ব্রেকিং নিউজ
  • ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
advert

প্রেসিডেন্ট ট্রাম্পের স্কুল চয়েস কর্মসূচিতে যুক্ত হচ্ছে নিউইয়র্ক ; শিক্ষার্থীরা পাবেন বৃত্তি সহ ট্যাক্স ক্রেডিট

বাংলা পত্রিকা ডেস্ক:
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ০৫:১০
...
Picture : Will Waldron/The Albany Times Union via AP
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্কুল চয়েস কর্মসূচিতে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিউইয়র্ক অঙ্গরাজ্য। শিক্ষক ইউনিয়ন ও শিক্ষা অধিকার সংগঠনগুলোর বিরোধিতা সত্ত্বেও শুক্রবার এ ঘোষণা দিয়েছেন গভর্নর ক্যাথি হোকুল। নতুন কর্মসূচির আওতায় অনুমোদিত শিক্ষাবৃত্তি প্রদানকারী সংস্থায় অনুদান দিলে একজন করদাতা বছরে সর্বোচ্চ এক হাজার ৭০০ ডলার এবং শর্তসাপেক্ষে যৌথভাবে কর রিটার্ন দাখিলকারী বিবাহিত দম্পতি তিন হাজার ৪০০ ডলার পর্যন্ত ফেডারেল করছাড় পেতে পারেন।
গত বছর প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরিত ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’-এর আওতায় অনুমোদিত এই কর্মসূচি আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। এর মাধ্যমে সরকারি, বেসরকারি ও ধর্মীয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষাসংক্রান্ত বিভিন্ন ব্যয়ে আর্থিক সহায়তার সুযোগ তৈরি হবে। গোথামিস্টের প্রতিবেদনে বলা হয়েছে, অনুমোদিত শিক্ষাবৃত্তি প্রদানকারী সংস্থাগুলো ব্যক্তি পর্যায়ের অনুদান সংগ্রহ করে যোগ্য শিক্ষার্থীদের বৃত্তি দিতে পারবে। এসব অর্থ বেসরকারি বিদ্যালয়ের টিউশন ফি, অতিরিক্ত পাঠদান, স্কুল-পরবর্তী শিক্ষা কার্যক্রম এবং অনুমোদিত অন্যান্য শিক্ষাসংক্রান্ত খাতে ব্যবহার করা যাবে।
তবে করছাড়ের অর্থ সরাসরি নগদ সহায়তা নয়। অনুদানের বিপরীতে করদাতার প্রদেয় ফেডারেল আয়কর কমানোর সুযোগ দেওয়া হবে। একইভাবে প্রত্যেক শিক্ষার্থীকে নির্দিষ্ট অঙ্কের অর্থ দেওয়া হবে, এমন বিধানও নেই।
নতুন কর্মসূচিতে সংশ্লিষ্ট এলাকার মধ্যম আয়ের সর্বোচ্চ ৩০০ শতাংশ পর্যন্ত আয় রয়েছে, এমন পরিবারের শিক্ষার্থীরা নির্ধারিত শর্তে বৃত্তির যোগ্য হতে পারে।
গভর্নর হোকুল জানিয়েছেন, ফেডারেল বিধিমালা পর্যালোচনা করে তাঁর প্রশাসন মনে করছে, এই কর্মসূচি নিউইয়র্কের শিক্ষার্থী ও পরিবারগুলোর জন্য অতিরিক্ত কয়েক মিলিয়ন ডলার সংগ্রহের সুযোগ সৃষ্টি করবে। এতে অঙ্গরাজ্য কিংবা স্থানীয় সরকারের শিক্ষা বাজেট থেকে সরাসরি অর্থ কমানোর প্রয়োজন হবে না।
তবে গভর্নরের সিদ্ধান্তের বিরোধিতা করেছে শিক্ষক ইউনিয়নগুলো। নিউইয়র্ক সিটির ইউনাইটেড ফেডারেশন অব টিচার্সের সভাপতি মাইকেল মালগ্রু একে নেতৃত্বের ব্যর্থতা হিসেবে উল্লেখ করেছেন। তাঁর আশঙ্কা, এই কর্মসূচি পাবলিক স্কুল থেকে শিক্ষার্থী ও আর্থিক সহায়তা বেসরকারি বিদ্যালয়ের দিকে সরিয়ে নিতে পারে।
আমেরিকান ফেডারেশন অব টিচার্স এবং নাগরিক অধিকার সংগঠন এনএএসিপিও একই ধরনের উদ্বেগ জানিয়েছে। তাদের মতে, এতে শিক্ষাক্ষেত্রে বিদ্যমান বৈষম্য আরও বাড়তে পারে।
অন্যদিকে নিউইয়র্কের ক্যাথলিক বিশপরা গভর্নরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, কর্মসূচিটি বিভিন্ন আয়ের পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ বাড়াতে সহায়ক হবে।
এদিকে নিউইয়র্ককে অনুমোদিত শিক্ষাবৃত্তি প্রদানকারী সংস্থার তালিকা ফেডারেল সরকারের কাছে জমা দিতে হবে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর অনুমোদন ও আবেদন প্রক্রিয়া চালুর পরই অভিভাবকেরা বিস্তারিত জানতে পারবেন।

সর্বশেষ

advert

সর্বশেষ