ব্রেকিং নিউজ
  • ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
advert

নতুন শর্তে জয়েন্ট স্পনসরেও সংকট

যুক্তরাষ্ট্রে পাবলিক চার্জের কঠোর প্রয়োগ, ভিসা প্রত্যাখ্যানে উদ্বেগে অভিবাসন প্রত্যাশী বাংলাদেশিরা

শাহ্ এ সুমন, নিউইয়র্ক:
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ০৫:১০
...
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পরিবারভিত্তিক অভিবাসন ভিসার আবেদনে ‘পাবলিক চার্জ’ বিধানের প্রয়োগ ও স্পনসরশিপের আর্থিক শর্ত নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে। দীর্ঘদিন প্রশাসনিক প্রক্রিয়ায় অপেক্ষার পর পুনরায় সাক্ষাৎকারে অংশ নিয়েও পাবলিক চার্জের কারণে ভিসা প্রত্যাখ্যানের অভিজ্ঞতা জানিয়েছেন একাধিক বাংলাদেশি পরিবারের সদস্য। সামনে আসা ঘটনাগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বয়স্ক বাবা-মায়ের আবেদনও রয়েছে। তাঁদের যুক্তরাষ্ট্রে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ার আশঙ্কা উল্লেখ করে অভিবাসন ও জাতীয়তা আইনের ২১২(এ)(৪) ধারায় ভিসা প্রত্যাখ্যানের কথা জানানো হচ্ছে।
একই সময়ে স্পনসরের আয়, কর বিবরণী, চাকরি, সম্পদ ও আর্থিক দায়িত্ব পালনের সক্ষমতার প্রমাণ সংগ্রহ করতে গিয়ে সমস্যায় পড়ছেন কিছু আবেদনকারী। নিজস্ব আয় যথেষ্ট না হলে যোগ্য যৌথ স্পনসরের সহায়তা নেওয়ার সুযোগ বহাল থাকলেও এমন স্পনসর পাওয়া কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা। তাঁদের অভিজ্ঞতায়, আর্থিক দায় ও যাচাই নিয়ে উদ্বেগের কারণে পরিচিতজনদের কেউ কেউ যৌথ স্পনসর হতে আগ্রহ দেখাচ্ছেন না।
সম্প্রতি বাংলা পত্রিকা ও টাইম টেলিভিশনের সাথে আলাপকালে একাধিক বাংলাদেশি যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাশী হতাশা প্রকাশ করে প্রত্যাখানের বিষয়টি জানিয়েছেন।
বাংলাদেশ থেকে মিজান সিদ্দিকী জানান, তাঁর বাবার অভিবাসন ভিসার প্রথম সাক্ষাৎকার হয়েছিল ২০২৫ সালের ২৬ জুন। এরপর দীর্ঘদিন আবেদনটি প্রশাসনিক প্রক্রিয়ায় ছিল। সম্প্রতি পুনরায় সাক্ষাৎকারের জন্য ডাকা হলেও শেষ পর্যন্ত পাবলিক চার্জের কারণ দেখিয়ে ভিসা প্রত্যাখ্যান করা হয়েছে।
তাঁর বর্ণনা অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রবেশের পর তাঁর বাবা সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন বলে কনস্যুলার কর্মকর্তা মনে করেছেন এমনটি প্রত্যাখ্যান নোটিশে বলা হয়েছে । তবে কোন আর্থিক বা ব্যক্তিগত পরিস্থিতির ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা নোটিশে বিস্তারিত উল্লেখ নেই।
একই ধরনের অভিজ্ঞতার কথা বাংলা পত্রিকাকে জানিয়েছেন সিলেটের ষাটোর্ধ্ব এক বাংলাদেশি নারীর পরিবারের সদস্যরা। তাঁর ছেলে মিশিগানে বসবাস করেন এবং যুক্তরাষ্ট্রের নাগরিক। ছেলের আবেদনের ভিত্তিতে ওই নারী ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে প্রথম সাক্ষাৎকারে অংশ নিলেও ভিসা পাননি। পরিবারের ভাষ্য অনুযায়ী, ভিসা ইস্যু স্থগিত থাকার কারণে তখন আবেদনটির নিষ্পত্তি হয়নি।
গত ২২ সেপ্টেম্বর দ্বিতীয়বার সাক্ষাৎকার দিতে যান তিনি। পরিবারের দাবি, সাক্ষাৎকার শেষে কনস্যুলার কর্মকর্তা তাঁকে জানান, যুক্তরাষ্ট্রে গিয়ে তিনি সরকারি সুবিধা গ্রহণ করতে পারেন বলে তাঁর ভিসা প্রত্যাখ্যান করা হয়েছে।
এসব অভিজ্ঞতা বয়স্ক বাবা-মাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যেতে ইচ্ছুক পরিবারের উদ্বেগ সামনে আনলেও বাংলাদেশি আবেদনকারীদের মধ্যে পাবলিক চার্জের কারণে প্রত্যাখ্যান কতটা বেড়েছে, তার সামগ্রিক পরিসংখ্যান পাওয়া যায়নি। বয়স্ক আবেদনকারীদের ওপর এর প্রভাব অন্যদের তুলনায় বেশি কি না, সেটিও শুধু কয়েকটি ঘটনার ভিত্তিতে নিশ্চিত করা যায় না।
অন্যদিকে সব ‘রিফিউজড’ স্ট্যাটাসের অর্থ এক নয়। জয়া সরকার নামে আরেক বাংলাদেশি একটি ফেসবুক গ্রুপে জানিয়েছেন, তাঁর বাবার অভিবাসন ভিসার সাক্ষাৎকার হয়েছিল ২০২৫ সালের ৩১ ডিসেম্বর। সাক্ষাৎকারের পর আবেদনটি ২২১(জি) ধারায় রাখা হয়। পরে ২০২৬ সালের ১৪ জানুয়ারি ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে পাসপোর্ট জমা দিতে বলা হয়।
জয়ার দাবি, ২১ জানুয়ারি থেকে সংশ্লিষ্ট দেশের জন্য ভিসা ইস্যু স্থগিত হওয়ায় পরবর্তী সময়ে দূতাবাস পাসপোর্ট ফেরত দেয় এবং ফোন করে স্থগিত থাকার বিষয়টি জানায়। সর্বশেষ ৪ অক্টোবর তাঁর বাবার কেসটি আবার হালনাগাদ হলেও ইউএস স্টেট ডিপার্টমেন্টের কনস্যুলার ইলেকট্রনিক অ্যাপ্লিকেশন সেন্টারে ‘রিফিউজড’ দেখাচ্ছে।
তবে প্রশাসনিক প্রক্রিয়ায় থাকা আবেদনও ২২১(জি) ধারায় প্রত্যাখ্যাত হিসেবে প্রদর্শিত হতে পারে। প্রয়োজনীয় নথি পাওয়া বা প্রশাসনিক প্রক্রিয়া শেষ হওয়ার পর সেটি পুনর্বিবেচনার সুযোগ থাকে। ফলে জয়ার বাবার অনলাইন স্ট্যাটাসকে শুধু এই তথ্যের ভিত্তিতে পাবলিক চার্জজনিত প্রত্যাখ্যান বলা যায় না। প্রত্যাখ্যানের ধারা ও দূতাবাসের লিখিত নির্দেশনা এখানে গুরুত্বপূর্ণ। 
স্পনসরশিপের সংকটের আরেকটি উদাহরণ পাওয়া গেছে নিউইয়র্কে বসবাসরত এক বাংলাদেশি-আমেরিকানের অভিজ্ঞতায়। তিনি তাঁর বোন, বোনের স্বামী ও তাঁদের সন্তানদের জন্য আবেদন করেছেন। দীর্ঘ অপেক্ষার পর চলতি অক্টোবরের শেষ সপ্তাহে চার সদস্যের পরিবারের ভিসা সাক্ষাৎকারের তারিখ দেওয়া হয়েছে। কিন্তু প্রয়োজনীয় আর্থিক দায়িত্বের বিপরীতে তাঁর আয় যথেষ্ট নয় বলে জানিয়েছেন তিনি।
ওই ব্যক্তির ভাষ্য, যৌথ স্পনসরের জন্য আত্মীয়স্বজন ও পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ করেও কাউকে পাচ্ছেন না। অনেকে সহায়তা করতে চাইলেও আর্থিক দায় ও নতুন যাচাইয়ের বিষয়ে উদ্বেগ থেকে পিছিয়ে যাচ্ছেন। সাক্ষাৎকারের সময় ঘনিয়ে আসায় প্রয়োজনীয় আর্থিক নথি প্রস্তুত করা নিয়ে অনিশ্চয়তায় রয়েছে পরিবারটি।
যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনে পাবলিক চার্জের বিধান আগে থেকেই রয়েছে। এর আওতায় আবেদনকারী ভবিষ্যতে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন কি না, তা মূল্যায়ন করা হয়। ইউএস স্টেট ডিপার্টমেন্টের নির্দেশনা অনুযায়ী, আবেদনকারীর বয়স, স্বাস্থ্য, পারিবারিক অবস্থা, শিক্ষা, দক্ষতা ও আর্থিক সম্পদের পাশাপাশি স্পনসরের আর্থিক পরিস্থিতিও বিবেচনায় আসতে পারে। তাই আর্থিক সহায়তার অঙ্গীকারপত্র বা ফরম আই-৮৬৪ জমা দিলেই ভিসা অনুমোদন নিশ্চিত হয় না। 
এই মূল্যায়নে বয়স্ক বাবা-মায়ের ক্ষেত্রে বয়স ও স্বাস্থ্যসংক্রান্ত পরিস্থিতি প্রাসঙ্গিক হতে পারে। তবে বয়স বেশি হলেই ভিসা প্রত্যাখ্যান হবে, এমন স্বয়ংক্রিয় বিধান নেই। আবেদনকারীর সামগ্রিক পরিস্থিতি ও পর্যাপ্ত আর্থিক সহায়তার প্রমাণ গুরুত্বপূর্ণ। একইভাবে ন্যূনতম আয়ের শর্ত পূরণ করা এবং পাবলিক চার্জের আপত্তি কাটিয়ে ওঠা সম্পর্কিত হলেও পৃথক মূল্যায়নের বিষয়।
ট্রাম্প প্রশাসনের অধীনে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি পাবলিক চার্জসংক্রান্ত ২০২২ সালের বিধিমালা বাতিল করেছে। নতুন বিধান ২০২৬ সালের ১৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। এতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আবেদনকারীর সামগ্রিক পরিস্থিতি বিবেচনার সুযোগ বাড়ানো হয়েছে। নতুন বিধান ওই তারিখ থেকে করা প্রবেশের আবেদন এবং ওই তারিখ বা তার পরে জমা দেওয়া স্ট্যাটাস সমন্বয়ের আবেদনে প্রযোজ্য। আগে গৃহীত ও বিচারাধীন স্ট্যাটাস সমন্বয়ের আবেদনের জন্য আলাদা প্রয়োগবিধি রয়েছে। 
তবে বিদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাস বা কনস্যুলেটে অভিবাসন ভিসার সিদ্ধান্ত ইউএস স্টেট ডিপার্টমেন্টের বিধান ও নির্দেশনার অধীনে হয়। ফলে ঢাকায় আলোচিত প্রত্যাখ্যানগুলোর সঙ্গে সেপ্টেম্বরের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির পরিবর্তনের সরাসরি সম্পর্ক রয়েছে বলে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। একইভাবে কোনো পরিবারের অভিজ্ঞতাকে সব পরিবারভিত্তিক ভিসা ক্যাটাগরির জন্য অভিন্ন ফলাফল হিসেবে দেখার সুযোগ নেই।
স্পনসরশিপের ক্ষেত্রে অধিকাংশ পরিবারভিত্তিক আবেদনে স্পনসরের বার্ষিক আয় ফেডারেল দারিদ্র্যসীমার অন্তত ১২৫ শতাংশ হতে হয়। এটি নতুন কোনো শর্ত নয়। দারিদ্র্যসীমার বার্ষিক হালনাগাদের সঙ্গে প্রয়োজনীয় আয়ের ডলারের অঙ্ক পরিবর্তিত হয়।
২০২৬ সালের নির্দেশিকা অনুযায়ী, নিউইয়র্কসহ মূল ভূখণ্ডের ৪৮টি স্টেট ও ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ায় দুই সদস্যের পরিবারের জন্য সাধারণ স্পনসরের ন্যূনতম বার্ষিক আয় ২৭ হাজার ৫০ ডলার। তিন সদস্যের জন্য ৩৪ হাজার ১৫০ ডলার এবং চার সদস্যের জন্য ৪১ হাজার ২৫০ ডলার প্রয়োজন। পাঁচ সদস্যের ক্ষেত্রে ৪৮ হাজার ৩৫০ ডলার, ছয় সদস্যের জন্য ৫৫ হাজার ৪৫০ ডলার, সাত সদস্যের জন্য ৬২ হাজার ৫৫০ ডলার এবং আট সদস্যের জন্য ৬৯ হাজার ৬৫০ ডলার। আটজনের বেশি হলে অতিরিক্ত প্রত্যেক সদস্যের জন্য ৭ হাজার ১০০ ডলার যোগ হয়। আলাস্কা ও হাওয়াইয়ে আলাদা সীমা প্রযোজ্য। 
এখানে পরিবারের সদস্যসংখ্যা বলতে শুধু বাংলাদেশ থেকে যাঁরা যুক্তরাষ্ট্রে আসবেন, তাঁদের সংখ্যা বোঝায় না। স্পনসর নিজে, তাঁর স্বামী বা স্ত্রী, নির্ভরশীল সদস্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আগে স্পনসর করা ব্যক্তিদেরও হিসাবের মধ্যে রাখতে হয়। ফলে চারজন অভিবাসনপ্রত্যাশীকে স্পনসর করতে প্রয়োজনীয় আয় সব ক্ষেত্রে চার সদস্যের পরিবারের সীমায় নির্ধারিত হবে না।
আয় কম হলে যোগ্য পরিবারের সদস্যের আয় যুক্ত করা, গ্রহণযোগ্য সম্পদের প্রমাণ দেওয়া অথবা যোগ্য যৌথ স্পনসরের সহায়তা নেওয়ার সুযোগ রয়েছে। পরিবারের সদস্যের আয় ব্যবহারে প্রযোজ্য ক্ষেত্রে ফরম আই-৮৬৪এ প্রয়োজন হয়। যৌথ স্পনসরকে তাঁর নিজের পরিবার ও যাঁদের দায়িত্ব নিচ্ছেন, তাঁদের ভিত্তিতে নির্ধারিত আর্থিক শর্ত পূরণ করতে হয়। যৌথ স্পনসর থাকলেও মূল আবেদনকারী স্পনসরের নিজস্ব আই-৮৬৪ জমা দেওয়ার বাধ্যবাধকতা সাধারণত বহাল থাকে।
স্পনসরশিপ কেবল আনুষ্ঠানিক স্বাক্ষর নয়। আই-৮৬৪ একটি আইনগতভাবে বলবৎযোগ্য আর্থিক অঙ্গীকার। সাধারণভাবে সংশ্লিষ্ট অভিবাসী যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়া অথবা সামাজিক নিরাপত্তা আইনের অধীনে ৪০টি যোগ্য কর্মকাল অর্জন করা পর্যন্ত এই দায়িত্ব চলতে পারে। নির্দিষ্ট সরকারি সুবিধা গ্রহণের ক্ষেত্রে সুবিধা প্রদানকারী সংস্থা স্পনসরের কাছে অর্থ ফেরতও চাইতে পারে। এই দায় নতুন নয়, তবে যৌথ স্পনসর হওয়ার সিদ্ধান্তে তা গুরুত্বপূর্ণ। 
আর্থিক যাচাইয়ে সর্বশেষ ফেডারেল আয়কর রিটার্ন বা আইআরএসের কর বিবরণী, বর্তমান চাকরি ও বেতনের প্রমাণ এবং প্রযোজ্য ক্ষেত্রে সম্পদের নথি প্রয়োজন হতে পারে। আয়ের ঘাটতি সম্পদ দিয়ে পূরণ করতে চাইলে সম্পদের মালিকানা, দায়দেনা বাদ দেওয়ার পর মূল্য এবং তা নগদে রূপান্তরের সক্ষমতার প্রমাণও গুরুত্বপূর্ণ। আবেদনকারীর সম্ভাব্য চাকরির প্রস্তাব পাবলিক চার্জ মূল্যায়নে সহায়ক হতে পারে, কিন্তু সেটি প্রয়োজনীয় আই-৮৬৪ এর বিকল্প নয়। 
স্পনসরের ক্রেডিট তথ্য যাচাই নিয়েও পরিবারগুলোর মধ্যে উদ্বেগ রয়েছে। তবে সব স্পনসরের জন্য নির্দিষ্ট ন্যূনতম ক্রেডিট স্কোর বাধ্যতামূলক করা হয়েছে কিংবা যৌথ স্পনসর নেওয়ার সুযোগ বন্ধ হয়েছে, এমন সিদ্ধান্তে পৌঁছানোর ভিত্তি নেই। আর্থিক তথ্য যাচাইয়ের অনুমতি, প্রয়োজনীয় আয়ের শর্ত এবং স্পনসরের আইনগত দায়কে পৃথকভাবে বুঝতে হবে।
পাবলিক চার্জের কারণে প্রত্যাখ্যানের পরও কিছু ক্ষেত্রে অতিরিক্ত প্রমাণ দিয়ে আপত্তি কাটিয়ে ওঠার সুযোগ রয়েছে। যোগ্য যৌথ স্পনসর বা পর্যাপ্ত আর্থিক সম্পদের নথি সহায়ক হতে পারে, যদিও নতুন নথি জমা দিলেই অনুমোদন নিশ্চিত নয়। ইউএস স্টেট ডিপার্টমেন্ট গত ৫ আগস্ট জানিয়েছে, নির্বাচিত কিছু অভিবাসন ভিসার আবেদনে পাবলিক চার্জ বন্ডের পরীক্ষামূলক ব্যবস্থা চালু রয়েছে। এটি সবার জন্য উন্মুক্ত নয়; সংশ্লিষ্ট আবেদনকারীকে কনস্যুলার কর্মকর্তা জানাবেন। অন্য সব যোগ্যতা পূরণ হলে বন্ড অনুমোদনের ভিত্তিতে আগে ২১২(এ)(৪) ধারায় প্রত্যাখ্যাত ভিসা ইস্যুর সুযোগ থাকতে পারে। 
এর পাশাপাশি যুক্তরাষ্ট্রে অবস্থান করে গ্রিন কার্ডের আবেদন নিষ্পত্তির দুটি নীতিগত পরিবর্তন নিয়ে আদালতে চ্যালেঞ্জ হয়েছে। গত ৫ অক্টোবর ম্যাসাচুসেটসের ফেডারেল আদালতে শিক্ষক সংগঠন, শ্রমিক ইউনিয়ন, অভিবাসী অধিকার সংগঠন ও ছয়জন আবেদনকারী মামলা করেন। মামলাটি বিদেশে ভিসা সাক্ষাৎকারের পরিবর্তে যুক্তরাষ্ট্রে থেকেই স্থায়ী বাসিন্দা হওয়ার আবেদন বা অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাস প্রক্রিয়া নিয়ে।
মামলাকারীদের অভিযোগ, মে মাসের নীতিতে যুক্তরাষ্ট্রে থেকে আবেদন করার সিদ্ধান্তকে নেতিবাচক বিবেচনার বিষয় করা হয়েছে। আগস্টের আরেক নীতিতে অতিরিক্ত প্রমাণ দেওয়ার সুযোগ না দিয়েও কিছু আবেদন প্রত্যাখ্যানের ক্ষমতা বাড়ানো হয়েছে। তাঁরা নীতিগুলো স্থগিত ও বাতিলের আবেদন জানিয়েছেন। এগুলো মামলাকারীদের অভিযোগ; মামলা হওয়াকে নীতিগুলো বাতিলের আদালতি সিদ্ধান্ত হিসেবে দেখা যাবে না। 
বাংলাদেশি পরিবারগুলোর সামনে আসা অভিজ্ঞতায় স্পষ্ট হচ্ছে, দীর্ঘ অপেক্ষার পর সাক্ষাৎকারের সুযোগ পাওয়া কিংবা পারিবারিক সম্পর্কের আবেদন অনুমোদিত হওয়াই অভিবাসন ভিসা পাওয়ার নিশ্চয়তা নয়। স্পনসরের প্রকৃত আয়, পরিবারের সঠিক সদস্যসংখ্যা, আর্থিক অঙ্গীকার ও আবেদনকারীর সামগ্রিক পরিস্থিতির প্রমাণ সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বিশেষ করে বয়স্ক বাবা-মাকে নিয়ে আসতে ইচ্ছুক পরিবার এবং যৌথ স্পনসরের ওপর নির্ভরশীল আবেদনকারীদের জন্য এই অনিশ্চয়তা পারিবারিক পুনর্মিলনের অপেক্ষা আরও দীর্ঘ করছে।


নিউজ সম্পাদনায় শাহ্ এ সুমন

সর্বশেষ

advert

সর্বশেষ