ব্রেকিং নিউজ
  • ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
advert

শিগগিরই নিউইয়র্কে বিশাল অভিযান শুরু করবে আইস : হুশিয়ারি হোম্যানের

বাংলা পত্রিকা রিপোর্ট:
প্রকাশিত: ৯ জুন ২০২৬, ০৮:০৬
...
অভিবাসীদের সুরক্ষায় নিউইয়র্ক অঙ্গরাজ্যের নতুন আইনকে কেন্দ্র করে ট্রাম্প প্রশাসন ও অঙ্গরাজ্য সরকারের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। যুক্তরাষ্ট্রের সীমান্তবিষয়ক প্রধান কর্মকর্তা টম হোম্যান সতর্ক করে বলেছেন, খুব শিগগিরই নিউইয়র্ক সিটিতে ইতিহাসের অন্যতম বৃহৎ অভিবাসন অভিযান পরিচালনা করা হবে। তার দাবি, গভর্নর ক্যাথি হোকুলের স্বাক্ষর করা নতুন আইনের কারণে এখন আরও বেশি সংখ্যক আইস এজেন্ট মোতায়েন করতে বাধ্য হচ্ছে ফেডারেল সরকার।
দ্য হিল জানায়, সোমবার ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে টম হোম্যান  বলেন, তিনি সম্প্রতি নিউইয়র্কের জন্য একটি বিশেষ অভিযান পরিকল্পনা পর্যালোচনা করেছেন এবং খুব শিগগিরই শহরটিতে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি আইস এজেন্ট দেখা যাবে।
হোম্যান বলেন, “নিউইয়র্ক সিটিতে আপনারা আগে কখনও যত আইস এজেন্ট দেখেননি, তার চেয়েও বেশি দেখতে পাবেন। এটি আসছে। আমি ঠিক কবে হবে তা বলছি না, তবে এটি আসছে।”
তিনি আরও বলেন, “আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করছি। নিউইয়র্কে আরও বেশি আইস এজেন্ট পাঠানো হবে, কারণ আপনারা কাউন্টি কারাগারে নিরাপদভাবে গ্রেপ্তার করার সুযোগ সীমিত করে দিয়েছেন।”
গত মাসে গভর্নর ক্যাথি হোকুল যে আইন প্যাকেজে স্বাক্ষর করেছেন, তাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মুখোশ পরিধানে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং অঙ্গরাজ্য ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে বেসামরিক অভিবাসন আইন প্রয়োগে অংশ নেওয়া থেকে বিরত রাখা হয়েছে। একই সঙ্গে অভিবাসন আইন প্রয়োগের উদ্দেশ্যে ফেডারেল কর্তৃপক্ষের জন্য অঙ্গরাজ্য ও স্থানীয় স্থাপনা ব্যবহারের ওপরও সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।
হোম্যান এর মতে, আগে স্থানীয় জেলখানায় সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তার করা তুলনামূলক সহজ ও নিরাপদ ছিল। কিন্তু নতুন আইনের কারণে এখন আইস কর্মকর্তাদের সরাসরি বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়ে অভিযুক্তদের খুঁজে বের করতে হবে, যার জন্য অতিরিক্ত জনবল ও অভিযান পরিচালনার প্রয়োজন হবে।
তিনি বলেন, “জেলের ভেতরে একজন কর্মকর্তার মাধ্যমে একজন অপরাধীকে গ্রেপ্তার করা সম্ভব ছিল। এখন সেই ব্যক্তিকে খুঁজে বের করতে পুরো একটি দলকে এলাকায় যেতে হবে। এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয় এবং কর্মকর্তাদের জন্যও নিরাপত্তা ঝুঁকি বাড়ে।”
এর আগে মে মাসে হোমান প্রকাশ্যে গভর্নর হোকুলকে আইনটিতে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছিলেন। তবে ডেমোক্র্যাট আইনপ্রণেতারা সেই আহ্বান উপেক্ষা করে বিলটি পাস করেন।
নিউ জার্সি, ভার্জিনিয়া ও ক্যালিফোর্নিয়াসহ আরও কয়েকটি ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত অঙ্গরাজ্যেও অভিবাসীদের সুরক্ষায় অনুরূপ আইন কার্যকর হয়েছে।
হোমানের এই ঘোষণার পর নিউইয়র্কের অভিবাসী অধিকারকর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, ব্যাপক আইস অভিযান পরিচালিত হলে অভিবাসী কমিউনিটিগুলোর মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি হতে পারে এবং অনেক পরিবার অনিশ্চয়তার মুখে পড়বে।
তবে ট্রাম্প প্রশাসন বলছে, যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন কার্যকরভাবে বাস্তবায়ন এবং যাদের বিরুদ্ধে বহিষ্কার আদেশ রয়েছে তাদের শনাক্ত ও গ্রেপ্তার করতেই এই অতিরিক্ত অভিযান পরিচালনা করা হবে।

সর্বশেষ

advert

সর্বশেষ