ব্রেকিং নিউজ
  • ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
advert

সেন্ট্রাল পার্কে প্রায় ১৬৮ বছর ধরে চালু থাকা ঘোড়ার গাড়ি বন্ধের সমঝোতা

বাংলা পত্রিকা রিপোর্ট:
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ০৬:১০
...
Picture : new york times
নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে পর্যটকদের অন্যতম আকর্ষণ ঘোড়ার গাড়ি চলাচল বন্ধের বিষয়ে সমঝোতায় পৌঁছেছেন সিটির মেয়র জোহরান মামদানি ও সিটি কাউন্সিলের স্পিকার জুলি মেনিন। পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের জুনের মধ্যে ধাপে ধাপে এ কার্যক্রম বন্ধ করা হবে। তবে সংশ্লিষ্ট বিল এখনো পাস হয়নি। ঘোড়ার গাড়ির মালিক ও চালকদের প্রতিনিধিরা এর বিরুদ্ধে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
সিবিএস নিউইয়র্কের প্রতিবেদন অনুযায়ী, ‘রোমাঞ্চস ল’ নামে সংশোধিত বিলটি আগামী সপ্তাহে সিটি কাউন্সিলে ভোটের জন্য তোলা হবে। সংবাদমাধ্যমটির সূত্র জানিয়েছে, ভোটের সম্ভাব্য তারিখ ২২ অক্টোবর।
গত জুনে সেন্ট্রাল পার্কে ঘোড়ার গাড়ির দুর্ঘটনায় প্রাণ হারানো ১৮ বছর বয়সী রোমাঞ্চ মহাজনের নামে বিলটির নামকরণ করা হয়েছে। ওই ঘটনার পর তাঁর পরিবার ঘোড়ার গাড়ি বন্ধে আইন প্রণয়নের দাবি জানিয়ে আসছে।
মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়র মামদানি জানান, নিউইয়র্ক সিটিতে ঘোড়ার গাড়ির কার্যক্রম বন্ধের পথে এগোচ্ছে তাঁর প্রশাসন। একই সঙ্গে শ্রমিক ও মালিকদের স্বার্থ এবং ঘোড়াগুলোর নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।
প্রস্তাবিত আইনে গাড়িচালকদের বিকল্প কর্মসংস্থান ও অর্থনৈতিক সুযোগের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা তৈরির দায়িত্ব দেওয়া হবে সিটি প্রশাসনকে। পাশাপাশি ঘোড়াগুলোর জন্য নিরাপদ নতুন আবাসনের ব্যবস্থা করতে হবে।
স্পিকার জুলি মেনিন বলেন, রোমাঞ্চের মর্মান্তিক ও প্রতিরোধযোগ্য মৃত্যু দেখিয়েছে, বর্তমান ব্যবস্থা আর গ্রহণযোগ্য নয়। ঘোড়ার গাড়ি নিউইয়র্কের ইতিহাসের অংশ হলেও ব্যস্ত সেন্ট্রাল পার্কে এটি জননিরাপত্তার জন্য ক্রমবর্ধমান ঝুঁকি হয়ে উঠেছে। তাঁর বক্তব্যে দর্শনার্থী, সিটির বাসিন্দা ও ঘোড়ার নিরাপত্তার পাশাপাশি সংশ্লিষ্ট শ্রমিকদের জীবিকা সুরক্ষার বিষয়টিও উঠে আসে।
বিলটির উদ্যোক্তা কাউন্সিল সদস্য ক্রিস্টোফার মার্টে জানান, ঘোড়াগুলোকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে পাঠানো এবং শ্রমিকদের বিকল্প পেশায় যাওয়ার ব্যবস্থা নিশ্চিত করাই তাঁদের লক্ষ্য। সিটি হল জানিয়েছে, এ বিষয়ে কাউন্সিল, শ্রমিক সংগঠন, গাড়িচালক, প্রাণীকল্যাণকর্মী ও কমিউনিটির নেতাদের সঙ্গে কাজ করছে প্রশাসন।
তবে প্রায় ১৬৮ বছর ধরে নিউইয়র্কে চালু থাকা এ পেশা বন্ধের উদ্যোগের তীব্র বিরোধিতা করছেন মালিক ও চালকদের প্রতিনিধিরা। তাঁদের প্রতিনিধিত্বকারী ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নের স্থানীয় শাখা ১০০-এর ক্রিস্টিনা হ্যানসেন বলেন, এ সিদ্ধান্তে বহু পরিবারের জীবিকা বিপন্ন হবে। বাড়ির ঋণ, সংসারের খরচ ও সন্তানদের দায়িত্ব সামলানো শ্রমিকেরা বড় সংকটে পড়বেন। বিলটি পাস হলে আদালতে চ্যালেঞ্জ করার কথাও জানান তিনি।
ইউনিয়নের আন্তর্জাতিক প্রেসিডেন্ট জন স্যামুয়েলসেনের অভিযোগ, বিলে শ্রমিকদের জন্য অর্থবহ আর্থিক সহায়তার নিশ্চয়তা নেই। তাঁর ভাষ্য অনুযায়ী, ২০২৭ সালের এপ্রিলের মধ্যে কর্মসংস্থান পরিবর্তনের পরিকল্পনা তৈরির কথা বলা হলেও মালিকদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি শুধু বিবেচনার পর্যায়ে রাখা হয়েছে।
অন্যদিকে দীর্ঘদিন ধরে ঘোড়ার গাড়ি বন্ধের দাবিতে কাজ করা সংগঠন নিউইয়র্কার্স ফর ক্লিন, লিভেবল অ্যান্ড সেফ স্ট্রিটস এ সমঝোতাকে স্বাগত জানিয়েছে। সংগঠনটির প্রতিনিধি এডিটা বিরনক্রান্ট বলেন, রোমাঞ্চের মৃত্যু মানুষ ও ঘোড়ার নিরাপত্তা নিয়ে দীর্ঘদিনের উদ্বেগকে সামনে এনেছে। শোককে পরিবর্তনের দাবিতে রূপ দেওয়ার জন্য তাঁর পরিবারের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

সর্বশেষ

advert

সর্বশেষ