নিউইয়র্ক ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার | ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
৪০ জনের আমেরিকান নাগরিকত্ব বাতিল চেয়ে মামলা ট্রাম্প প্রশাসনের
বাংলা পত্রিকা ডেস্ক: প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬, ০২:১০
ছবি: সংগৃহীত
প্রতারণা, গুরুত্বপূর্ণ তথ্য গোপন এবং নাগরিকত্ব পাওয়ার আগে সংঘটিত অপরাধের তথ্য প্রকাশ না করার অভিযোগে ৪০ জনের নাগরিকত্ব বাতিল চেয়ে মামলা করেছে যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট। সোমবার, ৫ অক্টোবর এক ঘোষণায় সংস্থাটি জানিয়েছে, দেশের বিভিন্ন ফেডারেল জেলা আদালতে এসব মামলা করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের অধীনে এক দফায় এতসংখ্যক নাগরিকত্ব বাতিলের মামলা দায়েরের ঘটনা এটিই সর্বোচ্চ বলে দাবি করেছে সংস্থাটি। মামলাগুলো ন্যাচারালাইজেশন প্রক্রিয়ায় নাগরিকত্ব পাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে করা হয়েছে। তাঁদের মধ্যে কেউ গুপ্তচরবৃত্তি, যৌন নির্যাতন, অর্থ পাচার ও কর ফাঁকির মামলায় দণ্ডিত। অন্যদের বিরুদ্ধে ভুয়া পরিচয়, বিয়েসংক্রান্ত প্রতারণা কিংবা আগের বহিষ্কারাদেশ গোপন করে অভিবাসন সুবিধা ও নাগরিকত্ব নেওয়ার অভিযোগ রয়েছে। তবে মামলা দায়েরের অর্থ তাঁদের নাগরিকত্ব ইতিমধ্যে বাতিল হয়েছে, এমন নয়। জাস্টিস ডিপার্টমেন্ট আদালতের কাছে নাগরিকত্ব ও ন্যাচারালাইজেশন সনদ বাতিলের আদেশ চেয়েছে। এসব দাবির নিষ্পত্তি হবে আদালতে। জাস্টিস ডিপার্টমেন্টের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবৈধভাবে নাগরিকত্ব অর্জন অথবা গুরুত্বপূর্ণ তথ্য ইচ্ছাকৃতভাবে গোপন ও ভুল উপস্থাপনের মাধ্যমে নাগরিকত্ব নেওয়া হলে তা বাতিলের সুযোগ রয়েছে। সরকারের দাবি, সংশ্লিষ্ট ব্যক্তিদের নাগরিকত্ব গ্রহণের প্রক্রিয়ায় এসব ত্রুটি ছিল। অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এই পদক্ষেপকে আধুনিক ইতিহাসের বৃহত্তম নাগরিকত্ব বাতিলের উদ্যোগ বলে বর্ণনা করেছেন। তাঁর ভাষ্য, অভিযুক্তরা সরকারের কাছে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছিলেন। জাতীয় নিরাপত্তা ও জনসুরক্ষার স্বার্থে এই প্রক্রিয়া অব্যাহত থাকবে বলেও জানান তিনি। জাস্টিস ডিপার্টমেন্টের সিভিল ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল ব্রেট শুমেটও নাগরিকত্ব গ্রহণের প্রক্রিয়ায় প্রতারণার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলেছেন। ঘোষণায় উল্লেখযোগ্য মামলাগুলোর একটি চীনে জন্ম নেওয়া সাবেক নৌসেনা জিনচাও ওয়েইয়ের বিরুদ্ধে। জাস্টিস ডিপার্টমেন্ট জানিয়েছে, ২০২১ সালে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে যোগ দেওয়ার পর ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে তিনি চীনের কাছে সামরিক গোপন তথ্য বিক্রির ষড়যন্ত্রে যুক্ত হন। ওই বছরের মে মাসে তিনি নাগরিকত্ব পান। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ওয়েই ২০২৫ সালের আগস্টে গুপ্তচরবৃত্তিসহ একাধিক অপরাধে দণ্ডিত হন এবং তাঁকে ২০০ মাসের কারাদণ্ড দেওয়া হয়। নাগরিকত্ব গ্রহণের সময় অপরাধের তথ্য গোপন এবং সামরিক চাকরির সংশ্লিষ্ট শর্ত পূরণ না করার ভিত্তিতে তাঁর নাগরিকত্ব বাতিল চাওয়া হয়েছে। চীনের হয়ে কাজ করার ঘটনায় দণ্ডিত পিং লির বিরুদ্ধেও মামলা হয়েছে। জাস্টিস ডিপার্টমেন্টের ভাষ্য, তিনি চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের নির্দেশনায় ভিন্নমতাবলম্বী, গণতন্ত্রপন্থী ব্যক্তি ও যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন সম্পর্কে তথ্য সংগ্রহ করতেন। নিজের কর্মস্থল থেকে পাওয়া সংবেদনশীল তথ্যও সরবরাহ করেছিলেন। ২০২৪ সালে তিনি প্রয়োজনীয় পূর্বঘোষণা ছাড়া চীনের প্রতিনিধি হিসেবে কাজ করার অপরাধ স্বীকার করেন। নিউইয়র্কের ভ্যালি স্ট্রিমের বাসিন্দা, আফগানিস্তানে জন্ম নেওয়া ভারিস জান সাফির বিরুদ্ধেও নাগরিকত্ব বাতিলের মামলা হয়েছে। ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট আদালতে দায়ের করা অভিযোগে বলা হয়েছে, তিনি ১৯৯৫ সালে তারিক মেহমুদ নামে জাল পাকিস্তানি পাসপোর্ট ব্যবহার করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। পরে তাঁর বিরুদ্ধে দেশ থেকে বহিষ্কারের আদেশ হয়। সরকারের অভিযোগ, সেই আদেশের পর দেশ না ছেড়ে তিনি নতুন পরিচয় ব্যবহার করেন এবং যুক্তরাষ্ট্রের এক নাগরিককে বিয়ের মাধ্যমে অভিবাসন সুবিধা নেন। নাগরিকত্বের সাক্ষাৎকারে আগের পরিচয় ও অভিবাসনসংক্রান্ত তথ্য গোপন করেছিলেন বলেও অভিযোগ করা হয়েছে। পাকিস্তানে জন্ম নেওয়া আহমাদ বাহার খাট্টাক ও সৈয়দ মাশহুদ উল হকের বিরুদ্ধে পৃথক মামলায় একাধিক পরিচয় ব্যবহার এবং আগের বহিষ্কারাদেশ গোপনের অভিযোগ রয়েছে। আহমেদ খান ও সৈয়দ ফুরকান আলীর বিরুদ্ধে অভিযোগ বিয়েসংক্রান্ত প্রতারণার। সরকারের দাবি, আগের বিয়ে বহাল থাকা অবস্থায় তাঁরা ভুয়া তথ্য বা নথির মাধ্যমে নতুন বিয়ের ভিত্তিতে অভিবাসন সুবিধা নিয়েছিলেন। ভারতে জন্ম নেওয়া বলবিন্দর সিংয়ের বিরুদ্ধে অভিযোগ, তিনি দুই পরিচয়ে অভিবাসন আবেদন করেন এবং দ্বিতীয় পরিচয়ে স্থায়ী বাসিন্দার মর্যাদা ও পরে নাগরিকত্ব পান। নেপালে জন্ম নেওয়া দিব্যা ভট্টরাইয়ের ক্ষেত্রে সরকার বলেছে, নাগরিকত্ব পাওয়ার আগে শুরু হওয়া অভিবাসন নথিসংক্রান্ত প্রতারণার ষড়যন্ত্রে জড়িত থাকার তথ্য তিনি গোপন করেছিলেন। পরে ওই অপরাধে তিনি দোষ স্বীকার করেন। কয়েকটি মামলার ভিত্তি নাগরিকত্ব পাওয়ার আগে সংঘটিত শিশু যৌন নির্যাতনের অপরাধ। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিদের অনেকে নাগরিকত্ব পাওয়ার পর এসব অপরাধে দণ্ডিত হন। জাস্টিস ডিপার্টমেন্টের অভিযোগ, আবেদন ও সাক্ষাৎকারের সময় তাঁরা অপরাধের তথ্য গোপন করায় নাগরিকত্বের জন্য প্রয়োজনীয় নৈতিক চরিত্রের শর্ত পূরণ করতে পারেননি। অর্থনৈতিক অপরাধের ঘটনাও রয়েছে তালিকায়। কলম্বিয়ায় জন্ম নেওয়া ইউসমারি শার্লি দুরান মেহিয়ার বিরুদ্ধে অর্থ পাচারের ষড়যন্ত্রে যুক্ত থাকার তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। ইরানে জন্ম নেওয়া রালফ নাবাভির ক্ষেত্রে কর ফাঁকি এবং কানাডায় জন্ম নেওয়া অ্যান্ড্রু কোল্ডিকাটের ক্ষেত্রে শেয়ারবাজারসংক্রান্ত প্রতারণার তথ্য গোপনের অভিযোগ তুলে নাগরিকত্ব বাতিল চাওয়া হয়েছে। তাঁদের সংশ্লিষ্ট অপরাধে দণ্ডিত হওয়ার তথ্যও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, টেক্সাস, নিউইয়র্ক, ভার্জিনিয়া, মেরিল্যান্ডসহ বিভিন্ন অঙ্গরাজ্যের মোট ১৯টি ফেডারেল বিচারিক জেলায় মামলাগুলো করা হয়েছে।