নিউইয়র্ক ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার | ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
১ লাখ ৭৬ হাজার জরিমানার নোটিশ পাঠানোর দাবি ডিএইচএসের
জরিমানার চাপে স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছেড়েছেন ৮২ হাজার অভিবাসী
বাংলা পত্রিকা ডেস্ক: প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ০৪:১০
ছবি: প্রতীকী ও সংগৃহীত
যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস এবং বহিষ্কার আদেশ অমান্য করার বিরুদ্ধে কঠোর আর্থিক জরিমানার নীতি কার্যকরের পর ৮২ হাজারের বেশি অভিবাসী স্বেচ্ছায় দেশ ছেড়েছেন বলে দাবি করেছে ট্রাম্প প্রশাসন। একই সময়ে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে প্রায় ১ লাখ ৭৬ হাজার জরিমানার নোটিশ দিয়েছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি বা ডিএইচএস। জরিমানার মোট অঙ্ক প্রায় ৮ হাজার ৪০০ কোটি ডলার বলে জানিয়েছে সংস্থাটি। তবে এই অর্থ আদায় হয়নি, জরিমানা হিসেবে ধার্য করা হয়েছে। অভিবাসীদের দ্রুত দেশত্যাগে উৎসাহিত করতে জরিমানা আরোপের প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করার চূড়ান্ত বিধিমালা প্রকাশের উদ্যোগ নিয়েছে প্রশাসন। যদিও সম্প্রতি এক ফেডারেল বিচারক আগের জরিমানা কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেওয়ায় নতুন করে আইনি বিতর্ক তৈরি হয়েছে। মঙ্গলবার ১৩ অক্টোবর প্রকাশিত নিউজউইকের প্রতিবেদনে বলা হয়েছে, ফেডারেল রেজিস্টারে প্রকাশের জন্য প্রস্তুত ডিএইচএস ও বিচার বিভাগের যৌথ বিধিমালায় অভিবাসনসংক্রান্ত জরিমানা এবং স্বেচ্ছায় দেশত্যাগের সর্বশেষ পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। নতুন বিধিমালা ১৪ অক্টোবর প্রকাশ ও কার্যকর হওয়ার কথা রয়েছে। সরকারি নথি অনুযায়ী, ২০২৫ সালের ২৬ মার্চ থেকে চলতি বছরের ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চূড়ান্ত বহিষ্কার আদেশ অথবা স্বেচ্ছায় দেশত্যাগের নির্দেশ পাওয়া ৮২ হাজারের বেশি অভিবাসী যুক্তরাষ্ট্র ছেড়েছেন। তাঁদের মধ্যে প্রায় ৭ হাজার ৭০০ জন জরিমানার নোটিশ পাওয়ার পর দেশত্যাগ করেছেন। ফলে ৮২ হাজার ব্যক্তির সবাই যে সরাসরি জরিমানা পাওয়ার কারণে দেশ ছেড়েছেন, এমন সিদ্ধান্ত নেওয়া যায় না। ডিএইচএস জানিয়েছে, ২০২৫ সালের ২৭ জুন জরিমানার প্রক্রিয়া সহজ করার পর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত আইস প্রায় ১ লাখ ১০ হাজার অভিবাসনসংক্রান্ত জরিমানা আরোপ করেছে। একই সময়ে ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন অবৈধ প্রবেশের অভিযোগে আরও প্রায় ৬৬ হাজার জরিমানা দিয়েছে। এর আগে ২০২৫ সালের ২৬ মার্চ থেকে ২৬ জুন পর্যন্ত পুরোনো পদ্ধতিতে প্রায় ১২ হাজার ১৩৫টি জরিমানার নোটিশ দেওয়া হয়েছিল। নতুন পদ্ধতি চালুর পর সাপ্তাহিক জরিমানার সংখ্যা প্রায় ৯৩০ থেকে বেড়ে ২ হাজার ৮০০-তে পৌঁছেছে বলে সরকারি নথিতে উল্লেখ করা হয়েছে। নতুন বিধিমালায় চূড়ান্ত বহিষ্কার আদেশের পর ইচ্ছাকৃতভাবে যুক্তরাষ্ট্র না ছাড়লে প্রতিদিন সর্বোচ্চ ৯৯৮ ডলার জরিমানার বিধান রয়েছে। দীর্ঘদিন আদেশ অমান্য করলে এই অর্থ কয়েক লাখ ডলার ছাড়িয়ে যেতে পারে। স্বেচ্ছায় দেশত্যাগের অনুমোদিত সময়সীমা অমান্য করলে প্রায় ১ হাজার ৯৯২ থেকে ৯ হাজার ৯৭০ ডলার পর্যন্ত জরিমানা হতে পারে। অন্যদিকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ কিংবা প্রবেশের চেষ্টার সময় আটক হলে ১০০ থেকে ৫০০ ডলার পর্যন্ত পৃথক জরিমানার বিধান রয়েছে। নতুন নিয়মে জরিমানার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সময়সীমা সাধারণত ১৫ কার্যদিবস। আপিলের সিদ্ধান্ত বিচার বিভাগের পরিবর্তে ডিএইচএসের সংশ্লিষ্ট কর্মকর্তারা পর্যালোচনা করবেন। তবে ডাকযোগে নোটিশ পৌঁছাতে বিলম্বের কারণে নির্ধারিত সময়ের মধ্যে আপিল করা সম্ভব না হলে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে বিলম্বিত আপিল গ্রহণের সুযোগ রাখা হয়েছে। এদিকে ট্রাম্প প্রশাসন স্বেচ্ছায় দেশত্যাগে উৎসাহিত করতে সিবিপি হোম কর্মসূচির মাধ্যমে সর্বোচ্চ ৩ হাজার ডলার আর্থিক সহায়তা, নিজ দেশে ফেরার বিমানের টিকিট এবং নির্দিষ্ট অভিবাসনসংক্রান্ত জরিমানা মওকুফের সুবিধা দেওয়ার কথা জানিয়েছে। ডিএইচএসের এক মুখপাত্র নিউজউইককে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের সীমান্ত নিরাপত্তা এবং অভিবাসন আইন কার্যকরে বিদ্যমান সব আইনি ব্যবস্থা ব্যবহার করছেন। প্রশাসনের দাবি, কঠোর জরিমানার নীতি কার্যকর হওয়ার ফলে বহিষ্কার আদেশ পাওয়া ব্যক্তিদের স্বেচ্ছায় দেশত্যাগের প্রবণতা বেড়েছে। তবে অভিবাসী অধিকার সংগঠনগুলোর অভিযোগ, অতিরিক্ত আর্থিক জরিমানা এবং আপিলের সময়সীমা কমিয়ে দেওয়ার ফলে অনেক অভিবাসী যথাযথ আইনি প্রতিকার পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন। গত ৫ অক্টোবর ম্যাসাচুসেটসের ফেডারেল বিচারক জর্জ ও'টুল অভিবাসীদের ওপর সর্বোচ্চ ১৮ লাখ ডলার পর্যন্ত জরিমানা আরোপের নীতির বিরুদ্ধে স্থগিতাদেশ দেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, প্রশাসন জরিমানা আরোপের প্রক্রিয়া পরিবর্তনের সময় প্রয়োজনীয় প্রশাসনিক নিয়ম অনুসরণ করেনি। পাশাপাশি অনেক ক্ষেত্রে ব্যক্তির নির্দিষ্ট পরিস্থিতি যথাযথভাবে যাচাই না করেই জরিমানা দেওয়া হয়েছে। নতুন চূড়ান্ত বিধিমালায় আগের প্রক্রিয়ার বেশির ভাগ নিয়ম বহাল রাখা হয়েছে। ফলে আদালতের স্থগিতাদেশের পর এই বিধিমালা বাস্তবায়ন নিয়ে আরও আইনি প্রশ্ন তৈরি হতে পারে। তবে সরকারি নথিতে স্পষ্ট করা হয়েছে, চূড়ান্ত ও কার্যকর বহিষ্কার আদেশ নেই অথবা আদালতের স্থগিতাদেশসহ নির্দিষ্ট আইনগত সুরক্ষা রয়েছে, এমন ব্যক্তিদের ক্ষেত্রে একইভাবে দেশত্যাগ না করার জরিমানা প্রযোজ্য হওয়ার কথা নয়। অভিবাসন আইন বিশেষজ্ঞদের মতে, জরিমানার নোটিশ পাওয়া ব্যক্তিদের নিজেদের মামলার অবস্থা, বহিষ্কার আদেশ, আপিলের অধিকার এবং আদালতের সাম্প্রতিক সিদ্ধান্ত যাচাই করা জরুরি। বিশেষ করে বড় অঙ্কের জরিমানার ক্ষেত্রে আইনগত পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে।