নিউইয়র্ক ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার | ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
মেডিকেয়ারে কমছে অ্যাডভান্টেজ প্ল্যানের সংখ্যা, বাড়তে পারে ওষুধের খরচ
বাংলা পত্রিকা রিপোর্ট: প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০৪:১০
ছবি: প্রতীকী ও সংগৃহীত
যুক্তরাষ্ট্রে ২০২৭ সালের জন্য মেডিকেয়ারের ওপেন এনরোলমেন্ট শুরু হয়েছে। আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত সুবিধাভোগীরা তাঁদের স্বাস্থ্যবিমা ও প্রেসক্রিপশন ওষুধের প্ল্যান পরিবর্তন করতে পারবেন। তবে নতুন বছরে মেডিকেয়ার অ্যাডভান্টেজ প্ল্যানের সংখ্যা কমে যাওয়া এবং পার্ট ডি ওষুধের খরচে পরিবর্তনের কারণে লাখ লাখ সুবিধাভোগীকে নতুন করে পরিকল্পনা করতে হতে পারে। বিশেষ করে যাঁদের বর্তমান প্ল্যান বন্ধ হয়ে যাচ্ছে অথবা চিকিৎসক ও ওষুধের কভারেজ পরিবর্তিত হচ্ছে, তাঁদের জন্য এবারের এনরোলমেন্ট গুরুত্বপূর্ণ। সোমবার (১৯ অক্টোবর) এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় সাড়ে তিন কোটি মানুষ বর্তমানে বেসরকারি বিমা কোম্পানি পরিচালিত মেডিকেয়ার অ্যাডভান্টেজ প্ল্যানের আওতায় রয়েছেন। আগামী বছর বেশ কয়েকটি বিমা কোম্পানি তাদের প্ল্যানের সংখ্যা কমাচ্ছে অথবা নির্দিষ্ট এলাকায় সেবা বন্ধ করছে। স্বাস্থ্যনীতি গবেষণা প্রতিষ্ঠান কেএফএফের বিশ্লেষণ অনুযায়ী, ২০২৬ সালে একজন মেডিকেয়ার সুবিধাভোগীর জন্য গড়ে ৩৯টি অ্যাডভান্টেজ প্ল্যানের বিকল্প ছিল। ২০২৭ সালে তা কমে ৩৫টিতে দাঁড়াবে। এর মধ্যে প্রেসক্রিপশন ওষুধের সুবিধাসহ অ্যাডভান্টেজ প্ল্যানের সংখ্যা গড়ে ৩২টি থেকে কমে ২৮টি হবে। অন্যদিকে ২০২৭ সালে যুক্তরাষ্ট্রের ১৯৩টি কাউন্টিতে নতুনভাবে আবেদনকারীদের জন্য প্রেসক্রিপশন ওষুধের সুবিধাসহ কোনো মেডিকেয়ার অ্যাডভান্টেজ প্ল্যান পাওয়া যাবে না। চলতি বছর এমন কাউন্টির সংখ্যা ছিল ১২৩টি। এসব এলাকায় বসবাসকারী মেডিকেয়ার সুবিধাভোগীর সংখ্যা প্রায় ৬ লাখ ৩৮ হাজার। এদিকে ট্রাম্প প্রশাসন মেডিকেয়ার পার্ট ডির আওতায় প্রেসক্রিপশন ওষুধের বিমা প্রিমিয়াম স্থিতিশীল রাখতে চালু করা অস্থায়ী ভর্তুকি কর্মসূচি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। চলতি বছরের ডিসেম্বরের শেষে ‘পার্ট ডি প্রিমিয়াম স্ট্যাবিলাইজেশন ডেমনস্ট্রেশন’ কর্মসূচির মেয়াদ শেষ হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ভর্তুকি বন্ধের ফলে নির্দিষ্ট কিছু প্রেসক্রিপশন ড্রাগ প্ল্যানের মাসিক প্রিমিয়াম বাড়তে পারে। মেডিকেয়ার পেমেন্ট অ্যাডভাইজরি কমিশনের হিসাবে, কর্মসূচিটির মাধ্যমে ২০২৫ সালে মাসিক প্রিমিয়াম গড়ে ২৬ ডলার এবং ২০২৬ সালে ১৬ ডলার কমানো সম্ভব হয়েছিল। তবে সেন্টারস ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইড সার্ভিসেস (সিএমএস) জানিয়েছে, ২০২৭ সালে সামগ্রিকভাবে মেডিকেয়ার অ্যাডভান্টেজের গড় প্রিমিয়াম কমার সম্ভাবনা রয়েছে। সংস্থাটির হিসাবে, গড় মাসিক প্রিমিয়াম ১৪ ডলার ৩৭ সেন্ট থেকে কমে ১২ ডলার হতে পারে। ওষুধের সুবিধাসহ অ্যাডভান্টেজ প্ল্যানের গড় প্রিমিয়ামও প্রায় ৩৮ শতাংশ কমার পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে সাধারণ পার্ট ডি প্ল্যানের গড় মাসিক প্রিমিয়াম ৩৫ ডলার ৯ সেন্ট থেকে বেড়ে প্রায় ৩৬ ডলার হতে পারে। নতুন বছরে প্রেসক্রিপশন ওষুধের সর্বোচ্চ স্ট্যান্ডার্ড ডিডাক্টিবল ৬১৫ ডলার থেকে বেড়ে ৭০০ ডলার হবে। একই সঙ্গে পার্ট ডির আওতায় নির্দিষ্ট ওষুধের জন্য বার্ষিক নিজ পকেট থেকে ব্যয়ের সর্বোচ্চ সীমা ২ হাজার ১০০ ডলার থেকে বেড়ে ২ হাজার ৪০০ ডলার নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্যনীতি বিশেষজ্ঞরা বলছেন, শুধু মাসিক প্রিমিয়াম কম দেখেই প্ল্যান নির্বাচন করা উচিত নয়। ডিডাক্টিবল, কো-পেমেন্ট, ওষুধের কভারেজ, চিকিৎসকের নেটওয়ার্ক এবং নিজ পকেট থেকে সম্ভাব্য খরচ ভালোভাবে যাচাই করা প্রয়োজন। আগামী ৭ ডিসেম্বর ওপেন এনরোলমেন্ট শেষ হবে। এই সময়ের মধ্যে নির্বাচিত নতুন প্ল্যান ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। বর্তমান প্ল্যান চালু থাকলে সাধারণত নতুন করে এনরোলমেন্ট করতে হয় না। তবে প্ল্যানের সুবিধা ও খরচ পরিবর্তিত হচ্ছে কি না, তা যাচাই করার পরামর্শ দিয়েছে মেডিকেয়ার কর্তৃপক্ষ।