নিউইয়র্ক ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার | ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
উদ্ধারে তল্লাশি অভিযান
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে একজন নিহত; আহত অন্তত ৫ জন
বাংলা পত্রিকা ডেস্ক: প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ০৪:১১
নিউইয়র্ক সিটির ব্রুকলিনে একটি তিনতলা ভবন আংশিক ধসে অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন নিহত হয়েছেন । বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টার পর ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়েছেন কি না, তা নিশ্চিত হতে উদ্ধার অভিযান চালাচ্ছে নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্ট (এফডিএনওয়াই)। এবিসি৭ নিউইয়র্কের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্ল্যাটবুশ অ্যাভিনিউয়ের ১৩২১ নম্বর ঠিকানার তিনতলা ভবনটি পাশের ২৬২৫ বেডফোর্ড অ্যাভিনিউয়ের একটি খোলা নির্মাণস্থলের দিকে ধসে পড়ে। এতে ভবনটির একাংশ ভেঙে যায় এবং ভেতরের কক্ষগুলো বাইরে থেকে দৃশ্যমান হয়ে ওঠে। এফডিএনওয়াই কর্মকর্তারা জানিয়েছেন, আহত ব্যক্তিদের মধ্যে চারজন নির্মাণশ্রমিক রয়েছেন। অন্তত একজনের অবস্থা আশঙ্কাজনক। তবে আহত পঞ্চম ব্যক্তির পরিচয় বা তিনি কীভাবে আহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। ঘটনাস্থলের ভিডিওতে দেখা গেছে, ফায়ার ফাইটাররা ধ্বংসস্তূপের মধ্য থেকে একজনকে উদ্ধার করে স্ট্রেচারে তুলে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে অনুসন্ধান চালাচ্ছেন। উদ্ধার অভিযানে ড্রোনও ব্যবহার করা হচ্ছে। এবিসি৭ নিউইয়র্কের নিউজকপ্টার থেকে ধারণ করা দৃশ্যে ভবনটির আংশিক ধসে পড়া অংশ এবং ভেতরের উন্মুক্ত কক্ষগুলো দেখা গেছে। ভবনটি কী কারণে ধসে পড়েছে, তা এখনো জানা যায়নি। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়েছেন কি না, তা নিশ্চিত করতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।