নিউইয়র্ক ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার | ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
হোকুলকে ভোট দিতে ভিন্ন কৌশলে ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টসরা
বাংলা পত্রিকা ডেস্ক: প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬, ০৮:১১
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলকে সমর্থন করলেও তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে অসন্তুষ্ট ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টসদের একাংশ ভোট দেওয়ার বিকল্প পথ বেছে নিয়েছেন। ডেমোক্র্যাটিক পার্টির ব্যালট লাইনের পরিবর্তে তাঁরা ওয়ার্কিং ফ্যামিলিজ পার্টির (ডব্লিউএফপি) লাইনে হোকুলকে ভোট দিচ্ছেন। নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানিও একই পদ্ধতিতে ভোট দিয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) গথামিস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী ৩ নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও নাসাউ কাউন্টি এক্সিকিউটিভ ব্রুস ব্লেকম্যানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডেমোক্র্যাটিক গভর্নর ক্যাথি হোকুল। তবে ব্যালটে তাঁর নাম রয়েছে দুটি দলের অধীনে। একটি ডেমোক্র্যাটিক পার্টি, অন্যটি প্রগতিশীল রাজনৈতিক দল ওয়ার্কিং ফ্যামিলিজ পার্টি। নিউইয়র্কের নির্বাচনী ব্যবস্থায় একই প্রার্থী একাধিক রাজনৈতিক দলের ব্যালট লাইনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। এটিকে বলা হয় ‘ফিউশন ভোটিং’। ভোটাররা যে দলের লাইনে ভোট দেন না কেন, সব ভোট সংশ্লিষ্ট প্রার্থীর মোট ভোটের সঙ্গে যোগ হয়। তবে পৃথক দলের লাইনে পাওয়া ভোট সেই দলের রাজনৈতিক সমর্থনের পরিমাণও প্রকাশ করে। ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টসদের একাংশের মতে, ওয়ার্কিং ফ্যামিলিজ পার্টির লাইনে হোকুলকে ভোট দেওয়ার মাধ্যমে তাঁরা একই সঙ্গে গভর্নরকে সমর্থন এবং আরও প্রগতিশীল নীতির পক্ষে অবস্থান জানাতে পারছেন। ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টস অব আমেরিকার সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক মাইকেল ল্যাঙ্গে বলেন, এই পদ্ধতিতে অপেক্ষাকৃত মধ্যপন্থী ডেমোক্র্যাট প্রার্থীকে ভোট দিয়েও বামপন্থী রাজনৈতিক অবস্থানের প্রতি সমর্থন প্রকাশ করা সম্ভব। ব্রুকলিনের গ্রিনপয়েন্টের বাসিন্দা কোরি হিলসি আগাম ভোটের সময় ম্যাককারেন পার্ক ভোটকেন্দ্রে ওয়ার্কিং ফ্যামিলিজ পার্টির লাইনে হোকুলকে ভোট দিয়েছেন। তাঁর মতে, এর মাধ্যমে ডেমোক্র্যাটিক পার্টির প্রচলিত রাজনীতির বাইরে আরও পরিবর্তনের প্রত্যাশা প্রকাশ করা যায়। নিউইয়র্কে ওয়ার্কিং ফ্যামিলিজ পার্টি দীর্ঘদিন ধরে ন্যূনতম মজুরি বৃদ্ধি, সবার জন্য স্বাস্থ্যসেবা এবং শ্রমজীবী মানুষের অধিকারসহ বিভিন্ন প্রগতিশীল নীতির পক্ষে কাজ করছে। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ এই দলের ব্যালট লাইনে জো বাইডেন ও কমলা হ্যারিসকে ভোট দিয়েছিলেন। এদিকে গভর্নর হোকুল ও মেয়র জোহরান মামদানির মধ্যে গত ১০ মাসে রাজনৈতিক সহযোগিতা বেড়েছে। তাঁরা দুই বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে চাইল্ডকেয়ার কর্মসূচি চালুর উদ্যোগে একসঙ্গে কাজ করেছেন। হোকুল বিভিন্ন রাজনৈতিক আক্রমণের মুখে মামদানির পক্ষেও অবস্থান নিয়েছেন। অন্যদিকে মামদানি নিউইয়র্ক সিটির পাঁচটি বরোতে হোকুলের নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। গত শনিবার আগাম ভোটের প্রথম দিনে তিনি সাংবাদিকদের জানান, ওয়ার্কিং ফ্যামিলিজ পার্টির লাইনে হোকুলকে ভোট দিয়েছেন। সাম্প্রতিক সিয়েনা জরিপ অনুযায়ী, নিউইয়র্ক সিটিতে মেয়র মামদানির অনুমোদন হার ৬৯ শতাংশ। ফলে তাঁর সমর্থন হোকুলের নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় হয়ে উঠেছে। নিউইয়র্কের নির্বাচনী আইন অনুযায়ী, ভবিষ্যৎ নির্বাচনে ব্যালটে নিজেদের অবস্থান ধরে রাখতে রাজনৈতিক দলগুলোকে নির্ধারিত নির্বাচনে মোট ভোটের ২ শতাংশের বেশি পেতে হয়। এ কারণে ওয়ার্কিং ফ্যামিলিজ পার্টির লাইনে ভোট পাওয়া দলটির জন্যও গুরুত্বপূর্ণ। ২০২২ সালের গভর্নর নির্বাচনে রিপাবলিকান প্রার্থী লি জেলডিনকে প্রায় ৩ লাখ ২৫ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন হোকুল। তাঁর মোট ভোটের মধ্যে প্রায় আড়াই লাখ এসেছিল ওয়ার্কিং ফ্যামিলিজ পার্টির লাইন থেকে। তবে হোকুলের সঙ্গে দলটির সম্পর্ক সব সময় মসৃণ ছিল না। জলবায়ু নীতিতে কিছু পরিবর্তন এবং ধনীদের ওপর কর বাড়াতে অনীহার কারণে তাঁর সমালোচনা করেছে দলটি। এমনকি চলতি বছরের ডেমোক্র্যাটিক প্রাইমারিতে লেফটেন্যান্ট গভর্নর আন্তোনিও ডেলগাডোকে সমর্থনের বিষয়েও আলোচনা হয়েছিল। শেষ পর্যন্ত প্রাইমারিতে কাউকেই সমর্থন দেয়নি ওয়ার্কিং ফ্যামিলিজ পার্টি। তবে সাধারণ নির্বাচনে দলটি হোকুলকে সমর্থন করছে। দলের ডেপুটি ডিরেক্টর কোরি মারকুইস বলেন, ইউনিভার্সাল চাইল্ডকেয়ার, ডেটা সেন্টারসংক্রান্ত বিধিনিষেধ এবং অভিবাসীদের সুরক্ষার বিভিন্ন উদ্যোগে গভর্নরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ইতিবাচক। তাঁর মতে, ওয়ার্কিং ফ্যামিলিজ পার্টির লাইনে ভোট দেওয়ার অর্থ একই প্রার্থীকে সমর্থন করা, তবে আরও শক্তিশালী প্রগতিশীল রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়া। অন্যদিকে ব্রুস ব্লেকম্যানের নাম রয়েছে রিপাবলিকান, কনজারভেটিভ এবং ভোট অ্যাফোর্ডেবল পার্টির ব্যালট লাইনে। গভর্নর হোকুল অবশ্য জানিয়েছেন, ভোটাররা তাঁকে ডেমোক্র্যাটিক নাকি ওয়ার্কিং ফ্যামিলিজ পার্টির লাইনে ভোট দিচ্ছেন, তা নিয়ে তাঁর আপত্তি নেই। তাঁর কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভোটারদের সমর্থন পাওয়া। আগামী ৩ নভেম্বরের নির্বাচনের আগে নিউইয়র্কের প্রগতিশীল ভোটারদের এই কৌশল গভর্নর নির্বাচনের পাশাপাশি ওয়ার্কিং ফ্যামিলিজ পার্টির রাজনৈতিক সমর্থন কতটা রয়েছে, সেটিও তুলে ধরবে।