ব্রেকিং নিউজ
  • ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
advert

যুক্তরাষ্ট্রের ‘ভিসা ব্যাকলক’ প্রভাব কাটেনি এখনো

বাংলা পত্রিকা রিপোর্ট:
প্রকাশিত: ৫ মে ২০২৬, ০৫:০৫
...
ছবি: প্রতীকী ও সংগৃহীত
যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে পরিবর্তন আনতে চাইলেও বাস্তবতায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে কোভিড-১৯ মহামারির সময় তৈরি হওয়া ভিসা ব্যাকলকের প্রভাব। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন আগের প্রশাসনের কঠোর নীতিগুলো শিথিল করার উদ্যোগ নিলেও, ভিসা প্রক্রিয়ায় দীর্ঘ বিলম্বের কারণে সেই প্রভাব এখনো পুরোপুরি কাটেনি।
ইউএস স্টেট ডিপার্টমেন্ট-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল পর্যন্তও প্রায় তিন-চতুর্থাংশ মিশন সীমিত সক্ষমতায় কাজ করছিল, যার ফলে ভিসা প্রক্রিয়াকরণ মারাত্মকভাবে ধীর হয়ে পড়ে।
ভিসা বুলেটিন পরিসংখ্যানে বলা হয় এপ্রিলের শেষে প্রায় ৫ লাখ অভিবাসী ভিসা আবেদনকারী সাক্ষাৎকারের জন্য অপেক্ষা করছিলেন, যেখানে এক মাসে মাত্র প্রায় ২২ হাজার অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করা হয়েছে যা মহামারির আগের গড় সংখ্যার তুলনায় অনেক কম।
এর বাইরে আরও প্রায় ৩৭ লাখ মানুষ পরিবারভিত্তিক অভিবাসনের জন্য প্রাথমিক আবেদন জমা দিয়েছেন, যারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছেন। 
বিশ্লেষক ডেভিড বিয়ার বলেন, নীতিগত পরিবর্তনের চেয়ে বাস্তব প্রশাসনিক প্রক্রিয়াই এখানে বড় ভূমিকা রাখছে। “নীতির পরিবর্তন হলেও মাঠপর্যায়ে খুব বেশি পরিবর্তন দেখা যাচ্ছে না। ভিসা প্রক্রিয়ার ধীরগতি এখনো অভিবাসীদের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে,” তিনি মন্তব্য করেন।
অভিবাসন অধিকারকর্মী ম্যাগান অ্যাসাহেব বলেন, “ট্রাম্প প্রশাসনের নীতিগুলো এই পরিস্থিতিকে আরও খারাপ করেছে। এখন কয়েক মাসে এক বছরের কাজ শেষ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।”
২০২০ সালের এপ্রিলে প্রেসিডেন্ট ট্রাম্প একটি নির্বাহী আদেশে পরিবারভিত্তিক ভিসা ও ডাইভারসিটি ভিসা প্রায় পুরোপুরি বন্ধ করে দেন। এরপর জুনে তিনি অস্থায়ী কর্মী ভিসার ওপরও বিধিনিষেধ আরোপ করেন, যা প্রযুক্তি খাতসহ বিভিন্ন শিল্পে বড় প্রভাব ফেলে।
এই নীতির লক্ষ্য ছিল পরিবারভিত্তিক অভিবাসন কমিয়ে দক্ষতা ও কর্মসংস্থানভিত্তিক অভিবাসন বাড়ানো। জর্জ লোরি‌্য বলেন, “এটি ছিল একটি সুপরিকল্পিত পদক্ষেপ, যার মাধ্যমে পরিবারভিত্তিক অভিবাসন উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে।”
অভিবাসন ব্যবস্থার একটি বিশেষ কাঠামোও এই প্রবণতাকে আরও বাড়িয়ে দিয়েছে। কোনো বছরে পরিবারভিত্তিক ভিসা ব্যবহার না হলে তা পরের বছরে কর্মসংস্থানভিত্তিক ভিসার কোটায় যুক্ত হয়। ফলে ২০২০ সালে প্রায় ১ লাখ অব্যবহৃত পরিবারভিত্তিক ভিসা পরবর্তীতে কর্মসংস্থানভিত্তিক ভিসার সংখ্যা বাড়িয়ে দেয়।
এতে করে পরিবারভিত্তিক অভিবাসনের আবেদনকারীরা আরও পিছিয়ে পড়ছেন। “অনেকেই এখন অনিশ্চয়তায় আছেন, কখন তাদের সাক্ষাৎকার হবে, আদৌ হবে কিনা তা জানেন না,” বলেন ডেভিড বিয়ার।
এই পরিস্থিতি মোকাবিলায় কিছু বিশেষজ্ঞ ভার্চুয়াল ভিসা সাক্ষাৎকার চালুর প্রস্তাব দিয়েছেন। অনেক ক্ষেত্রে, বিশেষ করে পারিবারিক সম্পর্কভিত্তিক আবেদনগুলোতে, সরাসরি সাক্ষাৎকারের পরিবর্তে অনলাইন প্রক্রিয়া চালু করলে জট কমতে পারে বলে মত তাদের।
এছাড়া কিছু আবেদনকারীর ক্ষেত্রে সাক্ষাৎকার ছাড়াই ভিসা দেওয়ার বিষয়েও ভাবার পরামর্শ দেওয়া হয়েছে বিশেষ করে যারা আগে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেছেন বা যাদের ঝুঁকি কম।
একই সঙ্গে আইন প্রণেতাদের কাছে আহ্বান জানানো হয়েছে, যাতে অব্যবহৃত ভিসাগুলো বাতিল না হয়ে পরবর্তী বছরে বহাল থাকে।

সর্বশেষ

advert

সর্বশেষ