নিউইয়র্ক ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার | ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন ৯৬ শতাংশ কমেছে, দাবি হোয়াইট হাউসের
বাংলা পত্রিকা ডেস্ক: প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ০৬:১০
Picture : The White house
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসন ৯৬ শতাংশ কমেছে বলে দাবি করেছে হোয়াইট হাউস। গবেষণা প্রতিষ্ঠান ক্যাটো ইনস্টিটিউটের একটি লেখচিত্র প্রকাশ করে হোয়াইট হাউসের একটি এক্স অ্যাকাউন্ট জানিয়েছে, ২০২৪ সালের তুলনায় এই বড় পতন ঘটেছে। বিষয়টিকে ট্রাম্প প্রশাসনের সাফল্য হিসেবে তুলে ধরেছেন রিপাবলিকান পার্টির কয়েকজন নেতা। তবে যে গবেষণার তথ্য ব্যবহার করা হয়েছে, সেই গবেষকই প্রশাসনের নীতির তীব্র সমালোচনা করেছেন। ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, প্রকাশিত লেখচিত্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো থেকে অভিবাসী গ্রহণের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমতে দেখা গেছে। ২০২৪ সালের জুলাই থেকে অক্টোবরের মধ্যবর্তী সময়ে সর্বোচ্চ পর্যায়ে এই সংখ্যা মাসে ২২ হাজারের বেশি ছিল। এরপর তা কমতে শুরু করে। ২০২৫ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর পতন আরও তীব্র হয়। প্রতিবেদনের বর্ণনা অনুযায়ী, চলতি বছরের জানুয়ারির শুরুতে সংখ্যা প্রায় শূন্যের কাছাকাছি নেমে আসে। তবে লেখচিত্রে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদের শেষ দিকে, অর্থাৎ ২০২৪ সালের শেষ ভাগেও অভিবাসন কমার প্রবণতা দেখা যায়। ফলে পুরো পতন কেবল ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর শুরু হয়েছে, এমন চিত্র উঠে আসেনি। হোয়াইট হাউসের পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন কয়েকজন রিপাবলিকান রাজনীতিক ও রক্ষণশীল ভাষ্যকার। টেক্সাসের রিপাবলিকান কংগ্রেসম্যান ব্র্যান্ডন গিল একে যুক্তরাষ্ট্রের জনগণের বড় বিজয় হিসেবে উল্লেখ করে ট্রাম্পকে কৃতিত্ব দেন। টেক্সাসের ২৩তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে রিপাবলিকান প্রার্থী ব্র্যান্ডন হেরেরা বলেন, এ ধরনের সাফল্য অব্যাহত রাখতে হবে। ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেসম্যান র্যান্ডি ফাইন আরও চার শতাংশ কমানোর আহ্বান জানিয়ে প্রেসিডেন্টকে ধন্যবাদ দেন। অন্য কয়েকজন রক্ষণশীল ভাষ্যকার শুধু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ নয়, অন্যান্য ক্ষেত্রেও অভিবাসন আরও কমানোর পক্ষে মন্তব্য করেন। আসন্ন মধ্যবর্তী নির্বাচন ঘিরেও বিষয়টি সামনে আনেন ট্রাম্পের সমর্থকেরা। জীবনযাত্রার ব্যয়, ইরান যুদ্ধসহ বিভিন্ন ইস্যুতে রিপাবলিকান সমর্থকদের অসন্তোষ থাকলেও অভিবাসন নীতির কারণে দলটির পাশে থাকার আহ্বান জানান তাঁরা। তাঁদের বক্তব্য, ডেমোক্র্যাটরা ক্ষমতায় এলে এই নীতির পরিবর্তন ঘটাতে পারেন। অন্যদিকে ক্যাটো ইনস্টিটিউটের অভিবাসন গবেষণা বিভাগের পরিচালক ডেভিড জে. বিয়ার জানান, হোয়াইট হাউস যে লেখচিত্র প্রকাশ করেছে, তার পেছনের গবেষণা তাঁর করা। নিজের গবেষণা উদ্ধৃত করার বিষয়টি উল্লেখ করে তিনি প্রশাসনের নীতিকে যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেন। বিয়ারের অভিযোগ, প্রশাসন আইন লঙ্ঘন করছে এবং যুক্তরাষ্ট্রের জনগণের ক্ষতি করছে। তাঁর মতে, এসব পদক্ষেপ দেশকে কম নিরাপদ, কম স্বাধীন ও কম সমৃদ্ধ করছে। তবে তাঁর এই অভিযোগকে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ নেই। ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট নীতির বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ থাকলেও আলোচিত অভিবাসন হ্রাসের পদক্ষেপকে বেআইনি ঘোষণা করে আদালতের কোনো সিদ্ধান্তের কথা সেখানে উল্লেখ করা হয়নি। প্রতিবেদনে ট্রাম্পের প্রথম মেয়াদের ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে আইনি লড়াইয়ের প্রসঙ্গও এসেছে। ওই নীতি নিম্ন আদালতে বাধার মুখে পড়লেও পরে সুপ্রিম কোর্ট তা বহাল রাখেন।