নিউইয়র্ক ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার | ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
আইস’র জিপিএস যুক্ত অ্যাঙ্কেল মনিটর নজরদারীতে ৫৪ হাজার অভিবাসী!
বাংলা পত্রিকা ডেস্ক: প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ০৬:০৮
যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওপর নজরদারি আরও জোরদার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট—আইস। একটি বেসরকারি কারা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ৫৪ হাজার অভিবাসীর পায়ে জিপিএসযুক্ত অ্যাঙ্কেল মনিটর লাগিয়ে তাদের অবস্থান পর্যবেক্ষণ করা হচ্ছে। আইসের ইলেকট্রনিক নজরদারি কর্মসূচির আওতায় থাকা অভিবাসীদের মধ্যে অ্যাঙ্কেল মনিটর ব্যবহারকারীর সংখ্যা গত বছরের শুরুর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তখন প্রায় ১৭ হাজার অভিবাসী এই যন্ত্র ব্যবহার করছিলেন। তবে পুরো নজরদারি কর্মসূচিতে থাকা মানুষের সংখ্যা প্রায় ১ লাখ ৮৪ হাজারে অপরিবর্তিত রয়েছে। কর্মসূচি পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান জিও গ্রুপ জানিয়েছে, অনেক অভিবাসীকে আগে তুলনামূলক কম মাত্রার নজরদারি, যেমন ফোনে নিয়মিত হাজিরা দেওয়া, থেকে সরিয়ে অ্যাঙ্কেল মনিটরের আওতায় আনা হয়েছে। অ্যাঙ্কেল মনিটরকে আইসের উচ্চমাত্রার নজরদারি ব্যবস্থা হিসেবে বিবেচনা করা হয়। প্রতিটি মনিটরের জন্য আইসকে প্রতিদিন দুই ডলারের কিছু বেশি খরচ করতে হয়। অন্যদিকে স্মার্টলিংক নামের একটি মোবাইল অ্যাপের মাধ্যমে মুখ শনাক্তকরণ ও অবস্থান পর্যবেক্ষণের খরচ প্রতি ব্যক্তির জন্য প্রায় ৯৬ সেন্ট। সর্বশেষ হিসাবে ১ লাখ ২৭ হাজারের বেশি অভিবাসীকে এই অ্যাপের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখতে হচ্ছে। এমন খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান। জিও গ্রুপের প্রধান নির্বাহী জর্জ জোলি দ্য গার্ডিয়ানকে বলেছেন, অ্যাঙ্কেল মনিটরের ব্যবহার বাড়তে থাকলে পুরো কর্মসূচিতে অংশগ্রহণকারীর সংখ্যা একই থাকলেও প্রতিষ্ঠানটির আয় ও মুনাফা আরও বাড়তে পারে। ২০২৫ সালের জুনে আইস কর্মকর্তাদের একটি নির্দেশনায় ইলেকট্রনিক নজরদারি কর্মসূচিতে থাকা আরও বেশি অভিবাসীকে অ্যাঙ্কেল মনিটরের আওতায় আনার কথা বলা হয়েছিল। তবে অভিবাসী অধিকার সংগঠনগুলো এই নীতির তীব্র সমালোচনা করেছে। জুনে দায়ের করা একটি নতুন শ্রেণি-ভিত্তিক মামলায় তারা অভিযোগ করেছে, ব্যক্তিভেদে আলাদা কারণ বা মূল্যায়ন ছাড়াই অভিবাসীদের নিরবচ্ছিন্ন ও তাৎক্ষণিক জিপিএস নজরদারিরআওতায় আনা হচ্ছে। এর ফলে অনেকের ব্যক্তিগত স্বাধীনতা ও দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে। নজরদারি কর্মসূচিতে অ্যাঙ্কেল মনিটরের পাশাপাশি স্মার্ট ঘড়ি এবং স্মার্টফোনভিত্তিক প্রযুক্তিও ব্যবহার করা হয়। কিছু অভিবাসী অতীতে অভিযোগ করেছেন, অ্যাঙ্কেল মনিটর অতিরিক্ত গরম হয়ে যায়, কখনো বৈদ্যুতিক শকের মতো অনুভূতি সৃষ্টি করে এবং অনেক সময় খুব শক্ত করে পরিয়ে দেওয়া হয়। আইসের এই কর্মসূচি মূলত আটক রাখার বিকল্প হিসেবে চালু করা হয়েছিল। ২০০৪ সাল থেকে বেসরকারি প্রতিষ্ঠান বিআই ইনকরপোরেটেড এটি পরিচালনা করছে। জিও গ্রুপের কর্মকর্তারা ধারণা করছেন, ভবিষ্যতে অভিবাসন নীতির পরিবর্তনের কারণে নজরদারির আওতায় থাকা মানুষের সংখ্যা আরও বাড়তে পারে। তবে বর্তমানে কর্মসূচিতে থাকা মোট অভিবাসীর সংখ্যা প্রায় ১ লাখ ৮৪ হাজারে স্থির রয়েছে।