ব্রেকিং নিউজ
  • ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
advert

শিক্ষার্থীসহ হাজারো ভিসাধারীর জন্য নতুন নিয়ম

১৫ সেপ্টেম্বর থেকে বদলে যাচ্ছে দুই গুরুত্বপূর্ণ ইমিগ্রেশন ফর্ম

বাংলা পত্রিকা রিপোর্ট:
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ০৮:০৮
...
ছবি: প্রতীকী ও সংগৃহীত
যুক্তরাষ্ট্রে অবস্থানের মেয়াদ বাড়ানো, ভিসার ক্যাটাগরি পরিবর্তন এবং কাজের অনুমতির জন্য আবেদনকারীদের সামনে আসছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে আই ৫৩৯ ও আই ৭৬৫ ফরমের শুধু নতুন সংস্করণ গ্রহণ করবে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস বা ইউএসসিআইএস। ওই তারিখের পর পুরোনো সংস্করণে আবেদন জমা দিলে কোনো অতিরিক্ত সময় বা সংশোধনের সুযোগ না দিয়ে তা প্রত্যাখ্যান করা হবে। পরিবর্তনটি বিশেষভাবে আন্তর্জাতিক শিক্ষার্থী, এক্সচেঞ্জ ভিজিটর, বিদেশি গণমাধ্যম প্রতিনিধি এবং বিভিন্ন ভিসাধারীর পরিবারের সদস্যদের প্রভাবিত করতে পারে।
একই দিন থেকে এই দুই ফরমের পুরোনো সংস্করণ আর গ্রহণ করা হবে না।
সাধারণত ইউএসসিআইএস কোনো ফরমের নতুন সংস্করণ চালু করলে কিছু সময়ের জন্য পুরোনো ও নতুন উভয় সংস্করণ গ্রহণ করে। কিন্তু এবার কোনো রকম গ্রেস পিরিয়ড রাখা হচ্ছে না। ফলে ১৫ সেপ্টেম্বর বা তার পরে পুরোনো ফরমে জমা দেওয়া আবেদন সরাসরি প্রত্যাখ্যাত হতে পারে।
আবেদনকারীদের প্রস্তুতির সুবিধার্থে ইউএসসিআইএস নতুন ফরমগুলোর প্রিভিউ কপি প্রকাশ করেছে। তবে সংস্থাটি স্পষ্ট করে বলেছে, নতুন সংস্করণ আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার আগে তা ব্যবহার করে আবেদন জমা দেওয়া যাবে না। অর্থাৎ ১৫ সেপ্টেম্বরের আগে বর্তমান বৈধ সংস্করণ এবং ওই দিন থেকে কেবল নতুন সংস্করণ ব্যবহার করতে হবে।
কোন কাজে ব্যবহৃত হয় দুই ফরম
ফরম আই ৫৩৯ ব্যবহার করা হয় যুক্তরাষ্ট্রে থাকা নির্দিষ্ট ননইমিগ্র্যান্টদের অবস্থানের মেয়াদ বাড়ানো অথবা এক ভিসা ক্যাটাগরি থেকে অন্য ক্যাটাগরিতে পরিবর্তনের আবেদনে। পর্যটক, শিক্ষার্থী এবং বিভিন্ন ভিসাধারীর নির্ভরশীল স্বামী, স্ত্রী বা সন্তানেরা প্রয়োজন অনুসারে এই ফরম ব্যবহার করেন।
উদাহরণ হিসেবে, কোনো ব্যক্তি পর্যটক হিসেবে যুক্তরাষ্ট্রে এসে অবস্থানের মেয়াদ বাড়াতে চাইলে তাকে আই ৫৩৯ জমা দিতে হতে পারে। একইভাবে এইচ ১বি ভিসাধারীর স্বামী বা স্ত্রী এইচ ৪ স্ট্যাটাসের মেয়াদ বাড়ানো বা পরিবর্তনের জন্যও সাধারণত এই ফরম ব্যবহার করেন।
অন্যদিকে ফরম আই ৭৬৫ ব্যবহৃত হয় এমপ্লয়মেন্ট অথরাইজেশন ডকুমেন্ট বা কাজের অনুমতিপত্রের আবেদনে। আন্তর্জাতিক শিক্ষার্থী, নির্দিষ্ট এইচ ৪ ভিসাধারী, আশ্রয়প্রার্থী এবং আরও কয়েকটি যোগ্য ক্যাটাগরির অভিবাসী এই ফরমের মাধ্যমে কাজের অনুমতির জন্য আবেদন করেন।
পরিবর্তনের কারণে শুধু নতুন আবেদন নয়, মেয়াদ বাড়ানো বা কাজের অনুমতি নবায়নের প্রস্তুতি নেওয়া ব্যক্তিদেরও সতর্ক থাকতে হবে। ভুল সংস্করণ ব্যবহার করলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে। এর ফলে আবেদনকারীকে নতুন করে ফরম ও ফি জমা দিতে হতে পারে এবং তার বৈধ স্ট্যাটাস বা কাজের অনুমতির ধারাবাহিকতা ঝুঁকিতে পড়তে পারে।
শিক্ষার্থী ও এক্সচেঞ্জ ভিজিটরদের ওপর বড় প্রভাব
ফরমে পরিবর্তন আনার বিষয়টি ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির নতুন একটি ইমিগ্রেশন বিধির সঙ্গে সম্পর্কিত। ওই বিধিতে এফ ১ আন্তর্জাতিক শিক্ষার্থী, জে ১ এক্সচেঞ্জ ভিজিটর এবং আই ভিসায় থাকা বিদেশি গণমাধ্যম প্রতিনিধিদের জন্য দীর্ঘদিনের ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ ব্যবস্থা পরিবর্তন করা হচ্ছে।
আগের ব্যবস্থায় এসব ক্যাটাগরির অনেক বিদেশিকে নির্দিষ্ট একটি শেষ তারিখের পরিবর্তে ডিউরেশন অব স্ট্যাটাসের ভিত্তিতে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হতো। একজন শিক্ষার্থী তার শিক্ষা কার্যক্রম এবং ভিসার শর্ত যথাযথভাবে পালন করলে নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পর আলাদাভাবে অবস্থানের অনুমতি বাড়ানোর আবেদন ছাড়াই বৈধ স্ট্যাটাসে থাকতে পারতেন।
নতুন ব্যবস্থায় তাদের যুক্তরাষ্ট্রে অবস্থানের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা এবং মেয়াদ শেষ হওয়ার তারিখ দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষা, গবেষণা বা অন্যান্য অনুমোদিত কার্যক্রম শেষ না হলে যুক্তরাষ্ট্রে বৈধভাবে থাকার জন্য ইউএসসিআইএসের কাছে আনুষ্ঠানিকভাবে মেয়াদ বাড়ানোর আবেদন করতে হবে।
ফলে অনেক আন্তর্জাতিক শিক্ষার্থী এবং এক্সচেঞ্জ ভিজিটরকে ভবিষ্যতে আই ৫৩৯ ফরম ব্যবহার করে এক্সটেনশন অব স্টে বা অবস্থানের মেয়াদ বাড়ানোর আবেদন করতে হতে পারে। প্রয়োজন অনুসারে কাজের অনুমতির জন্য আই ৭৬৫ ফরমও জমা দিতে হবে।
কেন এই পরিবর্তন
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি বলছে, এফ, জে ও আই ক্যাটাগরিকে অন্যান্য অস্থায়ী ভিসার নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা এবং বিদেশিরা বৈধ স্ট্যাটাস বজায় রাখছেন কি না, তা আরও কার্যকরভাবে পর্যবেক্ষণ করাই পরিবর্তনের লক্ষ্য।
ফেডারেল রেজিস্টারে প্রকাশিত তথ্য অনুযায়ী, ডিউরেশন অব স্ট্যাটাস ব্যবস্থা চালুর পর এসব ক্যাটাগরিতে যুক্তরাষ্ট্রে প্রবেশকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ১৯৮০ থেকে ১৯৮১ শিক্ষাবর্ষে এফ স্ট্যাটাসে প্রবেশের সংখ্যা ছিল প্রায় দুই লাখ ৬০ হাজার। ২০২৪ অর্থবছরে তা বেড়ে ১৮ লাখের বেশি হয়েছে। একই সময়ে জে স্ট্যাটাসে প্রবেশকারীর সংখ্যা এক লাখ ৪১ হাজার ২১৩ থেকে বেড়ে পাঁচ লাখ ছাড়িয়েছে।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের যুক্তি, আগের ব্যবস্থায় কোনো কোনো শিক্ষার্থী ও এক্সচেঞ্জ ভিজিটরকে দীর্ঘ সময় সরাসরি ইমিগ্রেশন কর্তৃপক্ষের পর্যালোচনা ছাড়াই বৈধ স্ট্যাটাসে থাকার সুযোগ দেওয়া হতো। নির্দিষ্ট মেয়াদ এবং আনুষ্ঠানিক এক্সটেনশন প্রক্রিয়া চালু হলে তাদের কার্যক্রম ও স্ট্যাটাস আরও নিয়মিতভাবে যাচাই করা সম্ভব হবে।
বাড়বে ফি ও কাগজপত্রের চাপ
বিশ্ববিদ্যালয় এবং অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো নতুন ব্যবস্থার আর্থিক ও প্রশাসনিক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, নির্ধারিত সময়ের মধ্যে কোনো শিক্ষার্থীর কোর্স, গবেষণা বা প্রশিক্ষণ শেষ না হলে তাকে নতুন আবেদন, ফাইলিং ফি এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে।
আইনজীবী বা ইমিগ্রেশন বিশেষজ্ঞের সহায়তা নিলে অতিরিক্ত খরচও হতে পারে। আবেদন প্রক্রিয়াকরণে দেরি হলে শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যদের স্ট্যাটাস এবং কর্মসংস্থানেও অনিশ্চয়তা দেখা দিতে পারে।
নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির প্রভোস্ট এরিক লুইটেন এক চিঠিতে সতর্ক করেছেন, এই নীতির প্রভাব শুধু আন্তর্জাতিক শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনিক সহায়তা এবং শিক্ষা কার্যক্রমের ওপরও বাড়তি চাপ পড়তে পারে।
এইচ ১বি কর্মীদের আবেদন সরাসরি এই পরিবর্তনের প্রধান লক্ষ্য নয়। তবে তাদের পরিবারের সদস্যরা এইচ ৪ স্ট্যাটাসের জন্য আই ৫৩৯ এবং যোগ্য হলে কাজের অনুমতির জন্য আই ৭৬৫ ব্যবহার করায় তারাও প্রভাবিত হতে পারেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রে এফ ১ শিক্ষার্থী হিসেবে আসার পর অনেকেই এইচ ১বি কর্মভিসায় পরিবর্তিত হন। ফলে শিক্ষার্থী থেকে কর্মী হওয়ার প্রক্রিয়াতেও নতুন নিয়মের পরোক্ষ প্রভাব পড়তে পারে।
আবেদনকারীদের এখন কী করতে হবে
যারা ১৫ সেপ্টেম্বরের কাছাকাছি সময়ে আই ৫৩৯ বা আই ৭৬৫ জমা দেওয়ার পরিকল্পনা করছেন, তাদের আবেদন পাঠানোর তারিখের জন্য ইউএসসিআইএসের ওয়েবসাইটে ফরমটির সংস্করণ ও সংস্করণ কার্যকর হওয়ার তারিখ পরীক্ষা করতে হবে।
ডাকযোগে আবেদন পাঠানোর ক্ষেত্রে শুধু ফরম পূরণের দিন নয়, ইউএসসিআইএস কখন আবেদনটি গ্রহণ করছে, সেটিও গুরুত্বপূর্ণ হতে পারে। তাই পুরোনো ফরম শেষ মুহূর্তে ডাকযোগে পাঠানো ঝুঁকিপূর্ণ। ফরমের সব পৃষ্ঠা একই বৈধ সংস্করণের কি না, সেটিও নিশ্চিত করা প্রয়োজন।
আবেদনকারীদের সঠিক ফাইলিং ফি, স্বাক্ষর, প্রয়োজনীয় প্রমাণ এবং নির্ধারিত ঠিকানাও যাচাই করতে হবে। কোনো আবেদন পুরোনো ফরম, ভুল ফি বা স্বাক্ষর ছাড়া জমা পড়লে তা প্রত্যাখ্যাত হওয়ার আশঙ্কা রয়েছে।
ইউএসসিআইএসের ঘোষণায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা একটিই: ১৫ সেপ্টেম্বর থেকে আই ৫৩৯ ও আই ৭৬৫ ফরমের পুরোনো সংস্করণ আর ব্যবহার করা যাবে না। তাই আবেদন জমা দেওয়ার আগে সংস্থাটির ওয়েবসাইট থেকে সর্বশেষ সংস্করণ ডাউনলোড করাই নিরাপদ।

সর্বশেষ

advert

সর্বশেষ