নিউইয়র্ক ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার | ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
মিশিগানের সিনেট নির্বাচন সমর্থনে নাটকীয় মোড় : তীব্র প্রতিদন্ধিতার আভাস
বাংলা পত্রিকা রিপোর্ট: প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬, ০৮:১১
রিপাবলিকান মাইক রজার্সকে ডেমোক্র্যাট নেত্রীর সমর্থন
একাধিক জরিপে এগিয়ে আব্দুল এল সাঈদ
রেকর্ড ২০ লাখের বেশি আগাম ভোট
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র দুই দিন আগে মিশিগানের গুরুত্বপূর্ণ সিনেট নির্বাচনে নাটকীয় রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সর্বশেষ জনমত জরিপগুলোতে ডেমোক্র্যাটিক প্রার্থী আবদুল এল সাঈদ রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের চেয়ে এগিয়ে থাকলেও নিজ দলের প্রভাবশালী কংগ্রেস সদস্য হেইলি স্টিভেন্সের আকস্মিক সমর্থন পরিবর্তনে নতুন নাটকীয় মোড় তৈরী হয়েছে। গত আগস্টে দলীয় প্রাইমারিতে এল সাঈদের কাছে পরাজিত স্টিভেন্স রোববার (১ নভেম্বর) রিপাবলিকান প্রার্থী রজার্সকে আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছেন। এর ফলে ডেমোক্র্যাট শিবিরে বিভাজনও প্রকাশ্যে এসেছে। তাঁর সিদ্ধান্তকে বিশ্বাসঘাতকতা বলেছেন সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। শেষ মুহূর্তে রিপাবলিকান রজার্সকে ডেমোক্র্যাটিক কংগ্রেস সদস্য স্টিভেন্সের সমর্থন মিশিগানের আলোচিত সিনেট নির্বাচনে নতুন নাটকীয় মোড় ও তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সিবিএস নিউজ, অ্যাসোসিয়েটেড প্রেস, সিএনএনসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন এবং সর্বশেষ নির্বাচনী পরিসংখ্যান অনুযায়ী, আগামী ৩ নভেম্বরের ভোটের আগে জরিপের ব্যবধান, বিপুল আগাম ভোট এবং ডেমোক্র্যাটদের অভ্যন্তরীণ বিরোধ মিশিগানের সিনেট নির্বাচনকে জাতীয় রাজনীতির অন্যতম আলোচিত প্রতিদ্বন্দ্বিতায় পরিণত করেছে। নির্বাচনে এল সাঈদ ও মাইক রজার্স এর মধ্যে তীব্র প্রতিদন্ধিতার পূর্বাভাস দেখা দিয়েছে। যা আগামী ৩ নভেম্বরের চুড়ান্ত ভোটের দিন নির্ধারিত হবে। এর মধ্যেই মিশিগানে ৩১ অক্টোবর পর্যন্ত ২০ লাখ ২১ হাজার ১২৭ জন ভোটার আগাম ভোট দিয়েছেন, যা সক্রিয় নিবন্ধিত ভোটারের প্রায় ২৭ দশমিক ২ শতাংশ। মিশিগানের বর্তমান ডেমোক্র্যাট সিনেটর গ্যারি পিটার্স পুননির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় তাঁর আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবদুল এল সাঈদ ও মাইক রজার্স। যুক্তরাষ্ট্রের সিনেটে সংখ্যাগরিষ্ঠতা নির্ধারণে গুরুত্বপূর্ণ আসনগুলোর মধ্যে মিশিগান অন্যতম। রিপাবলিকানরা আসনটি নিজেদের দখলে নিতে চাইছে। অন্যদিকে ডেমোক্র্যাটরা আসনটি ধরে রেখে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের প্রচেষ্টা চালাচ্ছেন। নির্বাচনের শেষ সপ্তাহে প্রকাশিত একাধিক জরিপে এল সাঈদ এগিয়ে রয়েছেন। তবে জরিপগুলোর ব্যবধান এক নয়। কোনো জরিপে দুই প্রার্থীর মধ্যে ব্যবধান এক থেকে দুই শতাংশ পয়েন্ট, আবার কোনো জরিপে ছয় থেকে সাত শতাংশ পয়েন্ট। নির্বাচনের শেষ মুহূর্তে ভোটারদের সিদ্ধান্ত পরিবর্তন এবং দলীয় সমর্থকদের উপস্থিতির ওপর চূড়ান্ত ফল নির্ভর করবে। ২৮ ও ২৯ অক্টোবর পরিচালিত রাসমুসেন রিপোর্টসের জরিপে এল সাঈদ পেয়েছেন ৪৯ শতাংশ এবং রজার্স ৪৪ শতাংশ সমর্থন। ৭৪৫ জন সম্ভাব্য ভোটারের ওপর পরিচালিত জরিপে দুই প্রার্থীর ব্যবধান পাঁচ শতাংশ পয়েন্ট। একই জরিপে লিবার্টারিয়ান প্রার্থী লিডিয়া ক্রিস্টেনসেন পেয়েছেন দুই শতাংশ এবং ইউএস ট্যাক্সপেয়ার্স পার্টির টিম লং এক শতাংশ সমর্থন। চার শতাংশ ভোটার তখনো সিদ্ধান্তহীন ছিলেন। এর আগে ২৬ ও ২৭ অক্টোবর মিচেল রিসার্চ অ্যান্ড কমিউনিকেশনসের জরিপে এল সাঈদ পেয়েছেন ৫১ শতাংশ এবং রজার্স ৪৪ শতাংশ সমর্থন। সিবিএস ডেট্রয়েটের জন্য পরিচালিত এই জরিপে অংশ নেন ৬৩৬ জন সম্ভাব্য ভোটার। জরিপটির ত্রুটির সীমা প্রায় ৩ দশমিক ৯ শতাংশ পয়েন্ট। সিএনএন ও এসএসআরএসের অক্টোবরের শেষ সপ্তাহের জরিপেও এল সাঈদ এগিয়ে রয়েছেন। ৭৬৮ জন সম্ভাব্য ভোটারের ওপর পরিচালিত জরিপে তাঁর সমর্থন ৪৯ শতাংশ এবং রজার্সের ৪২ শতাংশ। দুই প্রার্থীর ব্যবধান সাত শতাংশ পয়েন্ট। অন্যদিকে ডেট্রয়েট নিউজ ও ডব্লিউডিআইভির জন্য গ্লেনগ্যারিফ গ্রুপের জরিপে এল সাঈদ পেয়েছেন ৫১ দশমিক ৪ শতাংশ এবং রজার্স ৪৫ দশমিক ১ শতাংশ সমর্থন। মিশিগান স্টেট ইউনিভার্সিটির জরিপেও ডেমোক্র্যাট প্রার্থী এগিয়ে রয়েছেন। তবে সব জরিপে ব্যবধান এত বেশি নয়। ইনসাইডার অ্যাডভান্টেজের অক্টোবরের জরিপে এল সাঈদের সমর্থন ছিল প্রায় ৪৭ শতাংশ এবং রজার্সের ৪৬ শতাংশ। মারিস্ট ইউনিভার্সিটির জরিপে দুই প্রার্থীর ব্যবধান ছিল মাত্র দুই শতাংশ পয়েন্ট। ফলে জরিপগুলোর ফলাফলে সমর্থনের ব্যবধান নিয়ে পার্থক্য রয়েছে। জনমত জরিপের তথ্য সমন্বয়কারী প্রতিষ্ঠান রিয়েলক্লিয়ারপোলিংয়ের ২৯ অক্টোবর পর্যন্ত হিসাবে এল সাঈদের গড় সমর্থন ৪৯ দশমিক ১ শতাংশ এবং রজার্সের ৪৫ দশমিক ৬ শতাংশ। ব্যবধান তিন দশমিক পাঁচ শতাংশ পয়েন্ট। অন্যদিকে ১ নভেম্বর পর্যন্ত প্রকাশিত ২৪টি সাম্প্রতিক জরিপের ভিত্তিতে পিপলস পোলের হিসাবে এল সাঈদের সমর্থন ৪৮ দশমিক ৬ শতাংশ এবং রজার্সের ৪৪ দশমিক ৯ শতাংশ। দ্য নিউইয়র্ক টাইমস ও সিয়েনা ইউনিভার্সিটির সেপ্টেম্বরের জরিপেও এল সাঈদ ৪৯ শতাংশ এবং রজার্স ৪৪ শতাংশ সমর্থন পেয়েছিলেন। তবে সেটি নির্বাচনের শেষ সপ্তাহের জরিপ নয়। ফলে অক্টোবরের শেষ সপ্তাহে প্রকাশিত জরিপগুলোর সঙ্গে তুলনা করার সময় সময়ের পার্থক্য বিবেচনায় রাখা প্রয়োজন। বিশেষজ্ঞদের জরিপ বিশ্লেষণে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এসব সমীক্ষা হেইলি স্টিভেন্সের রোববারের অবস্থান পরিবর্তনের আগে পরিচালিত হয়েছে। ফলে তাঁর সিদ্ধান্ত ডেমোক্র্যাটিক ভোটারদের কতটা প্রভাবিত করবে, তা প্রকাশিত জরিপগুলো থেকে নির্ধারণ করা যাচ্ছে না। পাশাপাশি সম্ভাব্য ভোটারদের ওপর পরিচালিত জরিপের ফল প্রকৃত ভোটের ফলাফলের নিশ্চয়তা দেয় না। এদিকে মিশিগানে আগাম ভোটের পরিসংখ্যান নির্বাচনী আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে। অঙ্গরাজ্যের নির্বাচন বিভাগের তথ্যের ভিত্তিতে সংকলিত ৩১ অক্টোবরের হিসাবে মোট ২০ লাখ ২১ হাজার ১২৭ জন ভোটার আগাম ভোট দিয়েছেন। এর মধ্যে ৫ লাখ ৩৫ হাজার ১৪১ জন সরাসরি আগাম ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিয়েছেন এবং ১৪ লাখ ৮৫ হাজার ৯৮৬ জন অ্যাবসেন্টি বা ডাকযোগে পাওয়া ব্যালট জমা দিয়েছেন। একই সময় পর্যন্ত মোট ২১ লাখ ৭২ হাজার ৯১২টি অ্যাবসেন্টি (ডাকযোগে) ব্যালটের আবেদন বা অনুরোধ নথিভুক্ত হয়েছিল। মিশিগানের প্রায় ৭৪ লাখ ১৭ হাজার সক্রিয় নিবন্ধিত ভোটারের মধ্যে ৩১ অক্টোবর পর্যন্ত আগাম ভোট দিয়েছেন ২৭ শতাংশের বেশি। ২৯ অক্টোবর পর্যন্ত মোট আগাম ভোটের সংখ্যা ছিল ১৭ লাখ ৪ হাজার ৭১৫। সিবিএস ডেট্রয়েট জানিয়েছিল, এর মধ্যে ১৩ লাখ ৪৬ হাজার ৩৭২টি অ্যাবসেন্টি ব্যালট জমা পড়েছিল এবং সরাসরি আগাম ভোট দিয়েছিলেন ৩ লাখ ৫৮ হাজার ৩৪৩ জন। অর্থাৎ পরবর্তী দুই দিনের হিসাবে আগাম ভোট বেড়েছে ৩ লাখ ১৬ হাজার ৪১২টি। মিশিগানের নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছে, ২৪ অক্টোবর থেকে অঙ্গরাজ্যজুড়ে সরাসরি আগাম ভোট শুরু হয়। এবারের মধ্যবর্তী নির্বাচন প্রথম, যেখানে মিশিগানের সব ভোটার অঙ্গরাজ্যজুড়ে নির্ধারিত ব্যবস্থায় সরাসরি আগাম ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। অধিকাংশ এলাকায় ১ নভেম্বর পর্যন্ত আগাম ভোট চলেছে। কিছু এলাকায় ২ নভেম্বরও অতিরিক্ত ভোট গ্রহণের ব্যবস্থা রয়েছে। তবে আগাম ভোটের এই পরিসংখ্যান কোনো প্রার্থীর পক্ষে ভোট পড়ার হিসাব নয়। মিশিগানে ভোটারদের দলীয় নিবন্ধনের তথ্য প্রকাশ করা হয় না। ফলে কতজন ডেমোক্র্যাট বা রিপাবলিকান ভোটার আগাম ভোট দিয়েছেন, তার নির্ভরযোগ্য সরকারি বিভাজনও পাওয়া যায় না। ভোট গণনা শুরু হওয়ার আগে এসব ব্যালট থেকে দুই প্রার্থীর প্রকৃত সমর্থন নির্ধারণ করা সম্ভব নয়। ভোটের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই রোববার ডেট্রয়েটের পারফেক্টিং চার্চে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের সঙ্গে উপস্থিত হন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য হেইলি স্টিভেন্স। সেখানে তিনি রজার্সের প্রতি সমর্থন প্রকাশ করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে আনুষ্ঠানিকভাবে জানান, সিনেট নির্বাচনে তিনি নিজের দলের প্রার্থী আবদুল এল সাঈদকে ভোট দেবেন না। স্টিভেন্সের এই সিদ্ধান্ত বিশেষভাবে আলোচিত হওয়ার কারণ, তিনি নিজেই গত আগস্টে ডেমোক্র্যাটিক সিনেট প্রাইমারিতে এল সাঈদের প্রতিদ্বন্দ্বী ছিলেন। ওই নির্বাচনে অল্প ব্যবধানে পরাজিত হওয়ার পর তিনি দলীয় প্রার্থীকে সমর্থনের কথা জানিয়েছিলেন। কিন্তু নির্বাচনের শেষ কয়েক দিনে তাঁদের পুরোনো বিরোধ আবার প্রকাশ্যে আসে। অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, স্টিভেন্সের সমর্থন পরিবর্তনের পর তাঁর দীর্ঘদিনের চিফ অব স্টাফ পদত্যাগ করেছেন। আরও কয়েকজন কর্মী তাঁর দপ্তর ছাড়তে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান কার্টিস হার্টেলও স্টিভেন্সের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন। সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার সামাজিক যোগাযোগমাধ্যমে স্টিভেন্সের সিদ্ধান্তকে নিন্দনীয় বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেন। তিনি জানান, সিনেটের ডেমোক্র্যাটরা আবদুল এল সাঈদের সমর্থনে ঐক্যবদ্ধ রয়েছেন। উল্লেখ্য, আগস্টের প্রাইমারিতে শুমার নিজেই স্টিভেন্সকে সমর্থন করেছিলেন। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্টিভেন্সের সিদ্ধান্তের প্রশংসা করেছেন। ট্রুথ সোশ্যালে তিনি স্টিভেন্সকে একজন সম্মানিত ডেমোক্র্যাট হিসেবে উল্লেখ করে তাঁর অবস্থানকে সাহসী পদক্ষেপ বলে বর্ণনা করেন। এর আগে আগস্টের প্রাইমারির সময় ট্রাম্প তাঁকে কট্টর বামপন্থী সমাজতন্ত্রী হিসেবে সমালোচনা করেছিলেন। রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সও স্টিভেন্সের সমর্থন পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, ডেমোক্র্যাটিক পার্টির একজন কংগ্রেস সদস্যের সমর্থন পাওয়া তাঁর জন্য সম্মানের। স্টিভেন্স দাবি করেন, তিনি ডেমোক্র্যাটিক পার্টি ত্যাগ করছেন না। অন্য পদগুলোতে ডেমোক্র্যাট প্রার্থীদের ভোট দেবেন। শুধু সিনেট নির্বাচনে রজার্সকে সমর্থন করছেন। স্টিভেন্স ও এল সাঈদের বিরোধের অন্যতম কারণ ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা এবং গাজা যুদ্ধ নিয়ে তাঁদের ভিন্ন রাজনৈতিক অবস্থান। স্টিভেন্স ইসরায়েলের সমর্থক হিসেবে পরিচিত। অন্যদিকে এল সাঈদ ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনা করে আসছেন। সিবিএস নিউজ জানিয়েছে, এল সাঈদকে সমর্থনকারী একটি স্বতন্ত্র রাজনৈতিক সংগঠনের বিজ্ঞাপনকে কেন্দ্র করে বিরোধ নতুন করে তীব্র হয়। বিজ্ঞাপনটিতে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার সঙ্গে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রসঙ্গ যুক্ত করা হয়েছিল। স্টিভেন্স বিজ্ঞাপনটিকে ইহুদিবিদ্বেষী বলে সমালোচনা করেন এবং এল সাঈদের কাছে প্রকাশ্যে এর নিন্দা দাবি করেন। এল সাঈদ জানান, বিজ্ঞাপনটি তাঁর প্রচারশিবির তৈরি করেনি এবং এর বক্তব্যের সঙ্গে তিনি একমত নন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, স্টিভেন্স তিন মাস আগে শেষ হওয়া প্রাইমারি নির্বাচনের বিরোধ আবার সামনে আনছেন। ডেমোক্র্যাট নেতারা নির্বাচনের শেষ মুহূর্তে দুই পক্ষকে এক মঞ্চে আনার চেষ্টা করেছিলেন। রোববার ডেট্রয়েটের একটি গির্জায় এল সাঈদের সঙ্গে স্টিভেন্সের যৌথ প্রচারণার পরিকল্পনাও ছিল। সেখানে দক্ষিণ ক্যারোলাইনার কংগ্রেস সদস্য জেমস ক্লাইবার্নের অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই কর্মসূচি থেকে স্টিভেন্সকে বাদ দেওয়া হয়। মিশিগানের ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য ডেবি ডিঙ্গেল সিএনএনকে জানান, দুই নেতার বিরোধ নির্বাচনী প্রচারণার মূল বিষয়গুলো থেকে মনোযোগ সরিয়ে নিচ্ছিল। এ কারণেই তিনি স্টিভেন্সকে ওই কর্মসূচিতে অংশ না নিতে বলেন। এরপরই স্টিভেন্স রজার্সের সঙ্গে গির্জার অনুষ্ঠানে যোগ দেন। তাঁর সঙ্গে ছিলেন বাগদত্তা জেসন টার্কিশ। নির্বাচনের কয়েক দিন আগে টার্কিশও প্রকাশ্যে জানিয়েছিলেন, তিনি এল সাঈদকে নয়, রজার্সকে ভোট দেবেন। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, স্টিভেন্সের এই সিদ্ধান্ত মিশিগানের ডেমোক্র্যাট নেতাদের বিস্মিত করেছে। বিশেষ করে ডেট্রয়েট এবং আশপাশের এলাকায় কৃষ্ণাঙ্গ ও ইহুদি ভোটারদের সমর্থন ধরে রাখার প্রচেষ্টার মধ্যেই এমন ঘটনা ঘটেছে। প্রাইমারি নির্বাচনে ওয়েইন ও ওকল্যান্ড কাউন্টিতে স্টিভেন্স তুলনামূলক ভালো ফল করেছিলেন। এসব এলাকায় কৃষ্ণাঙ্গ ও ইহুদি ভোটারদের একটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে। তবে প্রাইমারিতে কোনো প্রার্থীকে সমর্থন করা ভোটাররা সাধারণ নির্বাচনে একইভাবে ভোট দেবেন, এমন নিশ্চয়তা নেই। এদিকে আবদুল এল সাঈদ স্টিভেন্সের সমর্থন পরিবর্তনকে বেশি গুরুত্ব দিতে চাননি। রোববার কংগ্রেস সদস্য জেমস ক্লাইবার্ন এবং মেরিল্যান্ডের সিনেটর অ্যাঞ্জেলা আলসোব্রুকসের সঙ্গে উপস্থিত হয়ে তিনি বলেন, ব্যক্তিগত বিরোধের পরিবর্তে সাধারণ মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধানই তাঁর অগ্রাধিকার। এল সাঈদ জানান, তিনি রাজনীতিতে বড় অঙ্কের অর্থের প্রভাব কমাতে চান। একই সঙ্গে কর্মজীবী মানুষের হাতে বেশি অর্থ রাখা এবং সবার জন্য মেডিকেয়ার কর্মসূচি নিশ্চিত করার পক্ষে কাজ করতে চান। তিনি বলেন, “দিন শেষে আমি আসলে হেইলি স্টিভেন্সকে নিয়ে ভাবি না। কে কাকে কী বলেছেন কিংবা কে কোথায় গেছেন, এসব বিতর্কে মনোযোগ দেওয়ার পরিবর্তে আমি মানুষের প্রকৃত সমস্যাগুলো নিয়ে কাজ করতে চাই। আমার অবস্থান শুরু থেকেই পরিষ্কার। আমি রাজনীতি থেকে অর্থের প্রভাব দূর করতে চাই, সাধারণ মানুষের পকেটে আরও অর্থ ফিরিয়ে দিতে চাই এবং সবার জন্য মেডিকেয়ার নিশ্চিত করতে চাই।” স্টিভেন্সের সঙ্গে বিরোধ প্রসঙ্গে এল সাঈদ বলেন, “প্রাইমারি নির্বাচনের ফলাফল যা হওয়ার, তা হয়ে গেছে। কেউ এতে অসন্তুষ্ট হতে পারেন, আমি তা বুঝি। কিন্তু আমার লক্ষ্য মাইক রজার্সকে পরাজিত করা।” বিতর্কিত রাজনৈতিক বিজ্ঞাপন প্রসঙ্গে তিনি জানান, বিজ্ঞাপনটি তাঁর প্রচারশিবির তৈরি করেনি এবং এর বক্তব্যের সঙ্গেও তিনি একমত নন। অন্যদিকে রজার্স নির্বাচনী প্রচারণায় ট্রাম্প প্রশাসনের নীতির প্রতি সমর্থন, অর্থনৈতিক পরিস্থিতি এবং ডেমোক্র্যাটদের নীতিগত অবস্থানের সমালোচনাকে গুরুত্ব দিয়েছেন। দুই প্রার্থীর মধ্যে অর্থনীতি, স্বাস্থ্যসেবা, ইসরায়েল নীতি এবং অভিবাসনসহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক মতপার্থক্য রয়েছে। মিশিগানের নির্বাচনে এল সাঈদের ধর্মীয় পরিচয় নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছে। তিনি নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হবেন। প্রেসিডেন্ট ট্রাম্পসহ কয়েকজন রিপাবলিকান নেতার বক্তব্যে তাঁর ধর্মীয় পরিচয়কে আক্রমণের লক্ষ্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত সপ্তাহে এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প এল সাঈদকে জিহাদি বলে উল্লেখ করেন। স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স এসব বক্তব্যের কঠোর সমালোচনা করে একে বর্ণবাদী ও বৈষম্যমূলক আক্রমণ বলে অভিহিত করেছেন। এল সাঈদ মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছেন। নির্বাচনী প্রচারণায় এল সাঈদের প্রতি সমর্থন জানিয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির একাধিক জাতীয় নেতা। অন্যদিকে রজার্সের পক্ষে সক্রিয় রয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং রিপাবলিকান নেতারা। দুই পক্ষই নির্বাচনের শেষ মুহূর্তে সমর্থকদের ভোটকেন্দ্রে উপস্থিত করার ওপর গুরুত্ব দিচ্ছে। মিশিগানের ভোটারদের কাছে অর্থনীতি, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, চাকরি, স্বাস্থ্যসেবা এবং যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতির মতো বিষয়গুলো গুরুত্বপূর্ণ। পাশাপাশি ডেট্রয়েটসহ বড় শহর এবং গ্রামীণ এলাকাগুলোতে ভোটার উপস্থিতির পার্থক্যও চূড়ান্ত ফলাফলে ভূমিকা রাখতে পারে। আগামী মঙ্গলবার ৩ নভেম্বর সকাল থেকে মিশিগানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। অধিকাংশ এলাকায় স্থানীয় সময় সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত ভোটকেন্দ্র খোলা থাকবে। আগাম ভোট দেওয়া ব্যক্তিদের ব্যালটও নির্বাচনের নিয়ম অনুযায়ী গণনা করা হবে। নির্বাচনের শেষ মুহূর্তে প্রকাশিত জরিপগুলোতে এল সাঈদ এগিয়ে থাকলেও স্টিভেন্সের সমর্থন পরিবর্তন, বিপুল আগাম ভোট এবং দুই দলের প্রচারণার শেষ পর্যায়ের কার্যক্রমের প্রভাব এখনো অজানা। ফলে মিশিগানের সিনেট আসনে ভোটারদের চূড়ান্ত রায় জানতে অপেক্ষা করতে হবে ৩ নভেম্বরের ভোট গণনা পর্যন্ত।