যুক্তরাষ্ট্রে থেকেই গ্রিন কার্ডের আবেদন করার প্রক্রিয়ায় ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক দুটি নীতিগত পরিবর্তনকে চ্যালেঞ্জ করে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস বা ইউএসসিআইএসের বিরুদ্ধে ফেডারেল মামলা হয়েছে। নিউজউইকের এক প্রতিবেদনে বলা হয়েছে, শ্রমিক ইউনিয়ন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন, অভিবাসী অধিকার সংগঠন এবং ছয়জন গ্রিন কার্ড আবেদনকারী গত ৫ অক্টোবর ম্যাসাচুসেটসের ফেডারেল আদালতে মামলাটি করেন।
মামলায় ইউএসসিআইএসের মে ও আগস্টে জারি করা দুটি নীতি চ্যালেঞ্জ করা হয়েছে। এসব নীতি মূলত অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাস প্রক্রিয়াকে প্রভাবিত করছে। এ প্রক্রিয়ায় যোগ্য অভিবাসীরা যুক্তরাষ্ট্র না ছেড়েই স্থায়ী বাসিন্দা বা গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারেন।
নিউজউইকের প্রতিবেদনে বলা হয়, গত ২১ মে জারি করা নীতিতে ইউএসসিআইএস কর্মকর্তাদের আবেদনকারীর ক্ষেত্রে আরও বিস্তৃত বিবেচনামূলক ক্ষমতা দেওয়া হয়। এর ফলে কেউ যুক্তরাষ্ট্রে থেকেই গ্রিন কার্ডের আবেদন করেছেন, নাকি বিদেশে গিয়ে কনস্যুলার প্রসেসিংয়ের মাধ্যমে আবেদন করেছেন—সেটিও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিবেচনায় আসতে পারে।
অন্যদিকে আগস্টের নীতিতে কিছু ক্ষেত্রে ইউএসসিআইএস কর্মকর্তাদের অতিরিক্ত প্রমাণ চেয়ে আরএফই বা সম্ভাব্য প্রত্যাখ্যানের নোটিশ না দিয়েই আবেদন নাকচ করার ক্ষমতা বাড়ানো হয়েছে। এই নীতি নতুন আবেদনের পাশাপাশি আগে থেকে বিচারাধীন থাকা কিছু আবেদনের ক্ষেত্রেও প্রযোজ্য।
মামলাকারীদের অভিযোগ, নতুন নীতির কারণে এমন আবেদনকারীরাও ক্ষতিগ্রস্ত হতে পারেন, যারা নীতি পরিবর্তনের আগেই আবেদন করেছিলেন এবং নতুন মানদণ্ড অনুযায়ী অতিরিক্ত প্রমাণ দেওয়ার প্রয়োজন ছিল বলে জানতেন না। তাদের দাবি, এতে আবেদনকারীরা নিজেদের অবস্থান ব্যাখ্যা করার সুযোগ না পেয়েই প্রত্যাখ্যাত হওয়ার ঝুঁকিতে পড়ছেন।
মামলায় আরও বলা হয়েছে, কংগ্রেস ১৯৫২ সালেই যোগ্য অভিবাসীদের যুক্তরাষ্ট্রে অবস্থান করে স্থায়ী বাসিন্দা হওয়ার আবেদন করার পথ তৈরি করেছিল। ফলে সেই বৈধ প্রক্রিয়া বেছে নেওয়াকে কোনো আবেদনকারীর বিরুদ্ধে নেতিবাচক বিষয় হিসেবে ব্যবহার করার ক্ষমতা ইউএসসিআইএসের নেই।
ইউএসসিআইএস অবশ্য মামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সংস্থাটির মুখপাত্র জ্যাক কাহলার নিউজউইককে বলেছেন, এটি ট্রাম্প প্রশাসনের অভিবাসন আইন প্রয়োগের প্রচেষ্টা বাধাগ্রস্ত করার আরেকটি চেষ্টা। তার দাবি, ইউএসসিআইএস দীর্ঘদিনের অভিবাসন আইন ও ইমিগ্রেশন আদালতের পূর্ববর্তী সিদ্ধান্ত অনুসরণ করেই আবেদন নিষ্পত্তি করছে।
মামলাকারীরা আদালতের কাছে ওই দুটি নীতি সাময়িকভাবে স্থগিত এবং শেষ পর্যন্ত বাতিল করার আবেদন জানিয়েছেন। তারা চান, প্রভাবিত গ্রিন কার্ড আবেদনগুলো বিদ্যমান ইমিগ্রেশন আপিল বোর্ডের নজির অনুযায়ী নিষ্পত্তি করা হোক। তবে এখনও আদালত মামলার মূল দাবিগুলোর ওপর কোনো সিদ্ধান্ত দেয়নি।
নিউজউইকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ অর্থবছরে যুক্তরাষ্ট্রে প্রায় ১৩ লাখ ৬০ হাজার মানুষ স্থায়ী বাসিন্দা হন। তাদের মধ্যে প্রায় ৭ লাখ ৮২ হাজার ৮০০ জন, অর্থাৎ ৫৭ শতাংশ, অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাসের মাধ্যমে গ্রিন কার্ড পেয়েছিলেন। ফলে এই মামলার ফলাফল যুক্তরাষ্ট্রে অবস্থান করে গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বিপুলসংখ্যক আবেদনকারীর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
নিউজ সম্পাদনায় শাহ্ এ সুমন