নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকূল অভিবাসন নীতি নিয়ে একটি বড় পদক্ষেপ নিয়েছেন, যার মাধ্যমে স্টেটজুড়ে আইস এর কার্যক্রমে কঠোর সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে এবং অভিবাসী সম্প্রদায় ও শিক্ষার্থীদের জন্য নতুন ও বিস্তৃত আইনি সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। আইন অনুযায়ী ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) এখন আর বিচারিক পরোয়ানা ছাড়া স্কুল, হাসপাতাল, লাইব্রেরি, আশ্রয়কেন্দ্র, শিশু যত্ন কেন্দ্র, কমিউনিটি সেন্টার, ছাত্র আবাসন, পার্ক বা ভোটকেন্দ্রের মতো সংবেদনশীল স্থানে প্রবেশ করতে পারবে না। পাশাপাশি অনেক বেসরকারি প্রতিষ্ঠানও এই আইনে নিজেদের স্থানে আইস প্রবেশ নিষিদ্ধ করার ক্ষমতা পেয়েছে। এই আইনকে যুক্তরাষ্ট্রে স্টেট পর্যায়ে অভিবাসী অধিকার রক্ষার অন্যতম শক্তিশালী কাঠামো হিসেবে বিবেচনা করা হচ্ছে।
নতুন আইনটি ২০২৭ অর্থবছরের বাজেটের অংশ হিসেবে অনুমোদিত হয়েছে। এতে বলা হয়েছে, রাজ্য ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী আর আইস-এর সঙ্গে অভিবাসন সংক্রান্ত কোনো চুক্তি বা সহযোগিতায় যেতে পারবে না। এর ফলে ২৮৭(জি) ধরনের প্রোগ্রামের মাধ্যমে স্থানীয় পুলিশকে ফেডারেল অভিবাসন কার্যক্রমে যুক্ত করার সুযোগ বন্ধ হয়ে যাবে। একই সঙ্গে স্থানীয় সরকারকে অভিবাসন আটক কেন্দ্র পরিচালনা বা অর্থায়নে সম্পৃক্ত হওয়া থেকেও বিরত রাখা হয়েছে।
গভর্নর হোকূল বলেন, নিউ ইয়র্কে ফেডারেল অভিবাসন সংস্থার ক্ষমতার অপব্যবহার সহ্য করা হবে না এবং নাগরিক অধিকার রক্ষাই এই আইনের মূল উদ্দেশ্য। তিনি আরও বলেন, রাজ্যের আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান কাজ হবে স্থানীয় অপরাধ দমন, ফেডারেল অভিবাসন প্রয়োগ নয়।
আইনটিতে আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে, যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের সময় মুখ ঢেকে রাখা সাধারণভাবে নিষিদ্ধ করা হয়েছে। তবে চিকিৎসাজনিত মাস্ক, সুরক্ষামূলক সরঞ্জাম এবং নির্দিষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ব্যতিক্রম রাখা হয়েছে। এই বিধি লঙ্ঘন করলে জরিমানা এবং পুনরাবৃত্তির ক্ষেত্রে ফৌজদারি শাস্তির বিধান রয়েছে।
নতুন আইনে নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আইনি সুযোগ তৈরি করা হয়েছে, যার মাধ্যমে তারা ফেডারেল কর্মকর্তাদের বিরুদ্ধে সাংবিধানিক অধিকার লঙ্ঘনের অভিযোগে মামলা করতে পারবেন। সমর্থকদের মতে, এটি একটি আইনি শূন্যতা পূরণ করেছে, যা আগে ফেডারেল কর্মকর্তাদের জবাবদিহির ক্ষেত্রে সীমাবদ্ধতা তৈরি করত।
শিক্ষাক্ষেত্রেও এই আইন বড় পরিবর্তন এনেছে। অভিবাসী শিক্ষার্থীদের জন্য নিশ্চিত করা হয়েছে যে, তাদের অভিবাসন অবস্থান যাই হোক না কেন তারা পাবলিক শিক্ষার পূর্ণ অধিকার পাবে। স্কুলগুলোকে শিক্ষার্থীদের অভিবাসন সংক্রান্ত তথ্য সংগ্রহ বা শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। এছাড়া আদালতের বৈধ আদেশ ছাড়া কোনো শিক্ষার্থীকে অভিবাসন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা যাবে না।
এছাড়া সরকারি কর্মীদের জন্য অভিবাসন তদন্তে অংশ নেওয়া, ব্যক্তিগত তথ্য শেয়ার করা বা অভিবাসন সংস্থাকে সহায়তা করা কঠোরভাবে সীমিত করা হয়েছে। অভিবাসন কর্মকর্তাদের পরিবর্তে সরকারি কর্মীদের ব্যবহার করে কোনো ধরনের তথ্য আদান-প্রদান বা সহযোগিতা করাও নিষিদ্ধ করা হয়েছে।
তবে ফৌজদারি অপরাধ তদন্তে রাজ্য ও ফেডারেল সংস্থার সহযোগিতা আগের মতোই অব্যাহত থাকবে।