নিউইয়র্ক ২৫ নভেম্বর ২০২৬, বুধবার | ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মেডিকেইডের নতুন শর্ত পূরণে আরও ৬ মাস সময় পাবেন নিউইয়র্কের বাসিন্দারা
নিউইয়র্কে ফের বাড়তে পারে সাবওয়ে ও বাসের ভাড়া : ২০২৭ ও ২০২৯ সালে ভাড়া ও টোল ৪ শতাংশ বাড়ানোর পরিকল্পনা
নিউইয়র্কে স্টুডেন্ট লোন মওকুফের কর্মসূচিতে আবেদন শুরু
মেডিকেইডের নতুন শর্ত পূরণে আরও ৬ মাস সময় পাবেন নিউইয়র্কের বাসিন্দারা
বাংলা পত্রিকা রিপোর্ট: প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১১
ছবি: প্রতীকী ও সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের নতুন মেডিকেইড নীতিমালার আওতায় কাজের শর্ত বা ওয়ার্ক রিকোয়ারমেন্ট পূরণের জন্য আরও ছয় মাস সময় পাচ্ছেন নিউইয়র্কের বাসিন্দারা। ট্রাম্প প্রশাসনের দেওয়া বিশেষ ছাড় গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল। এর ফলে আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন নিয়ম কার্যকর হলেও ৩০ জুন পর্যন্ত শুধু কাজের শর্ত পূরণ করতে না পারার কারণে যোগ্য গ্রাহকদের মেডিকেইড কাভারেজ বাতিল করা হবে না। একই সঙ্গে স্বাস্থ্যবিমার আবেদন, রিনিউয়াল ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার ক্ষেত্রে সহায়তা বাড়াতে পাঁচ বছরের জন্য ২১ কোটি ৩০ লাখ ডলারের কর্মসূচি ঘোষণা করেছে স্টেট প্রশাসন। নতুন ফেডারেল নিয়মের কারণে নিউইয়র্ক স্টেটের প্রায় ২০ লাখ মানুষ স্বাস্থ্যবিমা হারানোর ঝুঁকিতে রয়েছেন। তাঁদের মধ্যে নিউইয়র্ক সিটির বাসিন্দা ৯ লাখের বেশি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গভর্নর হোকুলের ঘোষণার বরাত দিয়ে গথামিস্ট জানিয়েছে, ফেডারেল সরকারের ‘হোল্ড হার্মলেস পিরিয়ড’ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নিউইয়র্ক স্টেট। এই ব্যবস্থার আওতায় ২০২৭ সালের প্রথম ছয় মাস নতুন ওয়ার্ক রিকোয়ারমেন্ট পূরণ না করার কারণে মেডিকেইড গ্রাহকদের কাভারেজ বাতিল বা ওই কারণে নতুন আবেদন প্রত্যাখ্যান করা হবে না। তবে অন্যান্য যোগ্যতার শর্ত এবং নিয়মিত রিনিউয়াল প্রক্রিয়া বহাল থাকবে। ২০২৫ সালে পাস হওয়া ফেডারেল আইন এইচআর-১ অনুযায়ী, নির্দিষ্ট ক্যাটাগরির ১৯ থেকে ৬৪ বছর বয়সী মেডিকেইড গ্রাহকদের প্রতি মাসে অন্তত ৮০ ঘণ্টা কাজ, চাকরির প্রশিক্ষণ, অনুমোদিত শিক্ষামূলক কার্যক্রম কিংবা স্বেচ্ছাসেবায় অংশগ্রহণ করতে হবে। বিকল্পভাবে নির্ধারিত পরিমাণ ইনকামের প্রমাণ দিয়েও শর্ত পূরণের সুযোগ রয়েছে। তবে নির্দিষ্ট বয়স, স্বাস্থ্যগত অবস্থা, সন্তান লালন-পালন এবং অন্যান্য যোগ্যতার ভিত্তিতে কিছু গ্রাহক এই নিয়ম থেকে অব্যাহতি পাবেন। নতুন শর্ত আগামী বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে ফেডারেল সেন্টারস ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইড সার্ভিসেসের (সিএমএস) দেওয়া ছয় মাসের বিশেষ সুযোগ গ্রহণ করায় নিউইয়র্কের বাসিন্দারা নিয়মটি পুরোপুরি বাস্তবায়নের আগে অতিরিক্ত সময় পাচ্ছেন। এই সময়ের মধ্যে স্টেট প্রশাসন নতুন শর্ত সম্পর্কে গ্রাহকদের সচেতন করা, কাজের তথ্য যাচাই এবং অব্যাহতির যোগ্যতা নির্ধারণের ব্যবস্থা প্রস্তুত করবে। গভর্নর হোকুল বলেছেন, নতুন ফেডারেল নিয়মের প্রশাসনিক জটিলতার কারণে যোগ্য নিউইয়র্কবাসীদের স্বাস্থ্যবিমা হারানো উচিত নয়। তাঁর প্রশাসন মানুষের স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে অতিরিক্ত সময়ের সুযোগ কাজে লাগাবে এবং প্রয়োজনীয় সহায়তা বাড়াবে। নিউইয়র্ক স্টেটে প্রায় ৬০ লাখ মানুষ মেডিকেইড সুবিধা পান। গভর্নরের অফিসের হিসাবে, নতুন নিয়মের কারণে তাঁদের মধ্যে প্রায় ২০ লাখ মানুষের কাভারেজ ঝুঁকিতে পড়তে পারে। তবে এর অর্থ এই নয় যে ২০ লাখ মানুষের স্বাস্থ্যবিমা ইতোমধ্যে বাতিল হয়েছে কিংবা সবাই নিশ্চিতভাবে কাভারেজ হারাবেন। নিউইয়র্ক স্টেটের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের অফিসের পূর্বাভাস অনুযায়ী, নতুন কাজের শর্ত ও আরও ঘন ঘন যোগ্যতা যাচাইয়ের সম্মিলিত প্রভাবে অতিরিক্ত ৪ লাখ ৭৫ হাজার মানুষ স্বাস্থ্যবিমাবিহীন হয়ে পড়তে পারেন। এতে স্টেটে স্বাস্থ্যবিমাবিহীন মানুষের সংখ্যা প্রায় ৪৫ শতাংশ পর্যন্ত বাড়ার আশঙ্কা রয়েছে। নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, সিটির ৯ লাখের বেশি বাসিন্দা নতুন নিয়মের কারণে মেডিকেইড হারানোর ঝুঁকিতে রয়েছেন। গভর্নরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেছেন, অতিরিক্ত ছয় মাস সময়ে স্টেট ও ফেডারেল সরকারের সঙ্গে কাজ করে সংশ্লিষ্ট গ্রাহকদের নতুন নিয়ম বুঝতে এবং স্বাস্থ্যবিমা বজায় রাখতে সহায়তা দেওয়া হবে। এদিকে ব্রঙ্কসের বাসিন্দাদের জন্য পৃথক ছাড়ের উদ্যোগ নিয়েছে হোকুল প্রশাসন। উচ্চ বেকারত্বের হার বিবেচনায় ব্রঙ্কসের প্রযোজ্য মেডিকেইড গ্রাহকদের নতুন কাজের শর্ত থেকে সাময়িক অব্যাহতি দিতে ফেডারেল সরকারের কাছে আবেদন জমা দেওয়া হয়েছে। ফেডারেল আইনে উচ্চ বেকারত্বের হার রয়েছে এমন কাউন্টির বাসিন্দাদের বিশেষ অব্যাহতি দেওয়ার সুযোগ রয়েছে। গভর্নরের অফিসের হিসাবে, নিউইয়র্ক স্টেটে ব্রঙ্কসই বর্তমানে একমাত্র কাউন্টি, যেটি এই মানদণ্ড পূরণ করছে। তবে ব্রঙ্কসের জন্য বিশেষ ছাড় এখনো অনুমোদিত হয়নি। সিএমএস আবেদন মঞ্জুর করলে নির্ধারিত সময় পর্যন্ত যোগ্য বাসিন্দারা এই সুবিধা পাবেন। নতুন নিয়ম নিয়ে মেডিকেইড গ্রাহকদের মধ্যে উদ্বেগও রয়েছে। বুধবার ব্রঙ্কসের ফোর্ডহ্যাম ইউনিভার্সিটিতে গথামিস্ট ও ডব্লিউএনওয়াইসির আয়োজিত স্বাস্থ্যসেবাবিষয়ক আলোচনায় ব্রুকলিনের বাসিন্দা ও পার্টটাইম সোশ্যাল ওয়ার্কার সারাহ হুইটলক জানান, তিনি সব মাসে ৮০ ঘণ্টা কাজ করেন না। তবে ১৪ বছরের কম বয়সী সন্তান থাকায় তিনি অব্যাহতির যোগ্য হতে পারেন। তা সত্ত্বেও প্রয়োজনীয় প্রমাণ কীভাবে এবং কোথায় জমা দিতে হবে, তা নিয়ে তিনি অনিশ্চিত। স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, নতুন নিয়মের কারণে যোগ্য গ্রাহকরাও কাগজপত্রের জটিলতায় কাভারেজ হারালে সরকারি হাসপাতালগুলোর ওপর অতিরিক্ত চাপ তৈরি হবে। এনওয়াইসি হেলথ অ্যান্ড হসপিটালসের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী ডা. মিচেল কাটজ জানিয়েছেন, স্বাস্থ্যবিমাবিহীন রোগীর সংখ্যা বাড়লে বিশেষজ্ঞ চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পেতে অপেক্ষার সময় দীর্ঘ হতে পারে। নিউইয়র্ক সিটির স্বাস্থ্য কমিশনার ডা. অ্যালিস্টার মার্টিন বলেছেন, চিকিৎসার ব্যয় বহন করতে না পারলে অনেকে প্রয়োজনীয় চিকিৎসা পিছিয়ে দেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের হাসপাতালের ইমার্জেন্সিতে যেতে হয়। এ ধরনের পরিস্থিতি এড়াতে সিটি প্রশাসন কমিউনিটি সংগঠন ও স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সঙ্গে কাজ করছে। মেডিকেইড গ্রাহকদের সহায়তায় নতুন নেভিগেটর কর্মসূচিতেও বিনিয়োগ বাড়াচ্ছে স্টেট প্রশাসন। পাঁচ বছরের জন্য ২১ কোটি ৩০ লাখ ডলারের এই কর্মসূচির প্রথম পর্যায়ে ৪৯টি কমিউনিটি সংগঠন ও ২২টি সহযোগী প্রতিষ্ঠানের জন্য বছরে ৩ কোটি ২০ লাখ ডলার বরাদ্দ দেওয়া হচ্ছে। আগামী বছরের শুরুতে আরও ১ কোটি ৬ লাখ ডলার বার্ষিক বরাদ্দের পরিকল্পনা রয়েছে। এতে কর্মসূচিটির মোট বার্ষিক অর্থায়ন দাঁড়াবে ৪ কোটি ২৬ লাখ ডলার। এসব সংস্থার প্রশিক্ষিত কর্মীরা মেডিকেইডের নতুন আবেদন, রিনিউয়াল, ইনকাম যাচাই এবং কাজের শর্ত থেকে অব্যাহতির প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে বিনামূল্যে সহায়তা দেবেন। বর্তমানে নিউইয়র্ক স্টেটে ৯ হাজারের বেশি প্রশিক্ষিত স্বাস্থ্যবিমা সহায়তাকারী রয়েছেন। তবে অতিরিক্ত ছয় মাস সময় পাওয়ার অর্থ মেডিকেইডের সব নিয়ম স্থগিত হওয়া নয়। এই সময়েও স্টেট প্রশাসন গ্রাহকদের নতুন কাজের শর্ত ও অব্যাহতির যোগ্যতা যাচাই করবে। অন্যান্য যোগ্যতার শর্ত পূরণ না করলে কিংবা নিয়মিত রিনিউয়ালের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন না হলে কাভারেজে প্রভাব পড়তে পারে। এ কারণে মেডিকেইড গ্রাহকদের বর্তমান ঠিকানা, ফোন নম্বর ও ইমেইল হালনাগাদ রাখার পরামর্শ দিয়েছে স্টেট প্রশাসন। পাশাপাশি নিউইয়র্ক স্টেট অব হেলথ থেকে পাঠানো চিঠি ও নোটিশ নিয়মিত পরীক্ষা করতে বলা হয়েছে।