বাংলা পত্রিকা রিপোর্ট: প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ০৪:১০
ছবি: সংগৃহীত
নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে যুক্তরাষ্ট্রের স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে নিউইয়র্কে বাংলাদেশ মিশনকে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক ১২ উপদেষ্টা। অন্যদিকে, বিমানবন্দরে ড. ইউনূসের মুখোমুখি হওয়া আওয়ামী লীগ নেতা এমদাদ চৌধুরী দাবি করেছেন, তিনি কাউকে শারীরিকভাবে আক্রমণ করেননি, কেবল প্রশ্ন করেছেন। সোমবার (১২ অক্টোবর) কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা থেকে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছান ড. ইউনূস। বিকেলে বিমানবন্দরের আট নম্বর টার্মিনাল থেকে হুইলচেয়ারে বের হওয়ার সময় প্রবাসী আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন নেতা-কর্মী তাঁকে লক্ষ্য করে উচ্চস্বরে বিভিন্ন মন্তব্য ও স্লোগান দিতে থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ড. ইউনূসকে উদ্দেশ করে ‘ইউ আর টেররিস্ট’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’, ‘গো ব্যাক’ এবং ‘ইউ ডেস্ট্রয় ডেমোক্রেসি’সহ বিভিন্ন মন্তব্য করা হচ্ছে। এ সময় ড. ইউনূসকে কোনো প্রতিক্রিয়া জানাতে দেখা যায়নি। পরিস্থিতির একপর্যায়ে নিরাপত্তাকর্মীরা তাঁকে সেখান থেকে সরিয়ে নেন। ঘটনার সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে জানতে চাইলে নিউইয়র্ক থেকে মোবাইল ফোনে টাইম টেলিভিশনের সঙ্গে কথা বলেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী। প্রথমে নিজের নাম প্রকাশে অনীহা জানিয়ে তিনি বলেন, ‘আমরা কয়েকজন মিলে সেখানে গিয়েছিলাম। ড. মুহাম্মদ ইউনূসকে দেখে আমি প্রথমে প্রশ্ন করি, আপনি কি ড. ইউনূস? এরপর বলেছি, আপনি ক্ষমতায় থাকাকালে বাংলাদেশকে ধ্বংস করেছেন।’ এমদাদ বলেন, ‘আমি তাঁকে প্রশ্ন করেছি, এসব ঘটনার দায় কে নেবে? কিন্তু তিনি আমার কোনো প্রশ্নের উত্তর দেননি।’ নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, ‘ড. ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা ছিলেন। তাঁর দায়িত্ব পালনকালে যেসব ঘটনা ঘটেছে, সেগুলোর বিষয়ে তাঁকে প্রশ্ন করার অধিকার আমার আছে। আমি শুধু সেই প্রশ্নই করেছি।’ হেনস্তা ও শারীরিক আক্রমণের অভিযোগ সম্পর্কে এমদাদ চৌধুরী বলেন, ‘আমি তাঁকে শারীরিকভাবে আক্রমণ করিনি। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় ভদ্রভাবে প্রশ্ন করেছি। তাঁকে গালিগালাজ করিনি, গায়ে হাত তুলিনি, পানি ছিটাইনি কিংবা ডিমও মারিনি। আমি শুধু প্রশ্ন করেছি। প্রশ্ন করার অধিকার আমার রয়েছে।’ তবে ড. ইউনূসকে ‘সন্ত্রাসী’ বলে সম্বোধন করার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, ‘আমি তাঁকে সন্ত্রাসী বলেছি। আমার মতে, তিনি একজন সন্ত্রাসী। আমি বিশ্বাস করি, বাংলাদেশের ঘটনাগুলোর জন্য তাঁকে জবাবদিহি করতে হবে।’ এদিকে মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান জানান, ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকার আইনি পদক্ষেপ নেবে। তিনি বলেন, ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তার ঘটনায় যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে, এ ক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে। বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতা-কর্মীদের এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। জাহেদ উর রহমান আরও জানান, সাবেক প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসের প্রাপ্য মর্যাদা ও নিরাপত্তাব্যবস্থায় কোনো ঘাটতি ছিল কি না, সরকার সেটিও খতিয়ে দেখবে। একই দিন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নিউইয়র্কের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানায়। বিবৃতিতে বলা হয়, ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংশ্লিষ্ট ব্যক্তিরা জড়িত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় নিউইয়র্কে বাংলাদেশ মিশনকে বিষয়টি স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে উত্থাপন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছে। অন্যদিকে, এ ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাবেক ১২ উপদেষ্টা। মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে তাঁরা বলেন, নোবেলজয়ী অধ্যাপক ইউনূসকে লক্ষ্য করে ধারাবাহিক হয়রানি, অনলাইনে অপপ্রচার এবং পরিকল্পিত আক্রমণের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তাঁদের অভিযোগ, একটি স্বার্থান্বেষী মহল নিয়মিতভাবে ড. ইউনূসের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ প্রচার চালাচ্ছে এবং তাঁকে শারীরিকভাবে আঘাত করার হুমকি দিচ্ছে। ভয়ভীতি, অপপ্রচার ও হয়রানির মাধ্যমে জুলাইয়ের পরিবর্তনের আকাঙ্ক্ষা দমিয়ে রাখা যাবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। বিবৃতিতে স্বাক্ষর করেন সাবেক উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, মুহাম্মদ ফাওজুল কবির খান, সি আর আবরার, আসিফ নজরুল, আদিলুর রহমান খান, জাহাঙ্গীর আলম চৌধুরী, সাখাওয়াত হোসেন, ফারুক-ই-আজম, ফরিদা আখতার, শারমিন এস মুরশিদ, মোস্তফা সরয়ার ফারুকী এবং সৈয়দা রিজওয়ানা হাসান। নিউইয়র্কের বিমানবন্দরে সংঘটিত এ ঘটনা নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। একদিকে প্রতিবাদ ও প্রশ্ন করার অধিকারের বিষয়টি সামনে এসেছে, অন্যদিকে একজন সাবেক সরকারপ্রধানকে প্রকাশ্যে অপমান ও হেনস্তার অভিযোগ নিয়ে উঠেছে প্রশ্ন। তবে সরকার আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিলেও মঙ্গলবার পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে কোনো মামলা দায়ের বা গ্রেপ্তারের তথ্য নিশ্চিত হওয়া যায়নি।