নিউইয়র্ক ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার | ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
অ্যাসাইলাম প্রত্যাশীদের জন্য খুলে দেওয়া হচ্ছে ঐতিহাসিক রুজভেল্ট হোটেল: মেয়র অ্যাডামস
প্রকাশিত: ১৫ মে ২০২৩, ১৯:০৫
নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, নিউইয়র্ক সিটিতে যত অ্যাসাইলাম প্রত্যাশি এসে পৌঁছাবে তাদের জন্য ইনটেক সেন্টার বসানো হচ্ছে। এ সপ্তাহের পরের দিকে যে কোনো দিন নগরীর ঐতিহাসিক রুজভেল্ট হোটেল খুলে দিয়ে সেখানেই পরিচালনা করা হবে এই ইনটেক সেন্টার।
ইনটেক সেন্টার থেকে নগরীতে নতুন পৌঁছানো অ্যাসাইলাম প্রার্থীদের নগরীর স্কুলগুলোতে ভর্তি, স্বাস্থ্যবিমা, আইনি সহায়তা ও স্বাস্থ্যসেবাসমূহ দেওয়া হবে।
প্রায় তিন বছর ধরে বন্ধ থাকা রুজভেল্ট হোটেলটিই এখন আবার সচল হতে চলেছে এই অ্যাসাইলাম প্রত্যাশিদের আনাগোনায়। এটাই হবে তাদের যোগাযোগের কেন্দ্রস্থল। এখান থেকেই নগর কর্তৃপক্ষ পরে অ্যাসাইলাম প্রত্যাশিদের বিভিন্ন হোমলেস সেন্টারে কিংবা নয়টি শরণার্থী ক্যাম্পে নিয়ে যাবে। হিউম্যানিটারি এমার্জেন্সি রেসপন্স অ্যান্ড রিলিফ সেন্টারস নামেই ডাকা হয় এই ক্যাম্পগুলোকে।
মিডটাউনের মেডিসন এভিনিউর ৪৫ স্ট্রিটে এই রুজভেল্ট হোটেল। কোভিড প্যানডেমিক শুরুর গোড়ার দিকেই হোটেলটি বন্ধ হয়ে যায়, যা আর চালু করা সম্ভব হয়নি।
হোটেলটির ১৭৫টি কক্ষে শিশুদের পরিবারগুলোকে থাকার প্রাথমিক ব্যবস্থা করা হবে। এছাড়া হোটেলে ১০০০ কক্ষের মধ্যে ৮৫০টি কক্ষই অ্যাসাইলাম প্রার্থীদের প্রাথমিক গৃহায়ণে খুলে দেওয়া হবে বলে জানান সিটি মেয়র।
এছাড়াও নিউ ইয়র্কে অ্যাসাইলাম প্রার্থীদের চাপ সামলাতে নেওয়া পরিকল্পনার অংশ হিসেবে শিগগিরই নবম একটি শরণার্থী ক্যাম্প খোলার ঘষণা দিয়েছেন মেয়র এরিক অ্যাডামস।
নগর কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত ৬৫ হাজার অ্যাসাইলাম প্রার্থী নিউইয়র্কে পৌঁছেছে। ২০২২ সালের মাঝামাঝি থেকে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট বাসে উঠিয়ে দিয়ে এই অ্যাসাইলাম প্রত্যাশিদের নিউইয়র্ক ও ওয়াশিংটনসহ বিভিন্ন শহরে পাঠাতে শুরু করেন।
ঘোষণায় মেয়র এই চাপ সামলানোর জন্য কেন্দ্রীয় ও স্টেটের অর্থনৈতিক সহায়তা ও অ্যাসাইলাম প্রার্থীদের অন্যান্য চাহিদা পূরণে সহযোগিতা চান।