ব্রেকিং নিউজ
  • ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
advert

ঢাকায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ - আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক অবস্থানে পুলিশ

বাংলা পত্রিকা ডেস্ক:
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ০৮:১১
...
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় একের পর এক সহিংসতার ঘটনায় উত্তেজনা বেড়েছে। সোমবার সারাদিনে তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে এবং সাতটি এলাকায় অন্তত ১০টি ককটেল বিস্ফোরণ ঘটেছে। ফেসবুকে ‘লকডাউন’ কর্মসূচির আহ্বান জানিয়ে আওয়ামী লীগের কিছু পেজ ও নেতাদের পোস্ট ছড়িয়ে পড়ার পর থেকেই পুলিশ রাজধানীতে ব্যাপক অভিযান শুরু করেছে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। রাস্তায় বের হয়ে নিষিদ্ধ সংগঠনের কর্মসূচিতে অংশ নিলে গ্রেপ্তার করা হবে।” তিনি আরও জানান, আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো বড় আকারের কর্মসূচির আশঙ্কা নেই, তবে পুলিশ সতর্ক অবস্থায় আছে।
বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ
সন্ধ্যার পর ধানমন্ডির মিরপুর রোডে ল্যাবএইড হাসপাতালের সামনে শান্ত–মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি বাসে আগুন দেওয়া হয়। এর আগে ভোরে বাড্ডা ও শাহজাদপুর এলাকায় আরও দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাজধানীর মিরপুর, ধানমন্ডি, মোহাম্মদপুর, খিলগাঁও, বাংলামোটর ও অন্যান্য এলাকায় মোট ১০টি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পুলিশের তথ্য অনুযায়ী, চারটি জায়গায় হেলমেট পরা মোটরসাইকেল আরোহীরা এসে ককটেল ছুড়ে পালিয়ে যায়। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
রাত ১১টার দিকে বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কার্যালয়ের সামনে পাঁচটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এনসিপির নেতা–কর্মীরা দুজন সন্দেহভাজনকে ধরে পুলিশের হাতে তুলে দেন।
এছাড়া সকালে মোহাম্মদপুরের প্রবর্তনা কার্যালয়ের সামনেও দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে ককটেল ফাটিয়ে পালিয়ে যায়।
গ্রেপ্তার ও নিরাপত্তা জোরদার
ডিএমপির সূত্র জানায়, ১৩ নভেম্বরের আগে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ১৭ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও মাঠে থাকবেন। ইতিমধ্যে রাজধানীতে প্রবেশপথে তল্লাশি চৌকি বসানো হয়েছে; আবাসিক হোটেল, শিক্ষাপ্রতিষ্ঠানের হোস্টেল ও বস্তিতে অভিযান চলছে।
রোববার রাতে প্রধান উপদেষ্টার বাসভবনসংলগ্ন এলাকায় বেলুন উড়িয়ে অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে ২৫ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৩৪ নেতা–কর্মীকে আটক করা হয়েছে।
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক খোন্দকার রফিকুল ইসলাম জানান, “জেলা থেকে কেউ ঢাকায় এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য প্রতিটি জেলার পুলিশ সুপারকে সতর্ক থাকতে বলা হয়েছে।”
ট্রাইব্যুনাল এলাকায় সমাবেশ নিষিদ্ধ
ডিএমপি এক গণবিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্ট এলাকা, প্রধান বিচারপতির বাসভবন, বিচারপতি ভবন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও এর আশপাশে সব ধরনের সভা-সমাবেশ, মানববন্ধন ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে।
পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, “আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। নাগরিকরাও সচেতন হলে এই চোরাগোপ্তা হামলা ঠেকানো সহজ হবে।”
রাজধানীতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি থাকলেও পুলিশের কড়া নজরদারি ও টহলে শহরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সর্বশেষ

advert

সর্বশেষ