নিউইয়র্ক ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার | ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
অবৈধ অভিবাসীদের ডিপোর্টেশনে ৩১ দেশের সঙ্গে ৪১ কোটি ডলার চুক্তি যুক্তরাষ্ট্রের
বাংলা পত্রিকা ডেস্ক: প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯
Picture : abc news
নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব নয় এমন অভিবাসীদের ৩য় দেশে ডিপোর্ট করতে অন্তত ৩১টি দেশের সঙ্গে চুক্তি বা সমঝোতার জন্য ৪১ কোটি ডলারের বেশি অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন। ইউএস স্টেট ডিপার্টমেন্টের অভ্যন্তরীণ নথি পর্যালোচনা করে ওয়াশিংটন পোস্টের অনুসন্ধানে এ তথ্য পাওয়া গেছে। প্রতিবেদন অনুযায়ী, অনুমোদিত অর্থের মধ্যে অন্তত ৮ কোটি ১০ লাখ ডলার সরাসরি ১৩টি বিদেশি সরকারকে দেওয়ার কথা রয়েছে। এ ছাড়া ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন বা আইওএমকে ১৭ কোটি ৯০ লাখ ডলার এবং জাতিসংঘের শরণার্থী সংস্থাকে ১২ কোটি ৪০ লাখ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোতে শরণার্থী সহায়তা, অভিবাসন ব্যবস্থাপনা ও অবকাঠামো প্রকল্পের নামে এসব অর্থ দেওয়ার কথা বলা হয়েছে। একটি পৃথক যৌথ অনুসন্ধানে চুক্তি বা আলোচনায় থাকা দেশের সংখ্যা ৩৫ বলে উল্লেখ করা হয়েছে। তবে সব দেশের সঙ্গে একই ধরনের আনুষ্ঠানিক চুক্তি হয়নি। কিছু ক্ষেত্রে সরাসরি অর্থ প্রদান, কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে সহায়তা এবং অন্য ক্ষেত্রে কূটনৈতিক প্রতিশ্রুতির ভিত্তিতে অভিবাসীদের গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। এই কার্যক্রম পরিচালনা করছে ইউএস স্টেট ডিপার্টমেন্টের নতুন অফিস অব রিমাইগ্রেশন। প্রায় ১৫ জন কর্মকর্তা নিয়ে গঠিত অফিসটির নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রের কূটনীতিক ক্রিশ্চিয়ান এরহার্ড। জুনে তিনি আইভরি কোস্ট, গাম্বিয়া, গিনি বিসাউ, টোগো ও গ্যাবনসহ কয়েকটি আফ্রিকান দেশ সফর করে তৃতীয় দেশের নাগরিকদের গ্রহণের বিষয়ে আলোচনা করেন। তৃতীয় দেশে ডিপোর্টেশনের আওতায় এমন অভিবাসীদের পাঠানো হচ্ছে, যাঁরা গ্রহণকারী দেশের নাগরিক নন এবং অনেকের সঙ্গে সেই দেশের কোনো পারিবারিক বা ঐতিহাসিক সম্পর্কও নেই। এর আগে চীন, রাশিয়া, ইরান, আফগানিস্তান, ভিয়েতনাম, লাওস, কিউবা ও জ্যামাইকার নাগরিকদের কোস্টারিকা, এসওয়াতিনি এবং অন্যান্য দেশে পাঠানোর তথ্য পাওয়া গেছে। প্রশাসনের ভাষ্য, কোনো ব্যক্তিকে তাঁর নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব না হলে তৃতীয় দেশে ডিপোর্টেশন প্রয়োজন হতে পারে। তবে অভিবাসন অধিকারকর্মীদের অভিযোগ, কিছু অভিবাসীকে পর্যাপ্ত নোটিশ বা নতুন দেশে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি তুলে ধরার সুযোগ না দিয়েই পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল আদালত সম্প্রতি রায় দিয়েছে, কোনো অভিবাসীকে দ্রুত তৃতীয় দেশে পাঠানোর আগে তাঁকে সম্ভাব্য নির্যাতন বা নিরাপত্তার ঝুঁকি সম্পর্কে আপত্তি জানানোর অর্থবহ সুযোগ দিতে হবে। আদালত ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির দ্রুত ডিপোর্টেশন নীতির গুরুত্বপূর্ণ অংশকে বেআইনি বলে নিম্ন আদালতের সিদ্ধান্ত বহাল রেখেছে। প্রশাসন বিষয়টি নিয়ে আরও আইনি পদক্ষেপ নিতে পারে। বিভিন্ন দেশের সঙ্গে সমঝোতার শর্তও এক নয়। উগান্ডা শুধু আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিকদের গ্রহণে সম্মত হয়েছে। বিপরীতে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো আফ্রিকার নাগরিকদের গ্রহণ করবে না বলে শর্ত দিয়েছে। কিছু দেশ অপরাধের রেকর্ড থাকা ব্যক্তিদের গ্রহণে রাজি হলেও অন্যরা সহিংস অপরাধে জড়িত ব্যক্তিদের নিতে অস্বীকৃতি জানিয়েছে। এসওয়াতিনি সর্বোচ্চ ১৫০ জন ডিপোর্টেড অভিবাসী গ্রহণের বিনিময়ে ৫১ লাখ ডলারের সমঝোতা করেছে। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো সর্বোচ্চ দুই হাজার ব্যক্তিকে গ্রহণ করতে সম্মত হয়েছে। এর সঙ্গে সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোর জন্য সাড়ে সাত কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে। কোস্টারিকা প্রতি সপ্তাহে ২৫ জনকে গ্রহণে সম্মত হয়েছে। দেশটির সরকারকে সরাসরি অর্থ না দিয়ে আইওএমকে ২ কোটি ২৬ লাখ ডলার এবং জাতিসংঘের শরণার্থী সংস্থাকে এক কোটি ডলার দেওয়ার কথা রয়েছে। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সঙ্গে আলোচনায় আইওএমের জন্য সাড়ে আট কোটি ডলার বরাদ্দের তথ্য পাওয়া গেছে। এই অর্থের একটি অংশ সড়ক ও অন্যান্য অবকাঠামোতে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। পালাউকে সর্বোচ্চ ৭৫ জন অভিবাসী গ্রহণের জন্য ৭৫ লাখ ডলার দেওয়ার সমঝোতা হয়েছিল। তবে ইউএস স্টেট ডিপার্টমেন্টের নথি অনুযায়ী, জুন পর্যন্ত সেখানে মাত্র তিনজনকে পাঠানো হয়েছিল। এ ধরনের অসম বাস্তবায়ন ও ব্যয়ের স্বচ্ছতা নিয়ে কংগ্রেসের কিছু সদস্য প্রশ্ন তুলেছেন। এর আগে সিনেটের ডেমোক্র্যাট সদস্যদের একটি প্রতিবেদনে প্রায় ৩০০ জনকে তৃতীয় দেশে পাঠাতে অন্তত চার কোটি ডলার ব্যয়ের তথ্য তুলে ধরা হয়েছিল। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর শরণার্থী পুনর্বাসন ও মানবিক সহায়তার দায়িত্বে থাকা স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো অব পপুলেশন, রিফিউজিস অ্যান্ড মাইগ্রেশনের কার্যক্রমে বড় পরিবর্তন আনে। শরণার্থী কর্মসূচির প্রায় ২৫ কোটি ডলার ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির প্রজেক্ট হোমকামিংয়ে স্থানান্তর করা হয়। এই কর্মসূচির মাধ্যমে অভিবাসীদের স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়তে আর্থিক সহায়তা ও ভ্রমণ সুবিধা দেওয়া হয়। স্বাধীন বিভিন্ন উৎসের তথ্য বিশ্লেষণ করে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত ২৫ হাজারের বেশি মানুষকে অন্তত ২৮টি তৃতীয় দেশে পাঠানো হয়েছে। তাঁদের প্রায় ২০ হাজারকে মেক্সিকোতে পাঠানো হয়েছে। তবে আদালতের সাম্প্রতিক সিদ্ধান্তের পর ভবিষ্যতের তৃতীয় দেশ ডিপোর্টেশন কার্যক্রমে অভিবাসীদের নোটিশ ও নিরাপত্তাঝুঁকি নিয়ে আপত্তি জানানোর সুযোগ কীভাবে নিশ্চিত করা হবে, সেটিই এখন প্রধান আইনি প্রশ্ন হয়ে উঠেছে।