ব্রেকিং নিউজ
  • ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
advert

যুক্তরাষ্ট্রজুড়ে ডেমোক্র্যাটদের উত্থান, নিউইয়র্কে প্রত্যাশিত জোয়ার নেই

বাংলা পত্রিকা ডেস্ক:
প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ০৭:১০
...
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে দেশজুড়ে ডেমোক্র্যাটদের সমর্থন বাড়লেও নিউইয়র্কে সেই উত্থানের প্রতিফলন তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে। সাম্প্রতিক একাধিক জনমত জরিপে ডেমোক্র্যাটরা এগিয়ে থাকলেও ব্যবধান আগের নির্বাচনের তুলনায় অনেকটাই কম। ফলে দীর্ঘদিনের ডেমোক্র্যাট-অধ্যুষিত নিউইয়র্কে রাজনৈতিক সমীকরণ পরিবর্তনের সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বুধবার নিউজউইকের এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে জাতীয় পর্যায়ে ডেমোক্র্যাটদের সমর্থন বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে নিউইয়র্কে সাম্প্রতিক জরিপগুলোয় দলটির এগিয়ে থাকার ব্যবধান ১১ থেকে ১৩ শতাংশ পয়েন্টের মধ্যে রয়েছে।
মারিস্ট ইউনিভার্সিটির ১ থেকে ৪ অক্টোবর পরিচালিত জরিপে দেখা গেছে, নিউইয়র্কে কংগ্রেস নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীদের সমর্থন ৫৫ শতাংশ এবং রিপাবলিকানদের ৪২ শতাংশ। একই জরিপে গভর্নর পদে বর্তমান ডেমোক্র্যাট গভর্নর ক্যাথি হোকুলের পক্ষে ৫৩ শতাংশ এবং রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ব্রুস ব্লেকম্যানের পক্ষে ৪২ শতাংশ ভোটার মত দিয়েছেন।
এর আগে সিয়েনা ইউনিভার্সিটির সেপ্টেম্বরের জরিপে কংগ্রেস নির্বাচনে ডেমোক্র্যাটদের সমর্থন ছিল ৫১ শতাংশ এবং রিপাবলিকানদের ৪০ শতাংশ। গভর্নর পদে হোকুল ৫০ শতাংশ এবং ব্লেকম্যান ৪১ শতাংশ সমর্থন পান। তবে কুইনিপিয়াক ইউনিভার্সিটির আরেক জরিপে হোকুলের ব্যবধান তুলনামূলক বেশি ছিল। সেখানে তিনি ৫৮ শতাংশ এবং ব্লেকম্যান ৩৯ শতাংশ সমর্থন পান।
নিউজউইকের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন নিউইয়র্কে প্রায় ২৩ শতাংশ পয়েন্ট ব্যবধানে জয়ী হয়েছিলেন। কিন্তু ২০২৪ সালে কমলা হ্যারিসের জয়ের ব্যবধান কমে ১৩ শতাংশ পয়েন্টের নিচে নেমে আসে। ওই নির্বাচনে যুক্তরাষ্ট্রের অন্য যেকোনো স্টেটের তুলনায় নিউইয়র্কে রিপাবলিকানদের দিকে ভোটের পরিবর্তন ছিল সবচেয়ে বেশি।
এই পরিবর্তনের পেছনে হিস্পানিক ও এশিয়ান আমেরিকান ভোটারদের একটি অংশের রিপাবলিকানদের দিকে ঝুঁকে পড়া এবং নিউইয়র্ক সিটির বাইরের শহরতলি এলাকায় ডেমোক্র্যাটদের তুলনামূলক দুর্বল অবস্থানকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা হচ্ছে।
ফোর্ডহ্যাম ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক বরিস হিয়ারসিঙ্ক নিউজউইককে বলেন, সাম্প্রতিক জরিপগুলো নিউইয়র্কে ডেমোক্র্যাটদের দীর্ঘমেয়াদি পতনের প্রমাণ নয়। তবে ২০১০-এর দশকে স্টেটটিতে দলটির যে প্রায় নিরঙ্কুশ রাজনৈতিক আধিপত্য ছিল, সেই সময় শেষ হয়েছে বলে তিনি মনে করেন।
অন্যদিকে সিরাকিউজ ইউনিভার্সিটির অধ্যাপক গ্র্যান্ট ডেভিস রিহার মনে করেন, নিউইয়র্কের উচ্চ কর, সরকারি ব্যয় এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান খরচ নিয়ে ভোটারদের অসন্তোষ রিপাবলিকানদের রাজনৈতিক বক্তব্য তুলে ধরার সুযোগ তৈরি করেছে।
নিউইয়র্ক সিটিতে মেয়র জোহরান মামদানির বিজয়ের পর ডেমোক্রেটিক সোশ্যালিস্টদের প্রভাবও বেড়েছে। তবে দলটির মধ্যপন্থি অংশের কেউ কেউ আশঙ্কা করছেন, অপেক্ষাকৃত রক্ষণশীল শহরতলি এবং স্বতন্ত্র ভোটারদের মধ্যে এই রাজনৈতিক পরিবর্তন বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে। বিপরীতে প্রগতিশীল নেতাদের সমর্থকেরা মনে করেন, তরুণ ও নতুন ভোটারদের অংশগ্রহণ বাড়ানোর সুযোগ রয়েছে।
নিউজউইকের বিশ্লেষণে নিউইয়র্কের দুটি গুরুত্বপূর্ণ কংগ্রেস আসনের কথাও উল্লেখ করা হয়েছে। তৃতীয় কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে ডেমোক্র্যাট টম সুওজি রিপাবলিকান মাইক লেপেট্রির মুখোমুখি হচ্ছেন। অন্যদিকে সপ্তদশ ডিস্ট্রিক্টে রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক ললারের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডেমোক্র্যাট কেইট কনলি। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নির্ধারণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনগুলোর ফলাফল গুরুত্বপূর্ণ হতে পারে।
জাতীয় পর্যায়ে রিয়েলক্লিয়ারপলিটিকসের জরিপ গড়ে ডেমোক্র্যাটদের এগিয়ে থাকার ব্যবধান প্রায় ৭ দশমিক ৮ শতাংশ পয়েন্ট। অথচ ২০২৪ সালের কংগ্রেস নির্বাচনে জাতীয় ভোটে রিপাবলিকানরা প্রায় ২ দশমিক ৭ শতাংশ পয়েন্ট এগিয়ে ছিল।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিউইয়র্কে ভোটের ফলাফলে লং আইল্যান্ড, হাডসন ভ্যালি এবং নিউইয়র্ক সিটির হিস্পানিক ও এশিয়ান আমেরিকান অধ্যুষিত এলাকাগুলোর ভোটারদের ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হবে।

নিউজ সম্পাদনায় শাহ্ এ সুমন

সর্বশেষ

advert

সর্বশেষ