ব্রেকিং নিউজ
  • ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
advert

ডেডলাইন ২০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর

নিউইয়র্ক সিটির পাঁচ ভবনে অ্যাফোর্ডেবল অ্যাপার্টমেন্টের হাউজিং লটারি

বাংলা পত্রিকা রিপোর্ট:
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০৫:১১
...
Picture : Longwood, Bronx
নিউইয়র্ক সিটির ব্রুকলিন, ব্রঙ্কস ও কুইন্সের পাঁচটি আবাসিক ভবনে অ্যাফোর্ডেবল অ্যাপার্টমেন্টের হাউজিং লটারিতে আবেদন চলছে। এসব ভবনে স্টুডিও থেকে শুরু করে এক, দুই ও তিন বেডরুমের অ্যাপার্টমেন্ট রয়েছে। সিটি ডিপার্টমেন্ট অব হাউজিং প্রিজারভেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (এইচপিডি) নভেম্বর মাসের ‘দ্য অ্যাফোর্ডেবল স্কুপ’ তালিকা অনুযায়ী, ব্রুকলিনের উইলিয়ামসবার্গে কিংসল্যান্ড কমন্স ভবনে মাসিক রেন্ট ৮৪৬ ডলার থেকে শুরু এবং আবেদনকারীদের পরিবারের বার্ষিক ইনকাম হতে হবে ২৯ হাজার ৪১৮ থেকে ১ লাখ ৬৮ হাজার ৩২০ ডলারের মধ্যে। অন্য চারটি ভবনে রেন্ট শুরু ১ হাজার ৪৯৪ থেকে ১ হাজার ৮১২ ডলার। আয় ও পরিবারের সদস্যসংখ্যা অনুযায়ী নির্ধারিত যোগ্যতা পূরণকারী নিউইয়র্কবাসীরা এনওয়াইসি হাউজিং কানেক্ট পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন।
এইচপিডির প্রকাশিত তালিকায় সবচেয়ে বেশি অ্যাপার্টমেন্টের সুযোগ রয়েছে ব্রুকলিনের উইলিয়ামসবার্গের ৮৯ মাসপেথ অ্যাভিনিউয়ে অবস্থিত কিংসল্যান্ড কমন্স বিল্ডিং ২-এ। নবনির্মিত ভবনটিতে ২১৭টি অ্যাফোর্ডেবল অ্যাপার্টমেন্টের হাউজিং লটারি চলছে। স্টুডিও, এক, দুই ও তিন বেডরুমের ইউনিটে আবেদন করা যাবে। এইচপিডির মাসিক তালিকায় রেন্ট শুরু ৮৪৬ ডলার উল্লেখ করা হয়েছে। আবেদনকারীদের পরিবারের বার্ষিক ইনকাম হতে হবে ২৯ হাজার ৪১৮ থেকে ১ লাখ ৬৮ হাজার ৩২০ ডলারের মধ্যে। আবেদনের শেষ দিন ২৫ নভেম্বর।
ভবনটিতে রয়েছে বাইক স্টোরেজ, কমিউনিটি রুম, টেন্যান্ট লাউঞ্জ, ফিটনেস রুম, শিশুদের খেলার জায়গা এবং ২৪ ঘণ্টার সিকিউরিটি ব্যবস্থা। অ্যাপার্টমেন্টের ভেতরে ডিশওয়াশার ও মাইক্রোওয়েভের সুবিধা রয়েছে। প্রতিটি ইউনিট ও কমন এরিয়ায় বিনামূল্যে ব্রডব্যান্ড ওয়াইফাইয়ের ব্যবস্থা রাখা হয়েছে। রয়েছে কার্ডের মাধ্যমে পরিচালিত শেয়ারড লন্ড্রি রুম। বাসিন্দাদের ইলেকট্রিসিটির বিল দিতে হবে। তবে হিটিং, কুলিং ও হট ওয়াটারের খরচ রেন্টের অন্তর্ভুক্ত। কাছাকাছি রয়েছে এল ও জি সাবওয়ে লাইনের যোগাযোগব্যবস্থা।
ব্রঙ্কসের অলিনভিল এলাকায় ৩৭৪৩ হোয়াইট প্লেইনস রোডে নবনির্মিত নয়তলা ভবনে ১৮টি অ্যাফোর্ডেবল অ্যাপার্টমেন্টের আবেদন চলছে। এখানে স্টুডিও, এক ও দুই বেডরুমের ইউনিট রয়েছে। মাসিক রেন্ট শুরু ১ হাজার ৮১২ ডলার। পরিবারের বার্ষিক ইনকাম হতে হবে ৬৭ হাজার ৮৮৬ থেকে ১ লাখ ৪৬ হাজার ৫৬০ ডলারের মধ্যে। এই ভবনে আবেদন করার শেষ দিন শুক্রবার, ২০ নভেম্বর।
ভবনটির অ্যামেনিটিজের মধ্যে রয়েছে বাইক রুম ও কার্ডের মাধ্যমে পরিচালিত লন্ড্রি রুম। বাসিন্দাদের অ্যাপার্টমেন্টের ইলেকট্রিসিটি, ইলেকট্রিক স্টোভ ও হিটিংয়ের খরচ বহন করতে হবে। তবে হট ওয়াটারের জন্য ব্যবহৃত গ্যাসের খরচ মাসিক রেন্টের অন্তর্ভুক্ত।
ব্রঙ্কসের লংউড এলাকার ১৩০৩ হো অ্যাভিনিউতেও অ্যাফোর্ডেবল অ্যাপার্টমেন্টের হাউজিং লটারি চলছে। এখানে স্টুডিও, এক ও দুই বেডরুমের ইউনিট রয়েছে। মাসিক রেন্ট শুরু ১ হাজার ৪৯৪ ডলার। আবেদনকারীদের পরিবারের বার্ষিক ইনকাম হতে হবে ৫৯ হাজার ২৮০ থেকে ১ লাখ ৩৫ হাজার ৭০০ ডলারের মধ্যে। আবেদনের ডেডলাইন ২৭ নভেম্বর।
এই ভবনের অ্যাপার্টমেন্টগুলোতে এয়ার কন্ডিশনিং, স্প্লিট ইউনিট হিটিং ও কুলিং, আধুনিক কিচেন অ্যাপ্লায়েন্স, হার্ডউড ফ্লোর এবং ইউএসবি চার্জিং আউটলেট রয়েছে। ভবনে এলিভেটর, ইন্টারকম এবং রুফটপ টেরেসের সুবিধাও রয়েছে। কাছাকাছি দুই, চার, পাঁচ, ছয়, বি ও ডি সাবওয়ে লাইনের যোগাযোগ সুবিধা পাওয়া যায়।
কুইন্সের ফার রকওয়েতে ২-১০ বিচ ২৮তম স্ট্রিট অ্যাপার্টমেন্টসেও হাউজিং লটারিতে আবেদন গ্রহণ করা হচ্ছে। নবনির্মিত এই আবাসিক ভবনে স্টুডিও, এক ও দুই বেডরুমের অ্যাপার্টমেন্ট রয়েছে। মাসিক রেন্ট শুরু ১ হাজার ৮১২ ডলার। পরিবারের বার্ষিক ইনকাম হতে হবে ৬৭ হাজার ৮৮৬ থেকে ১ লাখ ৪৬ হাজার ৫৬০ ডলারের মধ্যে। আবেদন করার শেষ দিন ২৭ নভেম্বর।
ফার রকওয়ের এই ভবনে রয়েছে প্রাইভেট প্যাটিও অথবা ব্যালকনি, এলিভেটর, গ্রিন স্পেস, রিক্রিয়েশন রুম, পার্টি রুম, আউটডোর টেরেস ও ব্যাকইয়ার্ডের সুবিধা। নির্দিষ্ট শর্তে প্রতি পরিবারে সর্বোচ্চ ৩০ পাউন্ড ওজনের একটি পোষা প্রাণী রাখার অনুমতি রয়েছে। তবে কিছু প্রজাতির ক্ষেত্রে বিধিনিষেধ প্রযোজ্য। বাসিন্দাদের ইলেকট্রিসিটি, ইলেকট্রিক স্টোভ ও হিটিংয়ের খরচ দিতে হবে। হট ওয়াটার মাসিক রেন্টের অন্তর্ভুক্ত।
এ ছাড়া ব্রঙ্কসের পেলহাম পার্কওয়ে এলাকায় ২১৮৪ মুলিনার অ্যাভিনিউয়ে অবস্থিত ছয়তলা আবাসিক ভবনেও অ্যাফোর্ডেবল অ্যাপার্টমেন্টের হাউজিং লটারি চলছে। এখানে এক ও দুই বেডরুমের ইউনিট রয়েছে। মাসিক রেন্ট শুরু ১ হাজার ৫৪৮ ডলার। আবেদনকারীদের পরিবারের বার্ষিক ইনকাম হতে হবে ৬২ হাজার ৬৭৫ থেকে ১ লাখ ৯ হাজার ৯২০ ডলারের মধ্যে। আবেদনের শেষ দিন ২ ডিসেম্বর।
এই ভবনের বাসিন্দাদের ইলেকট্রিসিটি, ইলেকট্রিক স্টোভ, হিটিং ও হট ওয়াটারের খরচ নিজস্বভাবে বহন করতে হবে। সার্ভিস অ্যানিম্যাল ছাড়া অন্য পোষা প্রাণী রাখার অনুমতি নেই। ভবনের কাছাকাছি দুই ও পাঁচ নম্বর সাবওয়ে লাইনের যোগাযোগব্যবস্থা রয়েছে।
এইচপিডি জানিয়েছে, নিউইয়র্ক সিটিতে বাজারদরের অ্যাপার্টমেন্টের রেন্ট বেড়ে যাওয়ায় অনেক পরিবারকে আবাসন ব্যয় সামলাতে সমস্যায় পড়তে হচ্ছে। এমন পরিস্থিতিতে বিভিন্ন বরোতে আবেদন চলমান থাকা অ্যাফোর্ডেবল অ্যাপার্টমেন্টের তথ্য সহজে জানাতে প্রতি মাসে ‘দ্য অ্যাফোর্ডেবল স্কুপ’ প্রকাশ করা হচ্ছে। এতে ভবনের ঠিকানা, রেন্ট, পরিবারের ইনকাম সীমা, ইউনিটের ধরন এবং আবেদনের ডেডলাইন তুলে ধরা হয়।
আবেদনকারীরা housingconnect.nyc.gov ওয়েবসাইটে গিয়ে বিনামূল্যে অ্যাকাউন্ট তৈরি করে পছন্দের ভবনের জন্য আবেদন করতে পারবেন। প্রতিটি ভবনের ইউনিটভিত্তিক রেন্ট, পরিবারের সদস্যসংখ্যা, ইনকাম সীমা এবং অন্যান্য যোগ্যতার শর্ত আলাদাভাবে যাচাই করতে হবে। নির্ধারিত ডেডলাইনের মধ্যে আবেদন জমা দিতে হবে।
হাউজিং লটারিতে আবেদন করলেই অ্যাপার্টমেন্ট পাওয়া নিশ্চিত নয়। আবেদনকারীদের মধ্যে লটারির মাধ্যমে নির্বাচন এবং পরবর্তী পর্যায়ে প্রয়োজনীয় কাগজপত্র ও যোগ্যতা যাচাই করা হয়।

সর্বশেষ

advert

সর্বশেষ