ব্রেকিং নিউজ
  • ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
advert

এবার ‘নীরব কৌশলে’ চলছে অভিবাসী বিরোধী অভিযান

বাংলা পত্রিকা ডেস্ক:
প্রকাশিত: ৬ মে ২০২৬, ০৭:০৫
...
ছবি: সংগৃহীত ও ফাইল

যুক্তরাষ্ট্রে অভিবাসন দমনে আগের মতো প্রকাশ্য অভিযানের বদলে এখন তুলনামূলক নীরব কিন্তু বিস্তৃত কৌশলের দিকে ঝুঁকছে ট্রাম্প প্রশাসন। প্রকাশ্যে সংঘর্ষ ও বিতর্ক কমলেও, অন্তরালে আরো বিস্তৃত ও কঠোর পদক্ষেপ অব্যাহত রয়েছেএমনটাই বলছেন বিশ্লেষকরা।
তথ্যমতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী নীতি তার দ্বিতীয় মেয়াদের অন্যতম প্রধান এজেন্ডা। তবে সাম্প্রতিক সময়ে প্রশাসন তাদের কৌশলে কিছু পরিবর্তন এনেছে বলে মনে করা হচ্ছে। আগের মতো বড় বড় শহরে ব্যাপক অভিযান বা সোশ্যাল মিডিয়ায় প্রচারযোগ্য দৃশ্য কম দেখা গেলেও, নীতির মূল লক্ষ্য অভিবাসীদের বহিষ্কার অপরিবর্তিত রয়েছে।
বর্তমান হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন সিনেট শুনানিতে বলেছিলেন, তিনি চান তার দপ্তর যেন নিয়মিত খবরের শিরোনাম না হয়। বাস্তবেও কিছুটা সেই পরিবর্তন দেখা যাচ্ছে। তার পূর্বসূরি ক্রিস্টি নোয়েম দায়িত্ব নেওয়ার পরপরই নিউইয়র্কে গিয়ে ফলাও করে অভিযানে অংশ নিয়েছিলেন। কিন্তু সেখানে মুলিন উত্তর ক্যারোলিনায় হারিকেন-পরবর্তী পুনরুদ্ধার কাজ পরিদর্শনে যান যা তুলনামূলকভাবে কম বিতর্কিত।
বিশ্লেষকদের মতে, প্রশাসন এখন প্রকাশ্য সংঘর্ষ এড়িয়ে অপেক্ষাকৃত ‘লো-প্রোফাইল’ বা নীরব কৌশলে অভিবাসন আইন প্রয়োগ করছে। তবে এতে নীতির কঠোরতা কমেনি। সেন্টার ফর ইমিগ্রেশন স্টাডিজ এর প্রধান মার্ক ক্রিকোরিয়ান বলেন, “তারা আগের মতো দৃশ্যমান কৌশল থেকে সরে এসেছে, কিন্তু এর মানে এই নয় যে তারা অভিবাসন নীতিতে পিছিয়ে যাচ্ছে।”
গত বছর প্রশাসন মূলত ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত শহরগুলোতে বড় আকারের অভিযান চালায়, যার ফলে ব্যাপক গ্রেপ্তার হয়। এসব অভিযানে প্রতিবাদকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয় এবং মিনিয়াপোলিসে দুই আমেরিকান নাগরিকের মৃত্যুর ঘটনাও ঘটে। এর পর থেকেই এই নীতির জনপ্রিয়তা কিছুটা কমে যায়।
মুলিন এক সাক্ষাৎকারে বলেন, “আমরা এখনো আইন প্রয়োগ করছি, অবৈধভাবে থাকা ব্যক্তিদের বহিষ্কার করছি তবে এখন তা আরও নীরবে করা হচ্ছে।”
পরিসংখ্যান বলছে, সাম্প্রতিক মাসগুলোতে ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্ট (আইস)-এর গ্রেপ্তার কিছুটা কমেছে। একই সঙ্গে আটক ব্যক্তির সংখ্যাও জানুয়ারির প্রায় ৭২ হাজার থেকে কমে বর্তমানে প্রায় ৫৮ হাজারে নেমে এসেছে।

তবে দীর্ঘমেয়াদে প্রশাসনের লক্ষ্য আরও বড়। বাজেট নথি অনুযায়ী, চলতি অর্থবছর এবং পরবর্তী বছরে প্রায় ১০ লাখ মানুষকে বহিষ্কারের পরিকল্পনা রয়েছে—যা গত বছরের প্রায় ৪ লাখ ৪২ হাজারের তুলনায় অনেক বেশি। এই লক্ষ্য পূরণে কংগ্রেস হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে ১৭০ বিলিয়ন ডলারের বেশি বরাদ্দ দিয়েছে।
প্রশাসন বর্তমানে অভিবাসীদের জন্য আটক কেন্দ্রের সক্ষমতাও বাড়াচ্ছে। তারা প্রায় ১ লাখ লোককে আটকে রাখার মতো ব্যবস্থা করতে চায়, যা গত বছরের গড় সংখ্যার দ্বিগুণেরও বেশি। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে ১১টি গুদাম কিনে আটক কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।
হোয়াইট হাউসের মুখপাত্র অ্যাবিগেইল জ্যাকসন দাবি করেছেন, এই কৌশল পরিবর্তন মানে নীতির পরিবর্তন নয়। তার ভাষায়, “প্রেসিডেন্ট ট্রাম্পের প্রধান অগ্রাধিকার সবসময়ই অপরাধী অভিবাসীদের বহিষ্কার করা।”
তবে অভিবাসন অধিকারকর্মীরা উদ্বিগ্ন। তাদের আশঙ্কা, প্রশাসন এখন অস্থায়ী আইনি সুরক্ষা পাওয়া অভিবাসীদের লক্ষ্যবস্তু করতে পারে। ইতোমধ্যে ইউএসসিআইএস এর মাধ্যমে গ্রিন কার্ড অনুমোদনের হার কমে যাওয়ার তথ্য পাওয়া গেছে। বিশেষ করে আশ্রয়প্রার্থী ও মানবিক ভিসার ক্ষেত্রে সবচেয়ে বেশি হ্রাস দেখা গেছে।
এছাড়া ‘টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস’ বাতিলের উদ্যোগ নিয়েছে প্রশাসন, যা নিয়ে বর্তমানে সুপ্রিম কোর্টে শুনানি চলছে। এর ফলে হাজারো মানুষ বহিষ্কারের ঝুঁকিতে পড়তে পারেন।
আইস আরও একটি গুরুত্বপূর্ণ কৌশল নিয়েছে স্থানীয় ও অঙ্গরাজ্য পুলিশের সঙ্গে অংশীদারিত্ব বাড়ানো। ‘২৮৭(জি)’ নামে পরিচিত এই চুক্তির আওতায় স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী এখন অভিবাসন সংক্রান্ত বিভিন্ন কাজ করতে পারছে। আগে যেখানে ২০টি অঙ্গরাজ্যে ১৩৫টি এমন চুক্তি ছিল, এখন তা বেড়ে ৪১টি অঙ্গরাজ্যে ১,৪০০ এর বেশি হয়েছে।
বিশেষ করে ফ্লোরিডা ও টেক্সাসে স্থানীয় পুলিশের সঙ্গে আইস এর সহযোগিতা বাধ্যতামূলক করা হয়েছে।

সর্বশেষ

advert

সর্বশেষ