- আটলান্টার সম্মেলন দিলো লস এঞ্জেলেসে
- সিদ্ধান্ত নেয়নি নায়াগ্রা সম্মেলন
- মনট্রিয়লের সম্মেলন গেলো ফ্লোরিডায়
লেবার ডে উকেন্ড ঘিরে বিগত বছরগুলোর মতো এবারো নানা আয়োজনে বিভক্ত বাংলাদেশ এসোসিয়েশন ইন নর্থ আমেরিকা (ফোবানা)-এর তিনটি সম্মেলন অনুষ্ঠিত হলো উত্তর আমেরিকার তিন রাজ্যে। গত ২৯, ৩০ ও ৩১ আগষ্ট অনুষ্ঠিত এবারের সম্মেলন ছিলো ৩৯তম ফোবানা কনভেনশন। এই তিনটি সম্মেলনের একটি সম্মেলন হয় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যের নায়াগ্রা ফলসে, অপরটি হয় জর্জিয়া রাজ্যের আটলান্টায়। আরেকটি হলো কানাডার মনট্রিয়লে। উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার (২৯ আগষ্ট) ফোবানা সম্মেলন তিনটি শুরু হয়। বিগত বছরগুলোর মতো এবছরের সম্মেলনগুলোতে সেমিনার, আলোচনা, কাব্য জলসা, মেলা প্রভৃতি থাকলেও তবে মূল আকর্ষণ ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে। এছাড়াও সম্মেলনগুলোতে ছিলো তথা কথিত ‘কমিউনিটির কল্যাণে ভালো কাজের স্বীকৃতি’ স্বরূপ ‘অ্যাওয়ার্ড/প্ল্যাক’ প্রদান পর্ব। সম্মেলনগুলোর অনুষ্ঠানগুলোতে মূলধারার রাজনীতিক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। রোববার (৩১ আগষ্ট) রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিভক্ত তিনটি সম্মেলনের সমাপ্তি ঘটে।
এদিকে বিভক্ত ফোবানার তিনটি সম্মেলনের স্টিয়ারিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামী বছরও পৃথক তিনটি স্থানে ৪০তম ফোবানা সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। আটলান্টা সম্মেলন থেকে আগামী বছরের (২০২৬) সম্মেলন ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসে এবং ২০২৭ সালের সম্মেলনের জন্য টেক্সাসের হিউস্টন আর মন্ট্রিয়ল সম্মেলন থেকে আগামী সম্মেলন (২০২৬) ফ্লোরিডায় হবে বলে ঘোষণা করা হয়েছে।
অপরদিকে নায়াগ্রা ফলস সম্মেলনের স্টিয়ারিং কমিটির সভায় নতুন কমিটি (আংশিক) গঠন করা হলেও আগামী বছর সম্মেলনের নতুন ভেন্যু কোথায় হবে বা আয়োজক সংগঠন হবে কোন সংগঠন সে ব্যাপারে কোন সিদ্ধান্ত হয়নি। ২০২৬ সালের ফোবানা সম্মেলনের ভেন্যুর বিষয়ে নতুন কমিটি পরবর্তীতে সিদ্ধান্ত নেবে। নায়াগ্রায় অনুষ্ঠিত ৩৯তম ফোবানা কনভেনশনের স্টিয়ারিং কমিটির সভায় আগামী ২০২৬-২০২৭ সালের জন্য গিয়াস আহমেদ চেয়ারম্যান, ফিরোজ আহমেদ এক্সিকিউটিভ মেম্বার সেক্রেটারী, কাজী সাখাওয়াত হোসেন আজম সিনিয়র ভাইস চেয়ারম্যান, শাহাব উদ্দিন সাগর জয়েন্ট এক্সিকিউটিভ মেম্বার সেক্রেটারী এবং ওয়াহিদ কাজী এলিন ট্রেজারার নির্বাচিত হয়েছেন। স্টিয়ারিং কমিটির প্রথম সদস্য পদাধিকার বলে সদ্য বিদায়ী চেয়ারম্যান শাহ নেওয়াজ। নতুন কমিটির নির্বাচিত ছয় জন এবং তিন জন সাবেক চেয়ারম্যান যথাক্রমে মোহাম্মদ হোসেন খান, আলী ইমাম, ডা. মাসুদুর রহমান ও সদ্য বিদায়ী চেয়ারম্যান শাহ নেওয়াজ মিলে পূর্নাঙ্গ স্টিয়ারিং কমিটি গঠন এবং পরবর্তী কনভেনশনের স্থান পরে ঘোষণা করবেন বলে শাহাব উদ্দীন সাগর জানিয়েছেন।
উল্লেখ্য, উত্তর আমেরিকা প্রবাসী বাংলাদেশীদের এক ছাতার নীচে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ১৯৮৭ সালে অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘ফোবানা’ প্রতিষ্ঠা হয়। বৃহৎ এই সংগঠনটি তার কর্মকান্ডের মাধ্যমে দেশ ও প্রবাসের একটি ‘আইকনিক’ সংগঠনে পরিণত হলেও পরবর্তীতে নেতৃবৃন্দের ব্যক্তিগত ইগো, রাজনৈতিক মতপার্থক্য সহ ফোবানা গঠনতন্ত্র না মানার কারণে সংগঠনটি বিভক্ত হয়ে পড়ে। আর বিভক্তির ফলে ফোবানা হারিয়েছে তার ঐতিহ্য। সাধারণ প্রবাসীদের একটিই দাবী যেকোন মূল্যে ঐক্যবদ্ধ ফোবানা।
নায়াগ্রা ফলস ফোবানা:
নায়াগ্রা ফলস থেকে বিশেষ প্রতিনিধি জানান, নিউইয়র্কের নায়াগ্রা ফলসের ‘শেরাটন নায়াগ্রা ফলস’-এ শুক্রবার (২৯ আগষ্ট) এই সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ থেকে আগত অধ্যাপক ড. সলিমুলাস্নাহ খান। এ সম্মেলনে যোগ দেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মুহাম্মদ মোজাম্মেল হক ও ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান শাহ নেওয়াজ। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব কাজী আজম। সম্মেলনের বিভিন্ন পর্বে আমন্ত্রি অতিথি ছাড়াও ফোবানার কর্মকর্তা গিয়াস আহমেদ, আলী ইমাম মজুমদার, আবু জোবায়ের দারা, মইনুল হক চৌধুরী হেলাল ও ফিরোজ আলম শুভেচ্ছা বক্তব্য রাখেন। এই সম্মেলনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর, আতিয়া আনিসা ও রেশমী মির্জা। এছাড়াও প্রবাসের জনপ্রিয় শিল্পীদের মধ্যে রানো নেওয়াজ, শাহ মাহবুব, কামরুজ্জামান বকুল, অনিক রাজ প্রমুখ সঙ্গীত পরিবেশন করেন। উপস্থাপনায় ছিলেন সোনিয়া সিরাজ।
আটলান্টা ফোবানা:
আটলান্টা থেকে হেলাল উদ্দীন রানা জানান, জর্জিয়া অঙ্গরাজ্যের লেফটেন্যান্ট গভর্নর বার্ট জোনস বলেছেন, শুধু জর্জিয়াতেই নয়, সর্বত্রই বাংলাদেশীরা একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় কমিউনিটি। ফোবানার মাধ্যমে ‘গ্যাস সাউথ কনভেনশন সেন্টার’-এ বাংলাদেশীদের যে সমাবেশ ঘটেছে তা এ কমিউনিটির ঐক্য ও সংহতির প্রমাণ বহন করে। শনিবার (৩০ আগষ্ট) সকালে শুরু হওয়া ফোবানা সম্মেলনের বিজনেস নেটওয়ার্ক পর্বে এসব কথা বলেন তিনি। বিজনেস নেটওয়ার্ক লাঞ্চে সভাপতিত্ব করেন হোস্ট কমিউনিটির চেয়ারপার্সন ডিউক খান। এসময় বক্তব্য রাখেন আবীর আলমগীর, মোহাম্মদ আলমগীর, মাহবুবুর রহমান ভুইয়া ও নাহিদুল খান সাহেল। আলোচনা পর্বে আরও মতবিনিময় করেন ফোবানা লোকাল কমিটির প্রেসিডেন্ট ডিউক খান, ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ডিএম সালাউদ্দিন মাহমুদ, মায়ামির কনসাল জেনারেল মিস সেহেলি সাবরিন, জর্জিয়া স্টেট সিনেটর গেইভ ওকিই, ষ্টেট সিনেটর শেখ রহমান, ফোবানার সাবেক চেয়ারম্যান রেহান রেজা, ব্যবসায়ী ও শিল্পপতি গোলাম ফারুক ভুইয়া, ফোবানা’র সিনিয়র কো-কনভেনর কাজী নাহিদ, চীফ কো-অর্ডিনেটর এম মৌলা দিলু, কাব্য জলসা ও সাহিত্য সভা কমিটির চেয়ারম্যান আবু লিয়াকত হুসেন প্রমুখ।
এর আগে লেফটেন্যান্ট গভর্নর ফোবানা সম্মেলনের প্রধান মঞ্চ এবং বিভিন্ন হল জুড়ে ছড়িয়ে থাকা স্টল ঘুরে দেখেন। তিনি আয়োজকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন এবং অভিবাদন বিনিময় করেন।
‘বাংলা ধারা’ আয়োজিত তিন দিনব্যাপী এ ফোবানা সম্মেলন শুক্রবার শুরু হয়। রোববার (৩১ আগষ্ট) সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এর সমাপ্তি ঘটে। অংশগ্রহণকারীদের মতে, সাম্প্রতিক সময়ের সবচেয়ে জমজমাট ফোবানা আয়োজন এটি। ব্যবসায়ী ও শিল্পপতি গোলাম ফারুক ভুইয়া বলেন, এ সম্মেলনের প্রাণচাঞ্চল্য ও ব্যাপক উপস্থিতি প্রমাণ করে বাংলাদেশী কমিউনিটি উত্তর আমেরিকায় কতটা শক্তিশালী হয়ে উঠেছে।
ফোবানার সাবেক আহ্বায়ক নার্গিস আহমেদ জানান, উত্তর আমেরিকায় বাংলাদেশীদের ঐক্য ও অংশগ্রহণ সবসময়ই অনুপ্রেরণার উৎস।
এবারের ফোবানা উপলক্ষে যুক্তরাষ্ট্রজুড়ে বাংলা সংবাদমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকসহ প্রায় দুই ডজন মিডিয়া ব্যক্তিত্ব সমবেত হয়েছেন আটলান্টায়। ফলে লেবার ডে উইকেন্ডে পুরো আটলান্টা শহর হয়ে উঠেছে বাংলাদেশীময়।
কাব্যজলসা: আটলান্টায় অনুষ্ঠিত হলো ফোবানার বর্ণাঢ্য কাব্যজলসা। কবিতা পাঠ, বক্তব্য আর সাহিত্যচর্চার উচ্ছ্বাসে ভরে উঠেছিল পুরো আয়োজন। এতে সভাপতিত্ব করেন কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু লিয়াকত হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রিজোয়ান আহমেদ হৃদয়। কাব্যজলসার প্রধান অতিথি ছিলেন কবি ও বাচিক শিল্পী ড. ভাস্বর বন্দোপাধ্যায়। তিনি বলেন, প্রবাসের মাটিতেও কবিতা মানুষের হৃদয়ে নতুন বীজ বোনে। কাব্যই পারে ভিন্ন সংস্কৃতিকে একত্র করতে।
আলোচনা করেন, বক্তব্য রাখেন এবং কবিতা পাঠে অংশ নেন রাশেদ চৌধুরী, মৃদুল রহমান, জুয়েল সাদাত, কৃষন রয়, পংকজ কুমার, হেলাল উদদীন রানা, জাফরিন ফরিদ, সোহানা তুলি, সেলিনা মলি, ইকবাল এমদাদ জুয়েল, জুনায়েদ আকতার, আনিস আহমেদ, জাকিয়া তৌফিক, নাসিম জাফর, সরোয়ার কামাল,কাকলি বিশ্বাস, মাহমুদ মোরশেদ আনোয়ার, মোস্তাফিজুর রহমান, নাহিদ শারমিন, আবীর আলমগীর, সুমিত্রা পন্ডিত, ফাহমিদা হোসেন শম্পা, তামান্না জেসমিন এবং ওমর কায়সার। প্রত্যেকে কবিতার ভূমিকায় ব্যক্তিগত অনুভূতি আর সাহিত্য ভাবনার কথা তুলে ধরেন।
এক পর্যায়ে একে একে শুরু হয় কবিতা পাঠ। প্রবাসী জীবনের টানাপোড়েন, জন্মভূমির স্মৃতি, ভালোবাসা, মানবতা আর সমকালীন সমাজ নিয়ে আবৃত্তি করেন কবি-লেখকরা। মুগ্ধ শ্রোতারা বারবার করতালি দিয়ে কবিদের উজ্জীবিত করেন। অনুষ্ঠান শেষে আবু লিয়াকত হোসেন বলেন, ‘ফোবানার কাব্যজলসা শুধু কবিতা নয়, এটি প্রবাস জীবনে আমাদের সংস্কৃতির শিকড়কে ধরে রাখার এক মহোৎসব।’
প্রবাসের মাটিতে কবিতা ও সাহিত্যের এমন প্রাণোচ্ছল আসর একে অপরকে আরও কাছাকাছি এনে দিলো এমন মন্তব্য করেন অনেক উপস্থিত সাহিত্যপ্রেমী। কাব্য জলসা অনুষ্ঠানে তিনটা বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
আটলান্টা ফোবানায় প্রবাসীদের প্রাণবন্ত উচ্ছ্বাস
অপরদিকে আটলান্টা থেকে জুয়েল সাদাত জানান, শুক্রবার সন্ধ্যায় শুরু হওয়া আটলান্টা ফোবানা তিনদিনের প্রবাসী বাংলাদেশীদের নন-প্রফিট কনভেনশন হিসেবে রূপান্তরিত হয়েছে। ২৮টি স্টেট থেকে ৮৭টি সদস্য সংগঠনের প্রতিনিধি এই মিলনমেলায় অংশগ্রহণ করেছেন। বিশেষ করে তরুণদের সক্রিয় উপস্থিতি এবারের ফোবানাকে আরও প্রাণবন্ত করেছে।
ফোবানা ৩৯ বছর ধরে প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে প্রমোট করে আসছে। কনভেনর নাহিদুল খান সাহেল বলেন, আমরা সর্বাত্মক চেষ্টা করেছি, কমিউনিটির সহযোগিতাও পেয়েছি। মেম্বার সেক্রেটারী মাহবুব ভুইয়া বলেন, ‘কনভেনশনের মধ্যেই আমরা, আশা করি সবাই অনুষ্ঠান উপভোগ করছেন।
সিনিয়র কো-কনভেনর কাজী নাহিদ যোগ করেন, ‘ছোটখাট সমস্যা আমরা ঠিক করেছি, সব কিছুই ভালোভাবে চলছে। নিউইয়র্কের ফোবানা সংগঠক নার্গিস সুলতানা বলেন, ‘আটলান্টা ফোবানা চমৎকার আবহাওয়ায় উপভোগ করা যাচ্ছে।
ওরল্যান্ডোর প্রতিনিধি বাবুল হাই জানান, ফোবানা মূলত মিলনমেলা। বছরে একবার আমরা একত্রিত হই। মায়ামির মিম খান বলেন, ফোবানা মানেই জমজমাট কমিউনিটি গেটটুগেদার। সবই দৃশ্যমান। নিউইয়র্কের পুলক মাহমুদ বলেন, ফোবানা শুধু গান-সঙ্গীত নয়, এটি বাংলাদেশের সুনাম বিশ্বে ছড়াচ্ছে।
ফোবানা’র নব নির্বাচিত এক্সিকিউটিভ সেক্রেটারী শিকাগোর খালেদ আহমদ রউফ জানান, ফোবানা ৩৯ বছর ধরে উত্তর আমেরিকার কমিউনিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আটলান্টা কনভেনশন বহুমাত্রিকভাবে সফল হয়েছে।
মিশিগানের জাবেদ চৌধুরী বলেন, প্রথম দিনের অনুষ্ঠানগুলো চমৎকার ছিল, সব কিছুই ভালোভাবে হচ্ছে। ডালাসের হাসমত মোবিন যোগ করেন, ফোবানা দিন দিন প্রসারিত হচ্ছে। নতুন প্রজন্মের হাতে এ উদ্যোগ এগোচ্ছে। ভার্জিনিয়ার সামসুদ্দিন বলেন, ইউথদের অংশগ্রহণ আমাদের জন্য অনুপ্রেরণার। সব কিছুই চমৎকার হয়েছে।
ফোবানার দ্বিতীয় দিনে ইউথদের জন্য সেমিনার আয়োজন করা হয়। খালেদ মহিউদ্দিনের সেমিনার এবং গণমাধ্যম স্বাধীনতা নিয়ে আলোচনা সেশন দর্শকপ্রিয় হয়ে ওঠে।
খাবার ও কাপড়ের স্টলে ছিল উপচে পড়া ভিড়। দেশীয় কাপড়ের ব্র্যান্ড ‘টুয়েলভ’ নিয়ে উপস্থিত অভিনেতা ও আবৃত্তিকার টনি ডায়াস বলেন, ‘প্রবাসীরা বিদেশি কাপড় বেশি কিনছেন। দেশীয় কাপড়ের প্রচার করা উচিত।’
বিকেল ৪টায় শুরু হওয়া কাব্য জলসাতেও দর্শক উপচে পড়ে। শতাধিক কবির অংশগ্রহণে আটলান্টার সাহিত্যপ্রেমীরা অনুষ্ঠানটি উপভোগ করেন। ফোবানার দ্বিতীয় দিন সকাল থেকেই কনভেনশন জমজমাট হয়ে ওঠে।
মন্ট্রিয়ল ফোবানা:
মন্ট্রিয়ল থেকে বিশেষ প্রতিনিধি জানান, নানা আয়োজনে উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশীদের সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজন বাংলাদেশ এসোসিয়েশন ইন নর্থ আমেরিকা-ফোবানা সম্মেলন কানাডার মন্ট্রিয়লে অনুষ্ঠিত হয়। এবার ফোবানার ৩৯তম আসরের আয়োজক ছিলো কানাডা বাংলাদেশ সলিডারিটি। শুক্রবার মন্ট্রিয়লে তিনদিনব্যাপী ফোবানার উদ্বোধন করেন বাংলাদেশের জনপ্রিয় নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। সম্মেলন চলে রোববার রাত পর্যন্ত। সম্মেলনগুলোতে স্থানীয় শিল্প সহ বাংলাদেশ থেকে আগত শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।
বাংলাদেশ, কানাডা ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে শুরু হয় তিনদিনব্যাপী ফোবানা সম্মেলন। শুক্রবার ফোবানার প্রথম দিনে গালা নাইটে পাঁচ শতাধিক আমন্ত্রিত অতিথি যোগ দেন। ছিলেন যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন শহর থেকে এবং বাংলাদেশ থেকে আগত শিল্পীরা। তাদের গল্প-আড্ডায় অভাবনীয় এক মেলবন্ধনের সৃষ্টি হয়। সম্মেলনের এবারের স্লোগান ছিলো ‘বাংলাদেশের ঐতিহ্যে আলোকিত মন্ট্রিয়ল’।
আয়োজকরা জানান, তিনদিনের অনুষ্ঠান থরে থরে সাজানো হয়েছিলো বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যের নানা অনুষ্ঠান। গান-নাচের পাশাপাশি ছিলো শিল্প, সাহিত্য ও অর্থনীতি নিয়ে সেমিনার। অনুষ্ঠানে আয়োজক কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেওয়া হয়। পরে সমবেত কণ্ঠে ফোবানার থিম সং গেয়ে শোনান সংগীত শিল্পীরা।
সম্মেলনের বিভিন্ন পর্বে বক্তব্য রাখেন ফোবানা এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আতিকুর রহমান, সাবেক চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, এবারের সম্মেলনের কনভেনর জিয়াউল হক জিয়া, এক্সিকিউটিভ সেক্রেটারী নিহাল রহিম প্রমুখ।