নিউইয়র্ক ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার | ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
হ্যামট্রামিকের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে শপথ নিলেন আবু আহমদ মুসা
হেলাল উদ্দীন রানা, মিশিগান: প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬, ০২:১১
মিশিগানের হ্যামট্রামিক সিটির মেয়র নির্বাচনের ফলাফল নিয়ে আইনি জটিলতার মধ্যে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিল সদস্য ও মেয়র প্রটেম আবু আহমদ মুসা। নতুন মেয়রের দায়িত্ব গ্রহণের অপেক্ষায় সিটির প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে তিনি এ দায়িত্ব নিয়েছেন। সোমবার (২ নভেম্বর) সকালে হ্যামট্রামিকের ৩১তম ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক অ্যালেক্স কাড নিজ চেম্বারে তাঁকে শপথবাক্য পাঠ করান। এ সময় মুসার স্ত্রী জাহিদা আহমদ উপস্থিত ছিলেন। আবু আহমদ মুসা হ্যামট্রামিক সিটির চারবারের নির্বাচিত কাউন্সিল সদস্য। তিনি তিনবার মেয়র প্রটেম হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নেওয়ার আগেও তিনি কাউন্সিল সদস্যের পাশাপাশি মেয়র প্রটেমের দায়িত্বে ছিলেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সিটির চার্টারের বিধান অনুসারে মেয়রের অনুপস্থিতিতে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করেন মেয়র প্রটেম। নির্বাচনসংক্রান্ত জটিলতা নিষ্পত্তি ও নতুন মেয়রের দায়িত্ব গ্রহণ না হওয়া পর্যন্ত মুসা ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন। এ সময়ে তিনি প্রয়োজনীয় দাপ্তরিক নথিপত্রে স্বাক্ষর এবং সিটি কাউন্সিলের সভায় সভাপতিত্ব করবেন। প্রতিবেদকের দেওয়া তথ্য অনুযায়ী, হ্যামট্রামিকের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র নির্বাচিত মুহিত মাহমুদকে আদালত বিজয়ী ঘোষণা করলেও নির্বাচনসংক্রান্ত আইনি প্রক্রিয়া শেষ না হওয়ায় তিনি এখনো শপথ নিতে পারেননি। সংশ্লিষ্ট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাঁর দায়িত্ব গ্রহণের পথ পরিষ্কার হবে বলে আশা করা হচ্ছে।