নিউইয়র্ক ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার | ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
বাংলাদেশ সোসাইটির নির্বাচন প্রার্থীদের মুখোমুখি বিতর্ক ; গুরুত্ব পেল সংস্কার ও স্বচ্ছতা
বাংলা পত্রিকা ডেস্ক: প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ০৫:১০
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচন সামনে রেখে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের অংশগ্রহণে নির্বাচনী বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের উন্নয়ন, আর্থিক স্বচ্ছতা, সদস্যপদ ও ভোটার প্রক্রিয়ায় সংস্কার, সাংগঠনিক শৃঙ্খলা এবং নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার বিষয়ে নিজেদের পরিকল্পনা তুলে ধরেন প্রার্থীরা। আগামী ২৫ অক্টোবরের নির্বাচন সামনে রেখে এই বিতর্কে দুই প্রতিদ্বন্দ্বী পরিষদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীর অবস্থানও উঠে আসে। গত বুধবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্ট মিলনায়তনে ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ডের উদ্যোগে এ বিতর্ক অনুষ্ঠিত হয়। ‘নেতৃত্ব, স্বচ্ছতা, সেবা: আমার ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাংবাদিক ও উপস্থাপক খালেদ মুহিউদ্দীন। বিতর্কে সভাপতি পদপ্রার্থী আতাউর রহমান সেলিম ও আজমল হোসেন কুনু এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আলী, ফিরোজ আহমেদ ও রাব্বি সৈয়দ অংশ নেন। তাঁরা বাংলাদেশ সোসাইটির বর্তমান কার্যক্রম, বিদ্যমান সমস্যা এবং ভবিষ্যৎ নেতৃত্বের পরিকল্পনা নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন। সেলিম-আলী পরিষদের পক্ষ থেকে সংগঠনের চলমান উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখা এবং অসম্পূর্ণ প্রকল্পগুলো বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির কল্যাণে নতুন কর্মসূচি গ্রহণ এবং সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনার কথা তুলে ধরেন পরিষদের প্রার্থীরা। অন্যদিকে কুনু-ফিরোজ পরিষদের প্রার্থীরা সংগঠনে শৃঙ্খলা ফিরিয়ে আনা, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত এবং সদস্যপদ ও ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় পরিবর্তন আনার ওপর জোর দেন। তাঁদের আলোচনায় বাংলাদেশ সোসাইটিকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক সংগঠন হিসেবে গড়ে তোলার বিষয়টি গুরুত্ব পায়। সাধারণ সম্পাদক পদপ্রার্থী রাব্বি সৈয়দ ভোটার প্রক্রিয়ার সংস্কার এবং নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা নির্ধারণের মানদণ্ড নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন। তিনি সংগঠনের নির্বাচনী ব্যবস্থাকে আরও গ্রহণযোগ্য ও কার্যকর করার প্রয়োজনীয়তার বিষয়ে আলোচনা করেন। বিতর্কে বাংলাদেশ সোসাইটির আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। সদস্যপদ গ্রহণের প্রক্রিয়া সহজ করা, ভোটারদের অংশগ্রহণ বাড়ানো এবং সংগঠনের কার্যক্রমে নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশিদের যুক্ত করার বিষয়েও প্রার্থীরা তাঁদের পরিকল্পনা তুলে ধরেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনের আগে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের একই মঞ্চে এনে তাঁদের নেতৃত্বের পরিকল্পনা, সাংগঠনিক দক্ষতা এবং জবাবদিহির অবস্থান ভোটারদের সামনে তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। প্রসঙ্গত, আগামী ২৫ অক্টোবর নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে সেলিম-আলী ও কুনু-ফিরোজ পরিষদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। পাশাপাশি সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করছেন রাব্বি সৈয়দ। নির্বাচন ঘিরে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় বাংলাদেশি কমিউনিটির মধ্যে প্রচারণা ও মতবিনিময় সভা চলছে। এরই মধ্যে প্রার্থীদের সরাসরি মুখোমুখি এই বিতর্কে সংগঠনের ভবিষ্যৎ নেতৃত্ব, সংস্কার এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে পরিকল্পনার বিষয়গুলো নতুন করে আলোচনায় এসেছে।