কাজে লাগিয়ে কিছু গ্রাহক প্রতিষ্ঠানের প্রজেক্টে ক্ষতিকর জাভাস্ক্রিপ্ট যুক্ত করেছিল।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, সংশ্লিষ্ট নিরাপত্তা ত্রুটি সংশোধন করা হয়েছে। আক্রান্ত প্রজেক্টগুলো থেকে ক্ষতিকর কোড সরিয়ে ফেলা হয়েছে এবং প্রভাবিত ব্যবহারকারীদের অ্যাকাউন্ট সুরক্ষিত করতে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অননুমোদিত কোড সরবরাহ ঠেকাতেও নতুন নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করা হয়েছে।
অন্যদিকে সেলসফোর্স জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলোতে অপটিমাইজলির স্ক্রিপ্ট ব্যবহার বন্ধ করা হয়েছে। প্রতিষ্ঠানটি সম্ভাব্য তথ্য চুরির বিষয়েও তদন্ত করছে।
ইকুইফ্যাক্স জানিয়েছে, বিষয়টি জানার পরপরই তারা তদন্ত শুরু করে এবং অপটিমাইজলির ব্যবহার বন্ধ করে। তবে তাদের নিজস্ব সিস্টেমে অননুমোদিত প্রবেশ কিংবা তথ্য ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
জুম কর্তৃপক্ষও জানিয়েছে, সতর্কতামূলকভাবে অপটিমাইজলির সেবা বন্ধ করা হয়েছে। এখন পর্যন্ত গ্রাহকদের তথ্য ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এইচএসবিসি জানিয়েছে, তাদের ওয়েবসাইটে অননুমোদিত স্ক্রিপ্ট সক্রিয় ছিল না।
এদিকে নিরাপত্তা গবেষকরা জানিয়েছেন, ১৬ নভেম্বর আক্রান্ত ওয়েবসাইটগুলো ব্যবহার করা ব্যক্তিদের বিশেষভাবে সতর্ক থাকা উচিত। বিশেষ করে ওই দিন যাঁরা ক্রেডিট কার্ডের তথ্য দিয়েছেন কিংবা ক্রিপ্টোকারেন্সি স্থানান্তর করেছেন, তাঁদের লেনদেন যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
ক্রিপ্টোকারেন্সি ব্যবহারকারীদের পাঠানো অর্থের গন্তব্য ওয়ালেট অ্যাড্রেস মিলিয়ে দেখতে বলা হয়েছে। ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করতে হবে। কোনো অস্বাভাবিক লেনদেন পাওয়া গেলে দ্রুত সংশ্লিষ্ট ব্যাংক বা কার্ড প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে হবে।
পাশাপাশি যেসব ব্যবহারকারী আক্রান্ত ওয়েবসাইটে লগইন করেছিলেন, তাঁদের অ্যাকাউন্টে অস্বাভাবিক কার্যক্রম রয়েছে কি না, তা খতিয়ে দেখার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজন হলে পাসওয়ার্ড পরিবর্তন, সব সক্রিয় সেশন থেকে লগআউট এবং টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করার কথাও বলেছেন বিশেষজ্ঞরা।
আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের ডিভাইসের সর্বশেষ সফটওয়্যার আপডেট ইনস্টল করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে শুধু আক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করার কারণে ব্যবহারকারীর ফোন হ্যাক হয়েছে বা ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে, এমনটি ধরে নেওয়ার প্রয়োজন নেই।
এই হামলার প্রকৃত পরিসর এখনো পুরোপুরি জানা যায়নি। কতজন ব্যবহারকারী ক্ষতিকর কোডের সংস্পর্শে এসেছেন এবং কতজনের তথ্য বাস্তবে চুরি হয়েছে, সে বিষয়ে পূর্ণাঙ্গ পরিসংখ্যান পাওয়া যায়নি।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে মাইক্রোসফট, এফএএর বিমান যোগাযোগব্যবস্থা, বড় ব্যাংক ও অ্যাপলের সেবায় পৃথক প্রযুক্তিগত বিপর্যয় ঘটেছে। তবে অপটিমাইজলির এই সাইবার হামলার সঙ্গে ওই ঘটনাগুলোর কোনো সম্পর্কের প্রমাণ পাওয়া যায়নি।
সূত্র: নিউজউইক ও টেন টেন উইনস

সর্বশেষ

advert

সর্বশেষ